আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে চট্টগ্রামে এবার দুটি স্থায়ী ও ছয়টি অস্থায়ী পশুর হাট বসছে। ইতিমধ্যে এসব হাটের ইজারা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আগামী ৫ অক্টোবর থেকে অস্থায়ী হাটগুলোতে বেচাকেনা শুরু হবে। ইজারা পাওয়া ব্যবসায়ীরা হাটে পশু তোলার প্রস্তুতিও শেষ করেছেন।
নগরে দুটি স্থায়ী পশুর হাট হলো সাগরিকা ও বিবিরহাট। অস্থায়ী হাটগুলো হলো কর্ণফুলী গরুর বাজার, স্টিলমিল বাজার, পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় মাঠ, সল্টগোলা রেলক্রসিং মাঠ, কমলমহাজন হাট ও পোস্তারপাড় বিদ্যালয় মাঠ।
করপোরেশন সূত্রে জানা গেছে, এবার দুই দফায় অস্থায়ী হাটগুলো ইজারা দেওয়া হয়। প্রথম দফায় চারটি ও দ্বিতীয় দুটি হাট ইজারা দেয় সিটি করপোরেশন। প্রথম দফায় কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় কর্ণফুলী গরু বাজার ও সল্টগোলা রেলক্রসিং মাঠের জন্য দ্বিতীয়বার দরপত্র আহ্বান করা হয়। গত বৃহস্পতিবার দরপত্র কার্যক্রম শেষ হয়। এবার ছয়টি অস্থায়ী হাটের মধ্যে একটির ইজারা দেওয়া হয়েছে গতবারের তুলনায় কম দামে।
সিটি করপোরেশন এবার ছয়টি হাট ইজারা দিয়েছে দুই কোটি দুই লাখ ৩৫ হাজার ৭৭৪ টাকায়। গত বছর আয় হয়েছিল এক কোটি ৬৮ লাখ ৯ হাজার ৫৬৮ টাকায়। গতবারের তুলনায় এবার করপোরেশনের বেশি আয় হয়েছে ৩৪ লাখ ২৬ হাজার ২০৬ টাকা।
করপোরেশন সূত্রে জানা গেছে, আগামী ৫ অক্টোবর থেকে এসব হাটে গরু-ছাগল বিক্রি শুরু হবে। এ জন্য ইজারাদারেরা প্রস্তুতিও নিয়েছেন।
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমুদুল হক প্রথম আলোকে বলেন, যথাযথ নিয়ম মেনে সর্বোচ্চ দরদাতাকে হাট ইজারা দেওয়া হয়েছে। গতবারের তুলনায় ইজারামূল্য কম হওয়ায় দুটি হাটের দ্বিতীয় দফা দরপত্র দেওয়া হয়।
করপোরেশন সূত্রে জানা গেছে, এক কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকায় কর্ণফুলী হাটের ইজারা নেন ইব্রাহিম সওদাগর। গতবার এই হাটের ইজারামূল্য ছিল এক কোটি ৪৫ লাখ টাকা। প্রথম দফা নিলামে এই হাটের সর্বোচ্চ ইজারামূল্য ছিল এক কোটি ২৯ লাখ টাকা। ছয়টি অস্থায়ী হাটের মধ্যে এই হাট থেকে সবচেয়ে বেশি আয় করেছে করপোরেশন।
অন্যদিকে সল্টগোলা রেলক্রসিং হাটের ইজারামূল্য গত বছরের তুলনায় কম উঠেছে। পাঁচ লাখ ১০ হাজার ৯৯৯ টাকায় এই হাটের ইজারা নেন কামরুল ইসলাম। গত বছর হাটটি ইজারা দেওয়া হয় পাঁচ লাখ ৫০ হাজার ৭৮৬ টাকায়।
এ ছাড়া স্টিলমিল বাজার ইজারা দেওয়া হয়েছে ৩২ লাখ ৮০ হাজার টাকা। গত বছর ইজারামূল্য ছিল ২৯ লাখ টাকা। পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় মাঠ ইজারা দেওয়া হয়েছে পাঁচ লাখ ৫০ হাজার টাকায়। গতবার ছিল তিন লাখ ৫৫ হাজার টাকা। কমল মহাজন হাটের ইজারা মূল্য গত বার এক লাখ ১৫ হাজার টাকা থাকলেও এবার দেওয়া হয়েছে এক লাখ ৩২ হাজার টাকায়। এই তিনটি হাটের ইজারা পেয়েছেন স্থানীয় আওয়ামী সমর্থক মো.সাইফুদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দর দিয়ে ইজারা পেয়েছি। আমরা এলাকার সবাই মিলে হাটগুলো ইজারা নিয়েছি। এতে স্থানীয় কাউন্সিলর সহযোগিতা করেন।’ তিনি জানান, হাট থেকে অর্জিত আয়ের একটি অংশ স্থানীয় মাদ্রাসা-মসজিদে দেওয়া হবে।