নগরের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এক নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে আলাদা বিভাগ (ডিভিশন) ও জনবল কাঠামো গঠন করা হবে। তাতে থাকবেন একাধিক সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলীসহ প্রয়োজনীয় জনবল। এ ছাড়া একজন ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে জলাবদ্ধতা নিরসনসংক্রান্ত পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হবে। ২৬ জুলাই অনুষ্ঠেয় সাধারণ সভায় এ দুইটি কমিটি গঠন করা হবে। মেয়র মোহাম্মদ মন্জুর আলম দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনে গত বুধবার নগরের জলাবদ্ধতা নিরসনে তাঁর পরিকল্পনার কথা বলেন। করপোরেশন সূত্রে জানা যায়, জলাবদ্ধতা নিরসনে দুটি প্রকল্প বর্তমানে সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে চাক্তাই খালের দুই পাড়ে ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের জন্য ৭২ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রিসভা অনুমোদন করেছে। ‘মেরিনার্স সড়ক নির্মাণ’ নামের এ প্রকল্প একনেকে অনুমোদন পেলে আগামী শুষ্ক মৌসুমে কাজ শুরু হবে। এই অর্থ থেকে ৬৫ কোটি টাকা ব্যয় হবে ভূমি অধিগ্রহণে। বাকি টাকায় সড়ক নির্মাণের কাজ করা হবে। বহদ্দারহাট থেকে রাজাখালী পর্যন্ত ১৮ কোটি টাকায় প্রায় দেড় কিলোমিটার নতুন খাল খননের পরিকল্পনা রয়েছে। তৃতীয় কর্ণফুলী সংযোগ সড়কের পাশ দিয়েই এ খালটি খনন করা হবে। এ খালের প্রশস্ততা হবে ১৫ ফুট। সিটি করপোরেশনের ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আবু সালেহ প্রথম আলোকে বলেন, ‘মেরিনার্স সড়ক করা হলে আধুনিক যান্ত্রিক পদ্ধতিতে চাক্তাই খাল নিয়মিত খনন করা সম্ভব হবে। তা ছাড়া বহদ্দারহাট থেকে নতুন খাল খনন করা হলে জিইসি মোড় থেকে বহদ্দারহাট ও আশপাশের এলাকার জলাবদ্ধতা আর থাকবে না।’ জানা গেছে, নগরের উত্তরাংশের জলাবদ্ধতা নিরসন করতে কাট্টলী থেকে বন্দর পর্যন্ত শহর রক্ষা বাঁধে আরও ১০টি অতিরিক্ত স্লুইসগেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তা ছাড়া সাগরের জোয়ারের পানি যাতে নগরে ঢুকতে না পারে সেজন্য চাক্তাই ও মহেশখালের মুখে দুইটি ফ্ল্যাপগেট নির্মাণ করা হবে। এটি জোয়ারের পানি স্বয়ংক্রিয়ভাবে আটকে দেবে। আবার ভাটায় খালের পানি নামার সময় এটি সরে যাবে। এ সম্পর্কে মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘নগরের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন নানামুখী উদ্যোগ নেবে। সরকার ও জনগণের সহায়তা পেলে আমরা সফল হব। তবে এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং।’ তিনি আরও বলেন, ‘কর্ণফুলী যদি চার-পাঁচ ফুট খনন করা যায় তাহলে পানির অতিরিক্ত প্রবাহ শহরে আছড়ে পড়বে না। এতে শহরের পানি নদী ও সাগরে পড়াও সহজ হবে।’