নগরে সিআরপির শাখা স্থাপনের উদ্যোগ
চট্টগ্রামের কালুরঘাট এলাকায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্রের (সিআরপি) একটি শাখা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৪ আগস্ট সকালে নগরের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সঙ্গে তাঁর বাসভবনে মতবিনিময় সভায় সিআরপির প্রতিষ্ঠাতা মিস ভেলরি এ টেলর এ তথ্য জানান। সভায় একে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সম্পাদক সালাউদ্দিন কাশেম খান, অ্যাডুকেশন সার্ভিসের ব্যবস্থাপক মর্তুজা রাফি খান, সিআরপির মুশতাক আহমদ, নির্বাহী পরিচালক এমদাদ মোসলেম, একে খান কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক শামসুদ্দীন খান, ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। সিআরপি প্রধান জানান, সহজলভ্য ও সুচিকিত্সার জন্য চট্টগ্রামে শাখা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ চিকিত্সাকেন্দ্র স্থাপিত হলে বৃহত্তর চট্টগ্রামের পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইসিস) রোগীরা কমখরচে চিকিত্সার সুযোগ পাবে। মেয়র এ উদ্যোগে সব ধরনের সহায়তার পাশাপাশি রোগীরা যাতে সমাজ ও পরিবারের বোঝা না হয় সেজন্য কর্মসংস্থান, চলাচলের জন্য বিল্ডিং কোড অনুসরণ, ফুটপাতে বিশেষ ব্যবস্থা রাখারও আশ্বাস দেন।