নগরের বাঁকে বাঁকে রূপের ঝরনাধারা
বিশ্বকাপে বদলে যাবে বন্দরনগর। নগরের বাঁকে বাঁকে থাকবে রূপের আনন্দধারা, নানা আনন্দ-আয়োজন তুলে ধরবে বাঙালির কৃষ্টি-সংস্কৃতি। সাগরকন্যা চট্টগ্রামকে চিনিয়ে দেবে সড়কদ্বীপের ঝরনাধারা, হরেক ভাস্কর্য। ম-ম সৌরভ ছড়াবে ফুলের বাগান। চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশি অতিথিদের স্বাগত জানাবে ঐতিহ্যবাহী সাম্পান ও সাম্পানওয়ালা। বাংলাদেশসহ ১৪টি দেশের পতাকা ও বেলুন উড়বে মোড়ে মোড়ে। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের প্রবেশমুখে সবাইকে স্বাগত জানাবে ক্রিকেটারের ভাস্কর্য। বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরে এভাবেই রূপ খুলছে চট্টগ্রাম শহর ও জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়াম। জানা যায়, ইতিমধ্যে নগরের বিভিন্ন মোড়ে ভাস্কর্য বসানো হয়েছে। সড়ক ও স্টেডিয়াম উন্নয়নের কাজও প্রায় শেষ পর্যায়ে। ১২ ফেব্রুয়ারি কানাডার সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে চট্টগ্রামের বিশ্বকাপযাত্রা। ১৫ ফেব্রুয়ারির মধ্যে বড় ধরনের কাজ শেষ হয়ে গেলেও স্টেডিয়াম ও নগরের সৌন্দর্যবর্ধনের কাজ চলবে পুরো মাস। টাইগারপাসে টাইগার: নগরের টাইগারপাস মোড়ে বসানো হয়েছে বিশাল আকৃতির একটি রয়েল বেঙ্গল টাইগার। এ ছাড়া পাহাড়ের পাদদেশে দুই দিকে বসানো হয়েছে আরও দুটি রয়েল বেঙ্গল টাইগার। দেখে মনে হতে পারে জঙ্গল থেকে লোকালয়ে নেমে আসছে বাঘগুলো। একসময় বাঘ নামত বলে ওই জায়গার নাম হয়েছে টাইগারপাস। তবে কৃত্রিম এই বাঘ মানুষের নজর কেড়েছে। সিটি করপোরেশন এ কাজ করেছে। মোড়ে মোড়ে ঝরনা: ওয়াসা, জিইসি, টাইগারপাস, ইপিজেড মোড়, চক্ষু হাসপাতালের পাহাড়, বারিকবিল্ডিং, জামালখান, কাজীর দেউড়িসহ নগরের ৩০টি মোড়ে ঝরনা তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে ওয়াসা, জিইসি ও টাইগারপাস মোড়ের কাজ শেষ হয়েছে বলে জানান সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি। তিনি বলেন, ‘ঝরনার সঙ্গে থাকবে আলোর মেলা।’ বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত অংশে আলোকসজ্জায় পৃষ্ঠপোষকতা (স্পনসর) করেছে পিএইচপি গ্রুপ।অলিগলিতে পতাকা: ৭ মার্চ থেকে নগরের অলিগলি ও প্রধান সড়কে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী ১৪টি দেশের পতাকা উড়বে। এ ছাড়া উড়বে রংবেরঙের বেলুন। কাপড় ও কাগজ দিয়ে তৈরি হবে পতাকাগুলো। সিটি করপোরেশন এ উদ্যোগ নিয়েছে। এ ছাড়া ‘বিশ্বকাপ আইস্যে, চট্টগ্রামবাসী জাইগ্যে’ ডিজিটাল ব্যানার স্বাগত জানাবে দলগুলোকে।ক্রিকেটারদের ভাস্কর্য: নগরের বিভিন্ন স্থানে বসানো হবে বাংলাদেশ ক্রিকেট দলের ১৬ সদস্যের ভাস্কর্য। কেউ ব্যাট, কেউ বল হাতে দাঁড়িয়ে থাকবে মোড়ে মোড়ে। ঢাকায় এসব ভাস্কর্য তৈরি করা হচ্ছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে স্থাপনের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইতিমধ্যে জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামের প্রবেশমুখে সাগরিকায় ক্রিকেটারের ভাস্কর্য বসানো হয়েছে। ফুলের জলসা: পোর্ট কানেটিং সড়কের মুখে তৈরি করা হচ্ছে ফুলের বাগান। এ ছাড়া বিভিন্ন সড়কে পাঁচ-ছয় ফুট উচ্চতার পাঁচ হাজার গাছ লাগানো হচ্ছে। এ প্রসঙ্গে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি বলেন, ‘আমরা বড় কাজগুলো শেষ করে ফেলেছি। গাছ লাগানোর জন্য আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগবে।’ এ ছাড়া বিভিন্ন সড়কদ্বীপ ও ফুটপাত রং করার কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানা গেছে। সড়কদ্বীপ রং করার কাজ ৮০ শতাংশ শেষ বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে। রং করা হচ্ছে রাস্তার পাশের গাছ ও বিদ্যুতের খুঁটিও। তবে লাল ও সবুজ রঙে রাঙানো গাছ ও খুঁটিগুলোকে অনেকক্ষেত্রে বেমানান লাগছে বলে মন্তব্য করেন পথচারীরা। জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হবে: সিটি করপোরেশন নগরের ১০টি স্থানে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপের খেলা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে এসব স্ক্রিন বসানো হবে। স্টেডিয়ামে আসনসংকটের কারণে অনেক দর্শক টিকিট পাননি। তাঁদের জন্য খেলা দেখানোর উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। আউটার স্টেডিয়ামে কারুমেলা: বিশ্বকাপ উপলক্ষে আউটার স্টেডিয়ামে কারুমেলা আয়োজন করছে সিটি করপোরেশন। এতে তাঁত, শামুক, পাটজাত দ্রব্য, ক্ষুদ্র ও কুটির শিল্পজাতীয় পণ্য স্থান পাবে। মূলত চট্টগ্রাম তথা পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্য তুলে ধরতে এ মেলার আয়োজন করা হচ্ছে।