চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় গত বছর ২০৩ জন কুষ্ঠ রোগী শনাক্ত করা হয়েছে। দেশে বর্তমানে কুষ্ঠ রোগীর সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। একই বছর তিন পার্বত্য জেলায় ১৯৬ জন কুষ্ঠ রোগী শনাক্ত করা হয়। রোগটি সম্পর্কে মানুষের ভুল ধারণা, সচেতনতার অভাব, সঠিক সময়ে চিকিৎসা না নেওয়ার কারণে এমনটি হচ্ছে। বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি সংস্থা সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। আজ (৩০ জানুয়ারি) পালিত হচ্ছে ৫৮তম বিশ্ব কুষ্ঠ দিবস। সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংস্থার কর্মসূচি (প্রোগ্রাম) পরিচালক জন অর্পণ সমাদ্দার। এতে জানানো হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনসহ তিন পার্বত্য জেলার ২৫ উপজেলার সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে সংস্থাটি সরকারি সহায়তায় এ রোগ প্রতিরোধ ও চিকিৎসাকার্যক্রম চালাচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ‘কুষ্ঠ’ মাইকো ব্যাকটেরিয়াম লেপ্রি নামের জীবাণুর সংক্রমিত একটি রোগ। কুষ্ঠ রোগ সম্পর্কে বর্তমান সমাজেও নানা ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে। আক্রান্ত রোগী পরিবার ও সমাজ দ্বারা বিতাড়িত হয়। দেরিতে চিকিৎসা নেওয়ার কারণে অঙ্গহানি হয়। এমনকি এ রোগের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদের ঘটনাও ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক কামাল উদ্দীন বলেন, ‘কুষ্ঠ প্রতিরোধ ও নির্মূলের জন্য দরকার রোগ নির্ণয় ও সময়মতো চিকিৎসা।’ চিকিৎসকেরা জানান, এ রোগের লক্ষণ হলো শরীরের চামড়ায় অনুভূতিহীন হালকা বাদামি দাগ। কোনো প্রকার ভয়ভীতি ছাড়া প্রাথমিক পর্যায়ে আক্রান্ত রোগীকে চিকিৎসার আওতায় আনা গেলে কুষ্ঠ রোগ প্রতিরোধ সম্ভব।