
হুমায়ূন আহমেদের বৃক্ষমানব নাটকটা দেখেছেন? আহমেদ রুবেল যেখানে বন্ধুর মতো গাছের সঙ্গে কথা বলে, গল্প করে, গান গেয়ে শোনায়; তেমনি বন্ধুর মতো লেবুগাছের সঙ্গে ঈদের কোলাকুলি করতে পারবেন কেউ? উত্তরে হয়তো বলছেন, ‘গাছভর্তি কাঁটা খেয়ে মরি আরকি! হাসপাতালে দৌড়ানোর মতো সময়ও পাব না।’
কিন্তু না, মন চাইলে আপনি লেবুগাছের সঙ্গেও যখন-তখন কোলাকুলি করতে পারবেন! কারণ গোড়া থেকে আগা পর্যন্ত একটাও কাঁটা নেই যার, তার সঙ্গে তো ভাব করাই যায়। ফলে বীজও নেই! আছে মনমাতানো সুবাস। আলতোভাবে পাতা ছুঁয়ে দেবেন, সুবাসে ছেয়ে যাবে চারপাশ! নাম, সিলেটের মোম। এমনই সব বিচিত্র ফুল-ফল-ঔষধি আর শোভাবর্ধনকারী গাছের মেলা বসেছে রাজধানীর আগারগাঁওয়ে।
শুধু ঢাকাই নয়, দূরদূরান্ত থেকে আসা বৃক্ষপ্রেমীর সমাগমও হচ্ছে রোজ। দিনটি শুক্রবার হলে ভিড় বেড়ে যায় আরও। মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে আসা তেমনই একজন মিঠুন নন্দী। জানালেন, স্থানীয় বৃক্ষমেলা থাকলেও ঢাকায় এসেছেন বিশাল বৃক্ষের সমাহারে নিজের পছন্দসই গাছের খোঁজে। শুধু এই এক দিনই নয়, মেলা যেহেতু মাসজুড়ে, আবারও আসার ইচ্ছা আছে তাঁর।
যেমনটা মিলছে এবারের মেলায়
মেলায় ঢুকতেই বাঁ দিকে পড়বে জাতীয় উদ্ভিদ উদ্যান ও বলধা গার্ডেনের স্টল। রয়েছে সবচেয়ে আকর্ষণীয় ও দুর্লভ সব ফুল-ফল-ঔষধি বৃক্ষ আর বনসাইয়ের সমাহার। দুর্লভ ও বিপন্ন প্রজাতির ফল প্রদর্শনীতে রয়েছে চালতা, কফি, তমাল, পুন্নাল, কাঁঠালচাঁপা, বহেরা, গোসৌভিয়া, ডুমুর, চাল মুগরা, দেবদারু, তসবি, সাইকাস, কলকি ফল, মাকাল ফল, বক্স বাদাম, গোঁড়া নিম, অশোক, নাগেশ্বর, ডেফল, কেয়া ফল, নাগলিঙ্গম ফল, পান্থপাদব, বুদ্ধ নারিকেল ইত্যাদি। আছে ভুঁইকদম, ছাতিম, আগর, শ্বেতচন্দন, বার্মা শিমুল তুলা, ঢোলসমুদ্র, রামধাম চাঁপা, উলটকম্বল, বামন হট্রি, বার্ড নেস্ট, বিষ জারুল, পানবিলাস, নীল চিতা, হলুদ চিতাসহ বিচিত্র ও দুর্লভ সব গাছের উপস্থিতি। পাবেন দেশি বট, চায়না বট, অশ্বত্থ বট, পাকুর বট, কতবেল, দেবদারু, পলাশ, বাবলা, শেওড়া, নিম, তেঁতুলসহ কত-কী বনসাইয়ের দেখা। বিভিন্ন নকশায় রূপ দেওয়া লাকি বেম্বুও নজর কাড়ছে খুব। লাল ও হলুদ গ্রাফটিং করাসহ মেলায় রয়েছে প্রায় ৫০ প্রজাতির ক্যাকটাস। আকারভেদে ছোট-বড় ক্যাকটাস পাওয়া যাচ্ছে ২৫০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকায়।
