নগরের বুকে প্রকৃতির কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদে লম্বা ছুটি। ঈদের দিনটা বাসায় ও আত্মীয়স্বজনের সঙ্গে কাটালেও পরের দিন বেরিয়ে পড়তে পারেন। সারা বছরের কর্মব্যস্ততা ঝেড়ে একটি ফুরফুরে দিন কাটানোর মজাই হবে অন্য রকম। আর এ জন্য নগরের বুকে প্রকৃতির কাছাকাছি কোনো স্থান হলে মন্দ হয় না। তাই স্নিগ্ধ একটি দিন কাটাতে যে জায়গাটির কথা প্রথমেই আসে তা হলো ফয়’স লেক কমপ্ল্লেক্স। পাহাড়-হ্রদ ঘেরা ফয়’স লেকে সব বয়সীদের জন্য রয়েছে বিনোদনের আধুনিক সব সরঞ্জামও। ফয়’স লেকের গেট থেকে ভেতরে ঢুকতেই চোখে পড়বে মজার মজার অনেক রাইড। এসব রাইডের মধ্যে রয়েছে সার্কাস সুইং, বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, ফেরিস হুইল, পাইরেট শিপ, কফিকাপ, ইয়েলো ড্রাই স্লাইড, রেড ড্রাই স্লাইড, বাগ বাউন্স, ট্রেন ও দোলনা। এ ছাড়া রয়েছে পিজন স্কোয়ার—যেখানে রয়েছে নানা জাতের কবুতর। কবুতরগুলোকে খাবার দিয়ে একটু আদর করে ডাকলেই নির্ভয়ে এসে গায়ে বসবে। এখান থেকে একটু সামনে সিঁড়ি ভেঙে ওপরে উঠলেই দেখা যাবে লেকের দুপাশজুড়ে রয়েছে শুধুই সবুজ। এ জায়গার পাহাড়গুলো আবার বিভিন্ন নামে পরিচিত—অরুণিমা, জলটুঙ্গি, গোধূলি, অস্তাচল, আকাশমণি, বনশ্রী, হিমঝুরি, আসমানি, গগনদ্বীপ ও উদয়ন। বৃক্ষপ্রেমীদের মন জুড়াবে সেগুন, গর্জন, একাশিয়া, আগর, সোনালু, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কাঠবাদাম, ডুমুর, পামসহ বিভিন্ন প্রজাতির বনজ ও ঔষধি গাছগাছালি। রাইডে চড়া, পাহাড়ে পাহাড়ে তো ঘোরা হলো কিন্তু নৌকা নিয়ে যদি হ্রদে না বেড়ানো হয়, তবে সবটাই তো মাটি হয়ে যাবে। হ্রদে ভ্রমণের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা—বোট, স্পিডবোট, ইঞ্জিনবোট, ওয়াটার বি ইত্যাদি। ফয়’সলেকের এখন প্রধান আকর্ষণ সি-ওয়ার্ল্ড। বোট স্টেশন থেকে ইঞ্জিনবোটে ১০ মিনিটের পথ পেরোলেই যাওয়া যাবে এই ওয়াটার পার্কে। দিনভর জলকেলি উৎসবে মেতে ওঠা ঈদের আনন্দে অন্য মাত্রা যোগ করবে। রয়েছে কৃত্রিম সমুদ্রসৈকত, যা ওয়েভ-পুল নামে পরিচিত। সাগরের মতোই বড় বড় ঢেউ খেলা করে এখানে। আবার টিউবে উঠে ঢেউয়ের তালে ভেসে বেড়ানো যায় ইচ্ছেমতো। ওয়েভ-পুলের পাশেই রয়েছে ড্যান্সিং জোন। এ ছাড়াও মাল্টি স্লাইড, ডোম স্লাইড, প্লে-জোনসহ আরও কিছু রাইড পাবেন। রয়েছে গিফট শপ ও রেস্তোরাঁ। এ ছাড়া এবার ঈদের দিন থেকে ১০ দিন পর্যন্ত চলবে ডি-জে শো।