নগরের খালগুলো হারিয়ে যাচ্ছে
নিয়মিত আবর্জনা পরিষ্কারের সুবিধার জন্য ছয় বছর আগে চাক্তাই খালের তলা পাকা করা হয়। কিন্তু তিন বছরের মাথায় খালের অনেক অংশ ভরাট হয়ে যায়। ফলে এখন সামান্য বৃষ্টিতেই চাক্তাই খালের পানি উপচে পড়ে ভাসিয়ে দিচ্ছে আশপাশ। পরবর্তীকালে কিছু মাটি ও আবর্জনা সরানো হলেও নিয়মিত পরিচর্যা না থাকায় খালের অনেক অংশ ভরাট হয়ে পানির স্বাভাবিক প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে। চাক্তাই খালের ১৮টি শাখা খালেও এর প্রভাব পড়েছে। শহরের ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে প্রবাহিত প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এ খালকে নগরের দীর্ঘ খাল হিসেবে বিবেচনা করা হয়। সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নিয়মিত খনন ও পরিচর্যা না করায় চাক্তাই খালসহ শহরের ১৪০ কিলোমিটার দীর্ঘ খালের প্রায় অর্ধেকের স্বাভাবিক পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। এজন্য মাঝারি থেকে ভারী বৃষ্টি নামলেই খালের পরিবর্তে পানি সড়ক ও সমতল দিয়ে প্রবাহিত হয়। খাল খনন ও সংস্কারের জন্য করপোরেশনে পর্যাপ্ত বাজেট বরাদ্দও নেই বলে জানা গেছে। সংশ্লিষ্ট লোকজন মনে করেন, এ ধরনেণর বাধার কারণে ৭ অক্টোবর প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি খালসংলগ্ন সড়কগুলোর ওপর দিয়ে প্রবাহিত হয়। ডুবে যায় নগরের ব্যাপক এলাকা। নগরের রিয়াজউদ্দিন বাজারের ভেতর দিয়ে প্রবাহিত মনোহর খালের ৯৬৩ ফুট বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় খনন করে পানি চলাচলের উপযোগী করা হয়। কিন্তু গত তিন বছরে সেটি আর সংস্কার করা হয়নি। ফলে এ খাল দিয়ে এখন আর স্বাভাবিকভাবে পানি চলাচল করতে পারে না। লালখান বাজার বাঘঘোনা থেকে প্রবর্তক ও কাতালগঞ্জ হয়ে চাক্তাই খালে আসা হিজড়া খালের গভীরতা চাক্তাই খালের চেয়ে প্রায় পাঁচ ফুট বেশি। ফলে চকবাজার কাঁচা বাজারের কাছে এসে হিজড়া খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এজন্য ওই স্থানে বছরের পুরো সময়ই চাক্তাই খাল ভরাট হয়ে থাকে। একইভাবে চালের আড়ত এলাকায় রাজাখালী খালের গভীরতা চার-পাঁচ ফুট হলেও এর উজানে কোনো কোনো স্থানে এ খালের গভীরতা ৫০ ফুট বলে জানা গেছে। চাক্তাই খালের সঙ্গে মিলনস্থলে রাজাখালীর গভীরতা কমে যাওয়ায় রাজাখালীর পানি কর্ণফুলীতে দ্রুত সরে যেতে পারে না। এজন্য ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। অক্সিজেন চিকনদণ্ডী এলাকা দিয়ে প্রবাহিত শীতল ঝর্ণা খালটিও শিল্প বিস্তারের ফলে ক্রমশ প্রশস্ততা হারাতে বসেছে। ফলে কোনো কোনো স্থানে সেটি মাঝারি আকারের নালায় পরিণত হয়েছে। অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলিয়ে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তিনটি নতুন বড় খাল খননের বিষয়টি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু নতুন খাল হয়নি, উল্টো আগের প্রায় সব খালই কম বেশি ভরাট হয়ে গেছে।করপোরেশন সূত্র জানায়, ছয় বছর আগে ১২ ফুট গভীর করে চাক্তাই খালের তলা পাকা করা হয়। এরপর দুবার খনন ও সংস্কার করা হয়। তা সত্ত্বেও চাক্তাই খালের গভীরতা বর্তমানে কোনো কোনো স্থানে চার ফুটে এসে ঠেকেছে। ফলে প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানি এ খাল ধরে রাখতে পারে না। জানা যায়, নগরের খালগুলো সংস্কার ও খননের পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) তত্ত্বাবধায়ক সরকারের সময় চাক্তাই এবং মহেশখালের মুখে দুটি ফ্ল্যাপ বসানোর উদ্যোগ নেয়। ফ্ল্যাপগুলো পানির দ্বিমুখী প্রবাহ রোধ করবে। এতে এ দুই খাল দিয়ে কেবল নগরের পানি বের হবে। জোয়ারের সময় কর্ণফুলী ও সাগর থেকে নগরে পানি ঢোকার সময় বাধা দেবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের পটপরিবর্তনের পর এ উদ্যোগ বাস্তবায়িত হয়নি। করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে চাক্তাই ও মহেশখালের মুখে দুটি রেগুলেটর (ফ্ল্যাপ) স্থাপনের দাবি জানিয়েছি। এ জন্য পানিসম্পদমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। শহররক্ষা বাঁধে আরও প্রশস্ত স্লুইসগেটও নির্মাণের দাবি জানান তিনি। তবে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আমান উল্লাহ প্রথম আলোকে বলেন, ফ্ল্যাপ বসানোর কাজটি সিডিএ করবে। জাপান আন্তর্জাতিক সম্পর্ক (জাইকা) সংস্থার সঙ্গে এ ব্যাপারে একটি চুক্তির বিষয় বর্তমানে চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানি। শহররক্ষা বাঁধে নতুন স্লুইসগেট স্থাপনের সম্ভাবনা নেই দাবি করে তিনি বলেন, নগরের বেশির ভাগ পানি চাক্তাই ও মহেশখাল দিয়েই বেরিয়ে যায়। স্লুইসগেট দিয়ে অল্প পরিমাণ পানিই বের হয়। সিটি করপোরেশনের কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা যায়, খাল ভরাট হয়ে যাওয়া ঠেকাতে খালগুলোর বিভিন্ন মোড়ে শিল ট্রেপ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জায়গাটি খালের চেয়ে সাধারণত ১০-১২ ফুট নিচু হবে। এখানে আবর্জনা জমা হলে স্কেবেটার দিয়ে তা সরিয়ে ফেলা হবে। তবে প্রতিটি খালের দুপাশে আবর্জনাবাহী যানবাহন চলাচলের মতো পর্যাপ্ত খালি জায়গা রাখার প্রস্তাব দেন তাঁরা। সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, সড়কগুলো গাড়ি চলাচলের উপযোগী রাখতে যেমন নিয়মিত রক্ষণাবেক্ষণ দরকার তেমনি পানির স্বাভাবিক প্রবাহের জন্য খালগুলোও খনন-পুনর্খননের দরকার। তিনি স্বীকার করেন যে, খালগুলো সময়মতো খনন-পুনর্খনন না হওয়ায় অনেক খাল পানির প্রবাহ ধরে রাখতে পারছে না।