নগরে যাত্রা শুরু ডায়মন্ড ওয়ার্ল্ডের
রকমারি নকশার হীরা ও স্বর্ণের অলংকার নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে ডায়মন্ড জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড। গত শুক্রবার দুপুরে জিইসি মোড়সংলগ্ন ইউনুস্কো টাওয়ারের ষষ্ঠ তলায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা, পিএইচপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন, চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ, তাঁর স্ত্রী মেহেরুন আহমেদ, ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক সবিতা ও প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানে হীরার অলংকার দেখতে উৎসুক নারীদের ভিড় দেখা গেছে। উদ্বোধনী দিন উপলক্ষে ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে হীরার অলংকারের ওপর দেওয়া হয় ২০ শতাংশ ছাড়। অনুষ্ঠানের এক ফাঁকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা প্রথম আলোকে বলেন, বার আউলিয়ার পুণ্যভূমি এই চট্টগ্রামকে বন্দরনগরের পাশাপাশি বলা হয় সওদাগরের দেশ। কিন্তু সওদাগরের দেশে মানুষদের হীরা কিনতে যেতে হতো ঢাকা কিংবা দেশের বাইরে। চট্টগ্রামবাসীর হীরার অলংকারের চাহিদা পূরণ করতে এখানেই দেশের সর্ববৃহৎ ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম খোলা হয়েছে।আয়োজকেরা জানান, চার হাজার ৫০০ বর্গফুটের এই শোরুমে আন্তর্জাতিক মানসম্পন্ন ডায়মন্ড ও স্বর্ণের অলংকারের সর্বশেষ নকশার বিশাল সম্ভার রাখা হয়েছে। এর মধ্যে বিশেষ আয়োজন রয়েছে সর্বাধুনিক ও রুচিশীল নকশার বিয়ের অলংকার নিয়ে।