নগরের গাড়ি গ্রামে, গ্রামের গাড়ি বিক্রি হয় শহরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর থেকে চুরি করা সিএনজিচালিত অটোরিকশা বিক্রি করা হয় গ্রামে, আর গ্রাম থেকে চুরি করা অটোরিকশা চলে আসে নগরে। অনেক ক্ষেত্রে গাড়ির মালিককে ফোন করে ৫০ থেকে এক লাখ টাকার বিনিময়ে দফারফা করা হয়। এ টাকা নেওয়া হয় বি-ক্যাশের মাধ্যমে। আবার টাকা নিয়ে গাড়ি ফেরত না দেওয়ার নজিরও আছে। গ্রেপ্তার হওয়া অটোরিকশা চোরচক্রের তিন সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এসব তথ্য দেন। তবে তাঁদের দলনেতা হায়দারকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তিন চোরের উদ্ধৃতি দিয়ে নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা প্রথম আলোকে জানান, চোরচক্রের সদস্যরা গাড়ি চালানোয় পারদর্শী। তাঁরা কখনো নগরে, কখনো গ্রামে কৌশলে নিজেদের বেকার যুবক দাবি করে গাড়ি চালানোর চাকরি নেন। বিশেষ করে কোনো চালকের বদলি হিসেবে তাঁরা গাড়ি চালান। পরে সুযোগ বুঝে গাড়িটি নিয়ে গা-ঢাকা দেন। চুরি করা গাড়িগুলো নগর ও জেলার কয়েকটি গ্যারেজে রাখা হয়। ওই সময় গাড়ির রং পাল্টানো হয়। কখনো যন্ত্রাংশ খুলে অন্য গাড়িতে লাগানো হয়। চোরের দল একটি নম্বরে একাধিক গাড়ি রাস্তায় নামায়। চুরি করা গাড়ির নম্বর পাল্টিয়ে ফেলে। পুলিশ ধরলেও টাকা দিয়ে ছাড়া পেয়ে যায়। এ ছাড়া তারা কিছুদিন নগরে, কিছুদিন গ্রামে অবস্থান করে। ফলে পুলিশ সহজে শনাক্ত করতে পারে না।

তিন চোর পুলিশের কাছে আরও স্বীকার করেন, বদলি চালকের আসনে বসা ছাড়াও রাস্তায় ও স্টেশনে চালক ছাড়া দাঁড়িয়ে থাকা গাড়িও মুহূর্তের মধ্যে তাঁরা চুরি করে নিয়ে যান। তাঁদের কাছে কিছু বিশেষ চাবি রয়েছে। যা দিয়ে সহজে গাড়ি চালু করা যায়।

উপপরিদর্শক সন্তোষ জানান, ২৩ অক্টোবর গভীর রাতে নগরের বাকলিয়া রাহাত্তারপুল এলাকা থেকে তিন চোরকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন জাবেদ, মিজান ও দিদার। এ সময় তাঁদের কাছ থেকে একটি চোরাই অটোরিকশা উদ্ধার করে পুলিশ। ১২ দিন আগে তাঁরা সিএনজি অটোরিকশাটি জেলার রাঙ্গুনিয়ার শিলক থেকে চুরি করেছিলেন। এ ঘটনায় চার চোরকে আসামি করে বাকলিয়া থানায় মামলা হয়েছে। পলাতক চোরচক্রের দলনেতা হায়দারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।