নগরের প্রবেশদ্বারে ভোগান্তি
‘নগরের বিধ্বস্ত চেহারা ঢাকতে রাস্তার দুপাশে লাল-সবুজের আবহ। জাকির হোসেন সড়কের কিছু জায়গায় এটা করা হয়েছে বিশ্বকাপ ক্রিকেটারসহ অতিথিদের বরণ করতে। কিন্তু শহরের অন্যান্য জায়গার মতো প্রবেশদ্বারগুলোর হতশ্রী দৃশ্য ঢাকা হবে কী দিয়ে?’ প্রশ্নটা রেখেছেন চট্টগ্রাম কলেজের বাংলা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুন নাহার। ১৬-১৭ ফেব্রুয়ারি নগরের প্রবেশদ্বার সিটিগেট, অক্সিজেন, কাপ্তাই রাস্তার মাথা, কালুরঘাট ও শাহ আমানত সেতু এলাকায় সরেজমিন ঘুরে পাওয়া গেল নাজমুন নাহারের প্রশ্নের উত্তর। দেখা গেছে, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম শহরের রূপ ফুটিয়ে তোলা হলেও প্রবেশদ্বারগুলোর দৈন্যদশা রয়ে গেছে আগের মতোই। প্রবেশদ্বারগুলোর অধিকাংশই পরিণত হয়েছে অবৈধ সিএনজিচালিত ট্যাক্সি, টেম্পো ও বাসস্ট্যান্ডে। এসবের সঙ্গে যুক্ত হয়েছে হকারদের উৎ পাত। এতে ব্যাহত হচ্ছে যাত্রীদের স্বাভাবিক যাতায়াত। প্রবেশদ্বারের মোড়ে যানজট হচ্ছে প্রতিদিন। যান চলাচলে সৃষ্টি হয়েছে হ-য-ব-র-ল অবস্থা। ফলে এসব প্রবেশদ্বার পরিণত হয়েছে ভোগান্তির দ্বারে।জানা যায়, অধিকাংশ প্রবেশদ্বারে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের কোনো তৎ পরতা দেখা যায় না। ভুক্তভোগী লোকজনের অভিযোগ, অবৈধ স্ট্যান্ড, স্থাপনা উচ্ছেদ, হকারদের উৎ পাত বন্ধ ও সড়ক দখলমুক্ত করার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট প্রশাসন। নগর পরিকল্পনাবিদ ও সুশীল ব্যক্তিরা মনে করেন, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নির্দিষ্ট কিছু জায়গা বা সড়কের সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু নগরের প্রবেশদ্বার এবং এসবের সঙ্গে যুক্ত সংযোগ সড়কের সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট সংস্থার সমন্বিত পরিকল্পনার ভিত্তিতে প্রবেশদ্বারগুলোর উন্নয়ন এবং যানজটমুক্ত রাখার ব্যবস্থা গ্রহণ জরুরি বলে তাঁরা অভিমত দিয়েছেন।