নগরের কাছেই পারকি সৈকত
‘চট্টগ্রাম শহরের কাছে এত সুন্দর একটি সমুদ্রসৈকত আছে তা লোকমুখে শুনেছিলাম, কিন্তু খুব একটা বিশ্বাস করতে পারছিলাম না। এবার এখানে এসে প্রমাণ পেলাম সত্যিই দারুণ সুন্দর ও মনোরম। সুযোগ পেলে আবারও বেড়াতে আসব।’ গত ২৬ আগস্ট পারকি সমুদ্রসৈকতে বন্ধু ফারুককে নিয়ে বেড়াতে এসে কথাগুলো বললেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী এম এ মাবুদ। একই দিন ছুটির ফাঁকে হালিশহর থেকে পরিবার নিয়ে বেড়াতে আসেন সিলভার বেলস স্কুলের শিক্ষিকা বিভা ইন্দু। তিনি বলেন, ‘অল্প সময়ে, কম খরচে পারকি আসা যায়! তার ওপর চমৎকার পরিবেশ।’মাবুদ, ফারুক, বিভা ও ইন্দুর মতো অনেকে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে প্রতিদিন বেড়াতে আসেন আনোয়ারার পারকি সমুদ্রসৈকতে। পর্যটন মৌসুমে প্রাতিষ্ঠানিকভাবেও অনেকে বেড়াতে আসেন এখানে। চট্টগ্রাম নগরের অতি কাছের এ সৈকতে প্রতিদিন ভিড় বাড়ছে পর্যটকের। তবে এখনো ভালো হোটেল ও থাকার মতো অবকাঠামো গড়ে ওঠেনি এখানে। এ জন্য সন্ধ্যা নামার আগেই ফিরে যেতে হয় সবাইকে। এবারের ঈদের ছুটিতেও ভ্রমণপিপাসু যে কেউ সহজেই ঘুরে যেতে পারেন পারকি সমুদ্রসৈকত থেকে। এটি চট্টগ্রাম শহরের ২৫ কিলোমিটার দক্ষিণে। কর্ণফুলী ইউরিয়া সার কারখানার সামনে দিয়ে কিছুদূর গেলেই বিস্তীর্ণ ঝাউবাগানবেষ্টিত পারকি সমুদ্রসৈকত। সৈকতে এসে ঝাউবাগানের শীতল ছায়ায় বসে আড্ডায় মগ্ন হওয়া ছাড়াও উপভোগ করতে পারেন সৈকতের বালুচরে লাল কাঁকড়ার খেলা, করতে পারেন ঢেউয়ের সঙ্গে জলকেলি, উপভোগ করতে পারেন দূরের ছোট-বড় জাহাজের ছোটাছুটির দৃশ্য। যেভাবে যাওয়া যাবে: চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বাসটার্মিনাল থেকে শাহ আমানত সেতু দিয়ে আনোয়ারা-গহিরার বাস সার্ভিস দিয়ে পারকি সৈকতে যাওয়া যাবে। ভাড়া পড়বে জনপ্রতি ২২-২৫ টাকা। সময় লাগবে সোয়া এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা। সিএনজি অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি (কার) কিংবা মাইক্রোবাসে যেতে সময় লাগবে এক ঘণ্টা। অটোরিকশায় ভাড়া নেবে ২০০ টাকা।সতর্কতা: পারকি সৈকতে খাওয়ার জন্য ভালো কোনো দোকানপাট নেই। ২৫-৩০টি ছোটখাটো দোকানে কোমল পানীয়, চিপস, বিস্কিট ইত্যাদি বিক্রি হয়। সেজন্য বেড়াতে যাওয়ার সময় খাবার ও পানি সঙ্গে নিয়ে যাওয়াই ভালো। শৌচাগারের কোনো সুব্যবস্থা নেই।