নগরের পানিতে অতিরিক্ত আয়রন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী পানিতে এক পিপিএমের বেশি আয়রন থাকলে তা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু চট্টগ্রামের ঘনবসতিপূর্ণ বিস্তীর্ণ এলাকার পানিতে আয়রনের এই পরিমাণ ছয় পিপিএমের বেশি। গভীর নলকূপ বসিয়ে পরিশোধন ছাড়া অনেক এলাকায় এ পানি সরবরাহ করছে ওয়াসা। ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী মুশতাক উদ্দিন আখতার প্রথম আলোকে জানান, এ পানি ফিল্টারিং করে পান করলে কোনো ঝুঁকি থাকে না। তবে বেশির ভাগ এলাকায় তা হয় না। এ ব্যাপারে জনগণের সচেতনতারও অভাব রয়েছে। জানা যায়, আয়রনের পাশাপাশি শুকনো মৌসুমে লবণাক্ত পানিও সরবরাহ করা হয়। বিশেষ করে, মার্চ এপ্রিলের দিকে এ প্রবণতা বেড়ে যায়। তা ছাড়া নগরের উপকূলীয় এলাকার গভীর নলকূপেও ওই সময় লবণাক্তের পরিমাণ বেড়ে যায়। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘নগরবাসী পানি চায়। তাই নিরুপায় হয়ে আমরা কোনো কোনো এলাকায় আয়রনযুক্ত পানি সরবরাহ করি। বিশ্ব স্বাস্থ্যসংস্থা এক পিপিএম আয়রন থাকার বিষয়টি নির্ধারণ করে দিয়েছে। কিন্তু আমাদের মতো দেশে এটা অনেক সময় সম্ভব হয় না। কখনো কখনো সরবরাহ করা পানিতে চার থেকে পাঁচ পিপিএমও আয়রন থাকে। কারণ আমাদের আপাতত এর কোনো বিকল্প নেই।’ মাত্রাতিরিক্ত আয়রনে শরীরের বেশি ক্ষতি হয় না দাবি করে তিনি বলেন, ‘তবে মাথার চুল পড়ে যেতে পারে, অনেক সময় চুলে জটলা পাকায় কিংবা চামড়া খসখসে হয়ে যায়।’তবে এ কে এম ফজলুল্লাহ বলেন, আয়রনের চেয়ে লবণাক্ত পানি বেশি ক্ষতিকর। এ পানি পান করলে পাকস্থলীর ক্ষতি হয়। এ জন্য আমরা লবণাক্ত পানি সরবরাহ করি না। আগামী সময়ে কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন হলে আয়রনযুক্ত সব নলকূপ থেকেই পানি তোলা বন্ধ করে দেওয়া হবে। জানা যায়, নগরের বাকলিয়ার বিস্তীর্ণ এলাকা, চান্দগাঁও ও মোহরার নলকূপগুলোতে আয়রন বেশি মাত্রায় পাওয়া যায়। ওয়াসার গভীর নলকূপের বেশির ভাগই এ অঞ্চলে অবস্থিত। এসব নলকূপের একটি অংশের পানি বহদ্দারহাটে শোধনের মাধ্যমে গ্রাহকের কাছে সরবরাহ করা হয়। তবে কালামিয়া বাজার, রাহাত্তারপুল ও পশ্চিম বাকলিয়ার নলকূপগুলোর পানি শোধন ছাড়াই সরবরাহ করা হয়। এ পানি দেখতে ঘোলাটে, অনেক সময় দুর্গন্ধযুক্তও হয়ে থাকে।পশ্চিম বাকলিয়া এলাকায় বসবাসকারী জাবেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অনেক সময় গভীর নলকূপ থেকে পানি তুললে তা স্বচ্ছ দেখায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে পানি ঘোলা হয়ে যায়। এ পানি দিয়ে সাদা কাপড় কাচলে কাপড়ও লালচে হয়ে যায়।’