নগরে শব্দদূষণ বাড়ছে
হাইড্রোলিক হর্নের ব্যবহার যথেচ্ছ। যেখানে-সেখানে মাইক বাজছে যেকোনো সময়। ইট ভাঙার শব্দ, নির্মাণকাজের শব্দ তো প্রতি অলিগলিতে। আর রাতভর বিয়ের অনুষ্ঠানের গানের আসর। এসব হরেক রকমের শব্দযন্ত্রণায় অস্থির হয়ে উঠেছে নগরের লোকজন। শব্দদূষণের প্রভাবে বৃদ্ধ ও শিশুদের হূদরোগ ও শ্রুতিহীনতার মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। নগরের বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তরের পরীক্ষায় দেখা গেছে, শব্দদূষণ সহনীয় মাত্রা অতিক্রম করেছে। দূষণটা বেশি টের পাচ্ছেন শহরতলির চলমান নির্বাচনী এলাকার লোকজন। বেলা দুইটার পর থেকে এসব স্থানে চলে নজিরবিহীন মাইকিং। জানা গেছে, নগরের বিভিন্ন স্থানকে নীরব, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক ও শিল্পএলাকা নামে পাঁচ ভাগে ভাগ করে শব্দদূষণ পরীক্ষা করা হয়। এর মধ্যে নীরব এলাকা ধরা হয়েছে হাসপাতাল, স্কুল-কলেজ ও অফিস-আদালতপাড়াকে। এসব এলাকায় শব্দের সহনীয় মাত্রা হচ্ছে দিনে ৫০ ডেসিবেল ও রাতে ৪০ ডেসিবেল। পরিবেশ আইন অনুযায়ী আবাসিক এলাকায় শব্দের সহনীয় মান দিনের বেলায় ৫৫ ডেসিবেল, মিশ্র এলাকায় (শিল্প ও বাণিজ্য) ৬০ ডেসিবেল, বাণিজ্যিক এলাকায় ৭০ ডেসিবেল ও শিল্পএলাকায় ৭৫ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে। রাতের বেলায় এসব এলাকায় শব্দের সহনীয় মাত্রা ৫ থেকে ১০ ডেসিবেল কম। কিন্তু পরিবেশ অধিদপ্তরের সর্বশেষ পরীক্ষায় দেখা গেছে, নগরের নাসিরাবাদে ৭৫ ডেসিবেল, আগ্রাবাদ চেম্বার ভবনের সামনে ৭৩ ডেসিবেল, আগ্রাবাদ মোড়ে ৭৪ ডেসিবেল, টাইগারপাস মোড়ে ৭৫ ডেসিবেল, শপিং কমপ্লেক্সে ৭০ ডেসিবেল, আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারে ৭৮ ডেসিবেল ও পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ এলাকায় ৭৫ ডেসিবেল পাওয়া যায়।শব্দদূষণের কথা স্বীকার করে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের প্রধান রসায়নবিদ মো. জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শব্দদূষণ বাড়ছে। এটা নিয়ন্ত্রণের জন্য আমরা পরীক্ষার পাশাপাশি বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিচ্ছি।’এর আগে ডিসেম্বরের পরীক্ষায় দেখা গেছে, বহদ্দারহাটে ৮৬ ডেসিবেল, নিউমার্কেট এলাকায় ৮৩ ডেসিবেল, এ কে খান মোড়ে ৮৭ ডেসিবেল, নাসিরাবাদ এলাকায় ৮২ ডেসিবেল, কালুরঘাটে ৬৮ ডেসিবেল, সুগন্ধায় ৬০ ডেসিবেল ও ইউএসটিসি বিশ্ববিদ্যালয় এলাকায় ৭০ ডেসিবেল শব্দ পাওয়া যায়। একই সময়ে হাসপাতাল এলাকা হিসেবে পরিচিত নগরের চকবাজার ও আশপাশে শব্দের মাত্রা পাওয়া গেছে ৮২ ডেসিবেল। শব্দদূষণের ক্ষতিকর দিক প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হূদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ‘উচ্চমাত্রার শব্দ যাঁরা হূদরোগী তাঁদের জন্য সব সময় ঝুঁকিপূর্ণ। এই কারণে তাঁরা অনেক সময় হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণও করতে পারেন। এ ছাড়া সাধারণ মানুষও শব্দদূষণের কারণে হূদরোগে আক্রান্ত হন। দীর্ঘ প্রতিক্রিয়ায় ভোগেন। শিশুদের ক্ষেত্রে শ্রুতিহীনতা ঘটতে পারে।’জানা গেছে, একসময় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা স্পর্শকাতর এলাকায় হর্ন বাজানো নিষেধ-সম্বলিত কিছু পরিচিতি ফলক (সাইনবোর্ড) টানানো হয়েছিল। কিন্তু কালক্রমে অযত্ন-অবহেলায় এসব পরিচিতি ফলক কোথাও ভেঙে গেছে, কোথাও বা খুঁটিসহ তুলে নিয়ে গেছে। একইভাবে হাসপাতাল ও স্কুল-কলেজের সামনে হর্ন বাজানোর নিষেধও কেউ মানে না। তা ছাড়া পরিবেশ আইন অনুযায়ী যানবাহনে হাইড্রোলিক হর্ন লাগানো নিষেধ হলেও এখনও ট্রাক-বাসে এসব হর্নের ব্যবহার রয়ে গেছে। এই আইনের যথাযথ ব্যবহার নেই বলে অভিযোগ রয়েছে।