সবচেয়ে নজর কাড়ছে ডালভর্তি ফলসহ একেকটি গাছ। মেলা ঘুরে ঘুরে দর্শনার্থীরা দেখছেন আর বিস্ময়ে অবাক হচ্ছেন, ফলের সঙ্গে সেলফি তুলছেন। তাতেও তৃপ্তি না মিটলে কিনে নিচ্ছেন ঝটপট। এমন সব ডালভর্তি ফল গাছের মধ্যে রয়েছে কমলা, নাগপুরি কমলা, মাল্টা, ডোরাকাটা ভেরিগেট মাল্টা, আম, আমলকী, আমড়া, বেল, থাই লাল শরিফা, থাই লম্বাটে সফেদা, থাই ডুমুর, থাই ড্রাগন, পেয়ারা, আকারে ছোট চায়না লাল পেয়ারা, কুল, ডালিম, আনার, জামরুল, থাই করমচা, ফিলিপাইনের মিষ্টি চালতা, জাম্বুরা, লেবুসহ রয়েছে শতাধিক জাতের চারা। লেবুতেও আছে নানান বৈচিত্র্য—হাতের আঙুলের মতো কাঠামো বলে সেই লেবুর নাম ফিঙ্গার লেবু, দামও তার ঢের বেশি—১২ হাজার টাকা। আছে কাঁটাহীন, বীজহীন সিলেটি মোম লেবু, দোকানি যার দাম চাইছেন ২৫ হাজার টাকা। বারোমাসি ফলের মধ্যে আম, আতা, আনার, পেঁপে, কলা, বেলুম্ব থেকে শুরু করে কলমের বারোমাসি কাঁঠালের চারাও মিলছে মেলায়। আছে পান, সুপারি আর সৌদি খেজুরের গাছও। পলি ব্যাগের ছোট চারা থেকে ড্রামে আরবের খেজুর গাছের চারার দাম পরবে ৪০০ টাকা থেকে ১০ হাজার টাকা।
প্রায় প্রতিটা স্টলেই রয়েছে দেশি-বিদেশি নানান রং-বেরঙের ফুল আর শোভাবর্ধনকারী গাছের উপস্থিতি। হরেক রঙের বাহারি জবা থেকে শুরু করে গোলাপ, রঙ্গন, মোসেন্ডা, আলামন্ডা, জুঁই, কাঁঠালচাঁপা, চায়নিজ টগরসহ আরও অনেক প্রজাতি। বাড়তি আকর্ষণ থাকছে লাকি বেম্বু, মানি প্ল্যান্ট থেকে শুরু করে মিলছে সবুজ ও লাল পাম কিং, বার্ড নেস্ট, চীনা বাঁশ, সমুদ্রসৈকতের ঝাউগাছ পর্যন্ত। আছে মাটি ছাড়া জন্মানো ঝুলন্ত শিকড় ও ফুলপ্রধান অর্কিড। ফুল ফুটন্ত অর্কিডের পাশাপাশি ছোট চারা, এমনকি বোতলবন্দী টিস্যু কালচারের চারাও বিক্রি হচ্ছে মেলায়, দাম পড়বে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত।
জলজ উদ্ভিদের মধ্যে রয়েছে বিশাল আকৃতির গোলাকার পাতা নিয়ে আমাজন লিলি, পদ্ম; আবার জাতীয় ফুল সাদা শাপলা যেমন আছে, আছে লাল আর দৃষ্টিনন্দন বেগুনি রঙের শাপলাও। মসলাজাতীয় উদ্ভিদের মধ্যে পাবেন আদা, আম আদা, লেমন গ্রাস, হলুদ, দারুচিনি, ছোট ও বড় এলাচ, তেজপাতা, লবঙ্গ, কারি পাতা, পোলাও পাতা। ঔষধি বৃক্ষের মধ্যে রয়েছে অশ্বগন্ধা, সর্পগন্ধা, কালো ধুতরা, হরীতকী, নিম, নিসিন্দা, পানবাহার, থানকুনি, শালপানি, শতমূলী, লজ্জাবতী, তুলসী, রাম তুলসী, সোনালু, কাজুবাদাম, বাসকসহ প্রায় ৩০ প্রজাতির চারা।
অন্যান্য
শুধু চারাই নয়, চারা লাগানোর বিভিন্ন আকারের বাঁশ-বেত, মাটি ও প্লাস্টিক টবের স্টলও আছে মেলায়। উপযুক্ত মাটি থেকে শুরু করে মিলছে বিভিন্ন ধরনের জৈব ও রাসায়নিক সার, কীটনাশক, গ্রোথ হরমোন। উন্নত জাতের ফল ও সবজির প্যাকেটজাত বীজ। বাগান পরিচর্যার বিভিন্ন সরঞ্জাম এবং কৃষিবিষয়ক বই ও দিকনির্দেশনা-সংবলিত লিফলেট। আছে রাবারগাছের তৈরি আসবাবপত্রের প্রদর্শনী। মেলা চলবে পুরো আগস্ট মাস। তবে আর দেরি কেন, যাঁদের এখনো ‘যাই যাই’ করেও যাওয়া হয়নি, হাতে সময় নিয়ে বেরিয়ে পড়ুন একদিন।