নগরের ১৫ লাখ মানুষের আবাসন সুবিধা নেই। সিটি করপোরেশনের হিসাব মতে, নগরের বর্তমান জনসংখ্যা প্রায় ৩৯ লাখ। এর মধ্যে শতকরা ৩৫ জন মানুষ বাস করেন বস্তিতে। জমির উচ্চমূল্য, বিদ্যুত্ ও পানিসংকট, আবাসন খাতে সরকারি ও বেসরকারি ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণসুবিধা না থাকা, নগরের অপ্রশস্ত রাস্তাঘাট ইত্যাদি কারণে আবাসনসংকট দিন দিন তীব্র হচ্ছে।রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি মেজর (অব.) জামশেদ হাসান বলেন, ‘আবাসনসংকট মোকাবিলায় সরকার এখনই মহাপরিকল্পনা না নিলে ১০ বছর পরে চট্টগ্রাম শহরের পরিস্থিতি হবে ঢাকার চেয়ে ভয়াবহ।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘১০ বছর পরে নগরে এক বছরে অ্যাপার্টমেন্টের চাহিদা দাঁড়াবে ৫০ হাজার।’রিহ্যাব (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) চট্টগ্রাম চ্যাপ্টার সূত্রে জানা যায়, নগরের উচ্চবিত্ত ও উচ্চমধ্যবিত্ত শ্রেণীর তিন লাখ মানুষের মানসম্পন্ন আবাসন সুবিধা রয়েছে। মধ্যবিত্ত শ্রেণীর আট লাখ মানুষের আবাসন সুবিধা থাকলেও স্থপতিদের মতে, এ সুবিধাকে কোনোরকম মাথা গোঁজার ঠাঁই বলা যায়। প্রায় ১৩ লাখ মানুষ বাস করেন ঘিঞ্জি এলাকায় অপরিকল্পিতভাবে তৈরি ভাড়া বাসায়। এ হিসাবে বস্তিবাসীর কথা বাদ দিলে নিম্নমধ্যবিত্ত ও নিম্নআয়ের প্রায় ১৫ লাখ মানুষ আবাসন সুবিধা থেকে বঞ্চিত। রিহ্যাব সূত্র জানায়, নগরে বছরে অ্যাপার্টমেন্টের চাহিদা রয়েছে চার লাখ। দিন দিন তা বাড়ছে। চাহিদা পূরণে বেসরকারি পর্যায়ে প্রচেষ্টা থাকলেও সরকারি পর্যায়ে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সূত্রমতে, চট্টগ্রামে অর্ধশতাধিক ডেভলপার ও রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে। বছরে চার হাজার অ্যাপার্টমেন্টের চাহিদার বিপরীতে প্রতিষ্ঠানগুলো বছরে পাঁচ শ অ্যাপার্টমেন্ট নির্মাণে সক্ষম। সূত্র মতে, নতুন শহর তৈরির মহাপরিকল্পনা এখনই হাতে না নিলে ১০ বছর পর পরিস্থিতি হবে ভয়াবহ। একাধিক স্থপতি, নগর পরিকল্পনাবিদ ও প্রকৌশলী বলেছেন, পরিবেশবান্ধব আবাসন ও নিরাপদ নগরব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু সরকারি সংস্থার মধ্যে সমন্বয়হীনতা, জমির উচ্চমূল্য, অসংগতিপূর্ণ ইমারত নির্মাণ বিধিমালা (২০০৮), বিদ্যুত্ ও পানিসংকট, আবাসন খাতে সরকারি ও বেসরকারি ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণসুবিধা না থাকা, নগরের অপ্রশস্ত রাস্তাঘাট ইত্যাদি কারণে নগরে আবাসনসংকট দিন দিন তীব্র হচ্ছে।এদিকে, পরিবেশবান্ধব আবাসন তৈরির জন্য প্রণীত ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টার সভাপতি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘বিধিমালা অনুযায়ী একটি ভবন তৈরির জন্য মোট জমির ৪০-৫০ শতাংশ জায়গা ছাড় দিতে হবে। কিন্তু যাঁদের তিন-পাঁচ কাঠা জমি রয়েছে তাদের এই আইন মানা খুবই কঠিন। সুতরাং আবাসন সুবিধা বাড়ানোর ক্ষেত্রে এই বিধিমালা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।’চকবাজার এলাকার বাসিন্দা লেয়াকত আলী চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি পৈতৃক সূত্রে তিন কাঠা জমি পেয়েছি। ওই জমিতে ভবন তৈরির জন্য নকশা অনুমোদন করাতে গেলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের লোকজন বলেন, কমপক্ষে ৪০ শতাংশ জায়গা ছাড় দিতে হবে, তাহলে বাকি জায়গায় আমি বাড়ি বানাব কীভাবে।’ স্থপতি আশিক ইমরান নতুন বিধিমালা সম্পর্কে বলেন, ‘চট্টগ্রামের অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতির সঙ্গে এ আইন সামঞ্জস্যপূর্ণ নয়।’ তিনি বলেন, ‘ডিটেল এরিয়া প্ল্যান অনুযায়ী বাড়িঘর, শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল-ক্লিনিক, বিনোদনকেন্দ্র হতে হবে পৃথক পৃথক অঞ্চলে। কিন্তু চট্টগ্রাম শহরের মোট জমির ৭৫ শতাংশে ইতিমধ্যেই কোনো না কোনো স্থাপনা কিংবা ভবন গড়ে উঠেছে।’ তাঁর মতে, নতুন বিধিমালা শহরের অদূরে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় কিংবা হাটহাজারী এলাকার নতুন শহর গড়ে তোলার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তিনি এই বিধিমালার সমালোচনা করে বলেন, ‘এটি তৈরির আগে স্থপতি, প্রকৌশলী কিংবা রিহ্যাবের সঙ্গে কোনো আলোচনা করেনি সরকার।’ ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ পুনর্বিবেচনা করার জন্য সরকারকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘নতুন শহর গড়ে তোলার জন্য এখনই মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ নিতে হবে।’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম নগরে আবাসনসংকটের কথা স্বীকার করে বলেন, ‘চট্টগ্রাম শহরে এখনো বিপুল পরিমাণ জায়গা খালি পড়ে আছে। এগুলোতে পরিকল্পিত আবাসন তৈরি করলে সংকট অনেকটা কমে যাবে।’ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ বাস্তবায়নে জটিলতার সৃষ্টি হয়েছে এমন মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, ‘আইন মানার প্রবণতা থাকলে ওই বিধিমালা বাস্তবায়নে জটিলতা সৃষ্টির প্রশ্নই ওঠে না। তবে আবাসনসংকট মোকাবিলায় সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় সাধন জরুরি।’ একজন স্থপতি নাম প্রকাশ না করে বলেন, ‘সিডিএর বিভিন্ন আবাসন প্রকল্পে জমি বরাদ্দ দেওয়া হয় সর্বোচ্চ পাঁচ কাঠা। প্রতিটি ভবনের স্থাপত্য নকশায় ভবন তৈরির জন্য চারপাশে বেশকিছু জায়গা ছেড়ে দিতে হয়। পাশাপাশি শুধু প্লটের সংখ্যা না বাড়িয়ে স্বল্প জায়গায় অনেক পরিবারের আবাসন সুবিধা নিশ্চিত করতে উঁচু ভবন তৈরির উদ্যোগ নিলে ভূমি হ্রাসের পরিমাণ কমবে।’রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের সদস্য ও দারুস সালাম প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান বলেন, ‘নগরের ঘিঞ্জি এলাকাগুলোতে ডেভেলপারেরা যেতে চান না। বিশেষ করে চকবাজার, বাকলিয়া, পাথরঘাটা, চাক্তাই ইত্যাদি ঘনবসতি এলাকার রাস্তাঘাট সরু। এসব এলাকায় বেশির ভাগ বাস করেন নিম্নবিত্তশ্রেণীর মানুষ। সরকার যদি শহরের ঘনবসতিপূর্ণ এলাকার বাসিন্দাদের জন্য সরকারি খাসজায়গায় আবাসন তৈরির উদ্যোগ নেয় তাহলে সংকট ধীরে ধীরে কমে আসবে।’ একাধিক ডেভেলপার ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মনে করেন, পরিকল্পিত আবাসন গড়ে তোলার পাশাপাশি পানি, বিদ্যুত্ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করলে আবাসনসংকট কমবে।এদিকে, নির্মাণসামগ্রীর উচ্চমূল্য, জমির দাম বেড়ে যাওয়ায় নগরে অ্যাপার্টমেন্টের দামও দিন দিন বাড়ছে। বর্তমানে অবস্থান ভেদে একটি অ্যাপার্টমেন্টের প্রতি বর্গফুট সাড়ে তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। শহরতলির নিম্নমধ্যবিত্ত ও নিম্নআয়ের অনেক মানুষের একটি অ্যাপার্টমেন্ট কেনার স্বাদ থাকলেও সাধ্য যেন নেই কারও। সংশ্লিষ্টরা মনে করেন, বিষয়টি মাথায় রেখে এখনই নতুন শহরে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে সরকারকে।