নগরে মৌসুমি রোগের প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে গরমজনিত রোগ-শোকের প্রকোপও দেখা দিয়েছে নগরে। উদরাময় (ডায়রিয়া) ছাড়াও গরম-ঠান্ডা মিলে নিউমোনিয়া রোগীর সংখ্যাও বাড়ছে হাসপাতালগুলোতে। বিশেষ করে শিশুরাই এসব মৌসুমি রোগবালাইয়ের শিকার হচ্ছে অধিক হারে। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ডায়রিয়া রোগীরা ভিড় করছে। হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগে গত তিন দিনে অন্তত ৫০ জন রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া নিউমোনিয়াজনিত রোগীও কিছু কিছু আসছে বলে চিকিৎসকেরা জানান। এ প্রসঙ্গে জানতে চাইলে শিশুস্বাস্থ্য ওয়ার্ডের সহকারী অধ্যাপক বাসনা মুহুরী বলেন, প্রতিদিন গড়ে ১৫-১৬ জন ডায়রিয়া রোগী পাওয়া যাচ্ছে। চিকিৎসকদের চেম্বারেও আসছে কেউ কেউ। গরম, খাওয়া-দাওয়ার অনিয়ম, ধুলোবালু ইত্যাদি কারণে এই রোগ হচ্ছে। তবে অভিভাবকেরা আগের তুলনায় অনেক সচেতন হওয়ায় অনেকের হাসপাতাল পর্যন্ত আসতে হচ্ছে না। নিজেরাই ওরস্যালাইন খাওয়ানোসহ প্রয়োজনীয় যত্ন নিচ্ছেন।জানা যায়, শিশুদের পাশাপাশি বড়রাও গরমজনিত ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। চমেক হাসপাতালের তিন মেডিসিন বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি ওয়ার্ডে পাঁচ-সাতজন করে ডায়রিয়া রোগী প্রতিদিন ভর্তি হচ্ছে। একইভাবে মা ও শিশু জেনারেল হাসপাতালেও ভিড় করছে অনেক ডায়রিয়া রোগী। হাসপাতালের ২০০ শয্যার মধ্যে বর্তমানে এক-তৃতীয়াংশই ডায়রিয়া রোগী বলে জানা গেছে। এ প্রসঙ্গে হাসপাতালের অধ্যাপক নুরুল ইসলাম খান বলেন, ‘এটা ডায়রিয়ার সময়। তীব্র গরমের কারণে দ্রুত খাবার নষ্ট হয়ে যায়। সুপেয় পানিরও অভাব। তাই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে শিশুরা এর শিকার হচ্ছে বেশি।’ এদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগেও দিন দিন ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গতকাল এই ওয়ার্ডের ২৭ রোগীর মধ্যে পাঁচজনই ছিল ডায়রিয়া রোগী। এ প্রসঙ্গে হাসপাতালের পরামর্শক ডা. একরামুল হক বলেন, ‘ইদানীং ডায়রিয়ার প্রবণতা বাড়ছে। রোগীও আসছে। সামনে এই ধরনের রোগী আরও বেশি আসতে পারে।’এ ছাড়া বিভিন্ন বেসরকারি ক্লিনিকেও এই ধরনের রোগী আসছে বলে জানা গেছে। ডায়রিয়া কিংবা মৌসুমি রোগ থেকে দূরে থাকার জন্য চিকিৎসকেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি পচা-বাসি খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন। এ ছাড়া গরমের কারণে শিশু ঘেমে গেলে দ্রুত তা মুছে দিতে হবে, যাতে শিশুদের ঠান্ডা লেগে না যায়।