নগরে শীতের ফুলের মৌতাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের এই হিমেল হাওয়ায় হরেক রঙের ও রকমের ফুল এসেছে বাজারে। নগরের সবচেয়ে বড় ফুলের বাজার ডিসি হিল আর চেরাগী পাহাড়ের ফুলের দোকানগুলোতে শীতের বর্ণিল ফুলগুলো সৌরভ আর রং ছিটিয়ে উৎসবের মেজাজ তৈরি করেছে।প্রথম দেখায় মনে হতে পারে, বিভিন্ন রঙের কাঠপেনসিল চেঁছে তা দিয়ে ফুল বানিয়ে রাখা হয়েছে। কাছে এগিয়ে একটু স্পর্শ করলেই ভুল ভাঙে। লাল, খয়েরি, গোলাপি, হলুদ, বেগুনি, সাদা—নানা রঙের মিশেল থাকে পাপড়িতে। এই ফুলের নাম কার্নেশন। এ ফুল ঠিক পেনসিলের খোসা দিয়ে বানানো ফুলের মতোই দেখতে। কার্নেশনের মতো নানা রং নিয়ে ফুলের বাজারে এখন শোভা পাচ্ছে গ্ল্যাডিওলাস। ঘাসে ফোটা ফুলের মতো দেখতে জিপসি ফুল। মঞ্চ, বিয়ের গাড়ি, ফুলের তোড়া সাজানোর সময় অন্যান্য ফুলের সঙ্গে এই ফুলগুলো জুড়ে দিলে অসাধারণ সুন্দর দেখতে লাগে। হরেক রকমের গোলাপও পাওয়া যাচ্ছে। চীন থেকে আনা বাজারে চায়নিজ গোলাপ বলে সুপরিচিত গোলাপগুলো দেশি গোলাপের চেয়ে বড়। তবে এই শীতে সবচেয়ে বেশি চোখে পড়ে গাঁদা। সারা বছর এই ফুল বাংলাদেশে পাওয়া গেলেও শীতকালই হচ্ছে এর উপযুক্ত সময়। রঙে-গন্ধে-রূপে এ ফুল অনন্য। দামেও অন্যান্য ফুলের চেয়ে কিছুটা সস্তা। চেরাগী পাহাড় মোড়ের ফুলের দোকানগুলোতে এ ফুলের মালা পাওয়া যায়। গাঢ় বেগুনি রঙের ছেলেদের কোটের বোতামের মতো দেখতে বলেই তার নাম ‘বোতাম ফুল’। গন্ধহীন, কিন্তু দেখতে অসাধারণ। অন্যান্য ফুল খুব তাড়াতাড়ি মজে গেলেও এ ফুল দীর্ঘদিন টিকে থেকে ড্রয়িং রুমের শোভা বাড়ায়। হলুদ রঙের বেবি চন্দ্র ফুলও দেখতে প্রায় বোতাম ফুলের মতো। পার্থক্য শুধু রঙে আর গাছে। ফুলের আকার একই। শীত ছাড়া এই ফুল পাওয়া যায় না। বেগুনি, হলুদ ও সাদা—এই তিন রঙের ছয় পাপড়িবিশিষ্ট অত্যন্ত মন মাতানো সৌরভের এই ফুলের নাম লিলি। এ ফুলের জন্মস্থান মালয়েশিয়ায়। লিলির মিষ্টি সৌরভ ঘর ভরিয়ে রাখবে সারাটা ক্ষণ। বাংলাদেশের ফুল ডালিয়ার মতো প্রায় দেখতে ছয়-সাত রঙের ফুলের নাম ‘জারবারা’। দেশে এ ফুলটি আসে মূলত চীন থেকে। এ রকম আরও কত ফুল এসেছে বাজারে—স্নোবল, ফ্লগস, ক্রিস্টিন মাম, স্টার। নানা বর্ণের, নানা ঢঙের এসব ফুল বাজারে আসে ভারত, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ নানা দেশ থেকে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরউদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হুদা প্রথম আলোকে বলেন, শীতকালীন ফুলের বিশেষত্ব হচ্ছে, স্বল্পদৈর্ঘ্যের দিনের আলোতে ফোটে। এর মধ্যে গাঁদা, কসমস, জিনিয়া, ডালিয়া উল্লেখযোগ্য। বর্ণ, গন্ধও রঙে অন্যান্য ফুলের সঙ্গে তেমন কোনো পার্থক্য নেই। আর এখন কয়েকটি ফুল ছাড়া সারা বছরই বাজারে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফুল যাওয়া যায়। দেশ-বিদেশের নানা নামের ও নানা রঙের ফুলের আগমন ঘটেছে বাজারে।