নগরের উন্নয়নে ২২২ কোটি টাকার প্রকল্প অনুমোদন
চট্টগ্রাম নগরের অবকাঠামোগত উন্নয়নে ২২২ কোটি টাকা দিচ্ছে জাপানি অর্থ সহয়তা সংস্থা জাইকা। ‘ইনক্লুসিভ সিটি গভর্নেন্স’ প্রকল্পের আওতায় এই অর্থ দেওয়া হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি করপোরেশন।
করপোরেশন সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় নগরের অবকাঠামোগত উন্নয়নে ২০টি উপপ্রকল্প নেওয়া হয়েছে। করপোরেশনের ইতিহাসে এটি অন্যতম বড় প্রকল্প বলে জানা গেছে। প্রকল্পটি বাস্তবায়নে প্রস্তুতি শুরু হয়েছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১৫ জুলাই অনুষ্ঠিত সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। দুই হাজার ৪৩ কোটি টাকার এই প্রকল্পে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ চারটি সিটি করপোরেশন অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০২০ সালের জুন পর্যন্ত।
করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) মনিরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘এই প্রকল্প সম্পূর্ণভাবে বাস্তবায়িত হলে চট্টগ্রাম নগরের চিত্র পাল্টে যাবে। সবচেয়ে বেশি পরিবর্তন আসবে নগরের অবকাঠামোগত উন্নয়ন, পরিবহন ও জলাবদ্ধতা সমস্যা নিরসনে। ইতিমধ্যে প্রকল্প বাস্তবায়নে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে।’
করপোরেশন সূত্র জানায়, জাইকার অর্থায়নে বিমানবন্দর সড়কের সল্টগোলা থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত এবং কাঠগড় থেকে সিবিচ পর্যন্ত ১৩ দশমিক ৭ কিলোমিটার সড়কে কার্পেটিং করা হবে; পাশাপাশি নির্মাণ করা হবে ফুটপাত ও নালা। এতে ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি ৫০ লাখ টাকা।
এই প্রকল্পের অধীনে নগরের জাকির হোসেন সড়কের ৪ দশমিক ৪ কিলোমিটার দৈর্ঘে্য আরসিসি ঢালাই করা হবে। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তীরে চার লেনের মেরিনার্স সড়ক নির্মাণ, সৈয়দ শাহ সড়কের ও সুরভী আবাসিক এলাকার উন্নয়ন করা হবে। এই প্রকল্পের অর্থে নগরের গুপ্তখাল, মহেশখাল, ডাইভারশেন খাল ও মীর্জাখালের উভয় পাশে প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হবে। জলাবদ্ধতা নিরসন ও খালগুলো অবৈধ দখলমুক্ত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে করপোরেশনের প্রকৌশলীরা জানিয়েছেন। এ ছাড়া নগরের ছয়টি খালের ওপর সেতু নির্মাণ করা হবে। জানা গেছে, এই প্রকল্পের অধীনে সিটি করপোরেশনের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৫৮৫ কোটি টাকা। এর মধ্যে প্রথম দফায় দেওয়া হবে ২২২ কোটি ১৬ লাখ টাকা।