যানজট কমাতে নগরে গাড়ি পার্কিংয়ের স্থান নির্ধারণ করা হচ্ছে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে ২২টি স্থান চিহ্নিত করেছে নগর পুলিশের যানবাহন শাখা। চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ সমন্বয় সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘নগরে পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা আনা জরুরি। তাই আগামী মাসের মাঝামাঝি সময় পরিবহন মালিক-শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আমরা সমন্বয় সভা করে পার্কিংয়ের জায়গা নির্ধারণ করব। মেয়র মহোদয় (আ জ ম নাছির উদ্দীন) এর আগে চিহ্নিত জায়গাগুলো ঘুরে দেখবেন।’
পুলিশের যানবাহন শাখা সূত্র জানায়, পার্কিংয়ের জন্য নগরের উত্তরাংশের চিহ্নিত স্থান হচ্ছে সিআরবির সাত রাস্তা মাথা থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ফটক, স্টেশন রোডের নিজাম হোটেল থেকে পুরোনো স্টেশন, পুরোনো স্টেশন ইয়ার্ড, আউটার স্টেডিয়ামের পূর্ব পাড়, লালদীঘির মাঠ, চট্টগ্রাম কলেজসংলগ্ন প্যারেড কর্নার, কলেজিয়েট স্কুলসংলগ্ন মাঠ, জিইসি মোড়ের কামাল স্টোর ও জিইসি কনভেনশন সেন্টারের সামনে, শপিং কমপ্লেক্সের উত্তর, দক্ষিণ ও পূর্ব পাশ, নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয়ের পাশ, আলমাস সিনেমা হলের সামনে থেকে জমিয়াতুল ফালাহ মসজিদের উত্তর ফটক এবং জমিয়তুল ফালাহ মসজিদের উত্তর-পশ্চিমাংশ।
বন্দর অঞ্চলের স্থানগুলো হলো দেওয়ানহাট থেকে ফায়ার সার্ভিস কার্যালয় পর্যন্ত রাস্তার উভয় পাশ, হালিশহর ওয়াসা কলোনি এলাকা, পাহাড়তলী থানার আলিফ গলি, অলংকার থেকে এ কে খান মোড়, সিপিএআর গেটসংলগ্ন খালি জায়গা, সল্টগোলাসংলগ্ন এছাক ব্রাদার্সের মাঠ ও পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান প্রথম আলোকে বলেন, ‘যত্রতত্র গাড়ি পার্কিং করা যানজট সৃষ্টির অন্যতম কারণ। এ জন্য আমরা নগরের উত্তরাংশ ও বন্দর অঞ্চলের ২২টি জায়গা চিহ্নিত করেছি। আরও কিছু বড় আয়তনের জায়গা খোঁজা হচ্ছে। এসব জায়গায় ছোট গাড়ি পার্কিং করা যাবে। নির্ধারিত জায়গার বাইরে গাড়ি পার্কিং করা হলে আইনগত ব্যবস্থা নিতে আমাদের সুবিধা হবে।’
মাসুদ-উল হাসান আরও বলেন, ‘কিছু জায়গায় পার্কিংয়ের জন্য টাকা দিতে হবে। কিছু জায়গায় টাকা না দিয়ে পার্কিং করা যাবে। তবে টাকার অঙ্ক নির্ধারণ করবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। আর পার্কিংয়ের ক্ষেত্রে পিক ও অফপিক টাইম বিবেচনায় আনা হবে।’
পার্কিংয়ের জায়গা চিহ্নিত করাকে স্বাগত জানিয়ে গণপরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী সুভাষ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন ও পুলিশ খুব ভালো উদ্যোগ নিয়েছে। বিশ্বের সব নগরে গাড়ি চলাচলের জন্য পার্কিং জায়গা চিহ্নিত করে দেওয়া আছে। আমাদের এখানেও দরকার। কিন্তু এই উদ্যোগ কীভাবে বাস্তবায়ন হয় সেটা দেখার অপেক্ষায় রইলাম।’
পরিবহন মালিক ও শ্রমিকেরা দীর্ঘদিন ধরে নগরে পার্কিংয়ের জায়গা চিহ্নিত করার দাবি জানিয়ে আসছিল। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম অঞ্চলের নেতাদের দেওয়া আট দফা দাবির এটি অন্যতম। এই আট দফা দাবিতে আগামী ২৯ নভেম্বর বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে সংগঠনটি।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক সাধারণ সম্পাদক অলি আহামদ প্রথম আলোকে বলেন, ‘ছোট গাড়ির পার্কিংয়ের জায়গার প্রয়োজন নেই। আমাদের দরকার বড় গাড়ির পার্কিং স্পট বা টার্মিনাল। পতেঙ্গা সমুদ্রসৈকতসংলগ্ন কাটগড়, কালুরঘাট সেতু এবং অক্সিজেন মোড়ে টার্মিনাল করে দিলে নগরের যানজট নিয়ন্ত্রণে থাকবে। আর প্রাইম মুভার, কাভার্ড ভ্যান ও ট্রাক টার্মিনালও জরুরি। কিন্তু বড় গাড়ির টার্মিনালের ব্যাপারে অনেক কথা শুনে আসছি। বাস্তবায়নে কোনো উদ্যোগ দেখছি না।’