নগরের বর্জ্য ব্যবস্থাপনার বেহাল চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ এপ্রিল রিয়াজউদ্দিন বাজার ওয়াপদা গলির মুখে দেখা যায়, ময়লা ফেলার জন্য বসানো কনটেইনারটি আবর্জনায় টইটম্বুর। বাজারের একাধিক ব্যবসায়ী জানান, শহরের গুরুত্বপূর্ণ এই ব্যবসাকেন্দ্রের জন্য কনটেইনারটি পর্যাপ্ত নয়। দেখা গেছে, কনটেইনারের ময়লা-আবর্জনা উপচে পড়ছে। আবর্জনা ছড়িয়ে পড়েছে রাস্তার ওপরও। একই চিত্র দেখা গেছে আমতলা ও দেওয়ান বাজার এলাকায়। চন্দনপুরায় দিদার মার্কেটের সামনের কনটেইনারটির বাইরে ময়লা জমে রাস্তাটি প্রায় বন্ধ হয়ে যাবার দশা। কলেজছাত্রী নাঈমা নাজনীন জানান, ‘প্রায় প্রতিদিন এই ডাস্টবিনের অবস্থা এমনই থাকে। দুর্গন্ধের কারণে রাস্তা পেরিয়ে ওপাশ দিয়ে চলাচল করতে হয়।’ আন্দরকিল্লা জিএ ভবনের সামনে নর্দমার ঢাকনা খুলে ময়লা পরিষ্কার করছিলেন সিটি করপোরেশনের কর্মীরা। যানবাহন ও মানুষ চলাচলের কোনো তোয়াক্কা না করে রাস্তার পাশে আবর্জনা জড়ো করছিলেন তিনি। পরে আবর্জনাগুলো সরিয়ে নিলেও নর্দমার নোংরা কালো পানিতে সয়লাব হয়ে থাকে রাস্তার এক পাশ। মানুষকে ওই নোংরা পানি মাড়িয়ে হাঁটতে হলো। সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী লিটন দাশ জানান, ‘আমাদের কাজ করার কোনো যন্ত্রপাতি নেই শুধু একটা বেলচা ও ঝুড়ি নিয়ে কাজ সারতে হয়। অনেক সময় খালি হাতেও আমাদের ময়লা ধরতে হয়। আমাদের হাতে গ্লাভস বুট ও বিশেষ পোশাক দিলে কাজ করতে অনেক সুবিধা হতো।’এভাবে শহরের গলি উপগলি ঘুরলে চোখে পড়বে ময়লা-আবর্জনার ছড়াছড়ি। এসব ময়লা-আবর্জনা এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, ডাস্টবিন থাকলেও অনেক সময় স্থানীয় বাসিন্দা বা দোকানিরা ময়লা-আবর্জনা ডাস্টবিনের বাইরে ফেলেন। এতে জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়।বিশেষজ্ঞ চিকিত্সক প্রণব কুমার চৌধুরী বলেন, ‘ময়লা-আবর্জনার দুর্গন্ধ থেকে বাতাস ও পানির মাধ্যমে জীবাণু মানবদেহে ঢুকলে টাইফয়েড, হেপাটাইটিস, কলেরাসহ বিভিন্ন রোগ হতে পারে। এতে শিশুদের শ্বাসকষ্ট হয়।’ সড়ক দখল করে নির্মাণসামগ্রী রাখা, হকারদের উত্পাত, বর্জ্য বহনকারী গাড়ির ত্রুটি এবং জনসচেতনতার অভাবে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর এলাকার বর্জ্য ফেলার জন্য বর্তমানে ডাস্টবিন রয়েছে এক হাজার ৩৬০টি। কনটেইনার রয়েছে ৪৯টি। বর্জ্য অপসারণের জন্য যানবাহন (ট্রাক) রয়েছে ৮০টি। এর মধ্যে হাইড্রলিক পদ্ধতির (ড্রাম ট্রাক) গাড়ি রয়েছে ৩০টি। পরিচ্ছন্নকর্মী আছেন এক হাজার ৮০০। এর মধ্যে মহিলা পরিচ্ছন্নকর্মী রয়েছেন ৫০০। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন এক হাজার টন বর্জ্য অপসারণ করা হচ্ছে। সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা এসএম সিদ্দিকী জানিয়েছেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও জনসাধারণকে সচেতন করা যাচ্ছে না। নির্দিষ্ট ডাস্টবিন থাকা সত্ত্বেও একশ্রেণীর মানুষ যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে একদিকে পরিচ্ছন্ন কার্যক্রম জটিল করে তুলছেন। অন্যদিকে বিষিয়ে তুলছেন পরিবেশ। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা-আবর্জনা না ফেলার দায়ে প্রতি মাসে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ির মালিকদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।’ প্রতি মাসে মামলা হচ্ছে ২০০টি। এসবের পাশাপাশি দায়ী ব্যক্তিদের তিন থেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হচ্ছে। একজন জ্যেষ্ঠ বিচারিক হাকিমের নেতৃত্বে প্রতিদিন অভিযান চলছে। সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আবুল হাসনাত বর্জ্য বহনকারী ট্রাকের যান্ত্রিক ত্রুটির কারণে পরিচ্ছন্ন কার্যক্রম ব্যাহত হওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘জনসাধারণ সচেতন নন। আমরা এখনো সচেতন হতে পারিনি বলেই এই অবস্থা হচ্ছে।’ পরিচ্ছন্ন বিভাগ সূত্র জানায়, এক হাজার ৮০০ পরিচ্ছন্নকর্মীর তত্ত্বাবধানে আছেন ৬৭ জন কর্মচারী। প্রতিদিন একটি ডাস্টবিন থেকে দু-তিনবার বর্জ্য অপসারণ করা হয়। কিন্তু সরেজমিন বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, পূর্ব মাদারবাড়ি ও পাথরঘাটা এলাকা ঘুরে পরিচ্ছন্ন কর্মকর্তাদের দাবির সত্যতা পাওয়া যায়নি। বাকলিয়ার জেলেপাড়ার বাসিন্দা গৃহবধূ মিলা দে বলেন, ‘আমাদের এলাকার ডাস্টবিনের ময়লা গত তিন দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না।’ একইভাবে আলকরণ কাজী নজরুল ইসলাম সড়কের দুবাইওয়ালা ভবনের সামনে ডাস্টবিনের ময়লা-আবর্জনা দিকে ইঙ্গিত করে দোকানদার রহমান কাদির বলেন, ‘গত ২৪ ঘণ্টায়ও এই আবর্জনা পরিষ্কার করেননি পরিচ্ছন্নকর্মীরা। সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আবুল হাসনাত এ ব্যাপারে বলেন, বাকলিয়া, আলকরণ, পাথরঘাটা, চাক্তাই, চকবাজার, জয়নগর, মিয়াখাননগর, ধনিপুলসহ আরও ১০-১২টি ঘিঞ্জি ও ঘনবসতিপূর্ণ এলাকার রাস্তাঘাট সরু হওয়ায় ময়লা অপসারণের জন্য ট্রাক ঢুকতে পারে না। ফলে ওইসব স্থানে বর্জ্য অপসারণ কার্যক্রম বিঘ্নিত হয়। প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা এসএম সিদ্দিকী এক প্রশ্নের উত্তরে বলেন, ‘নগরে আরও প্রায় ২০০ ডাস্টবিন তৈরি করা হবে। এ ছাড়া অসংখ্য ভাঙা ডাস্টবিন মেরামত করা হচ্ছে।’ তিনি সকাল নয়টার আগে ও বিকেল পাঁচটার পর নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান।