চট্টগ্রাম শহরের প্রবেশ পথ মইজ্যারটেক-পাঁচুরিয়া-ছালেহ আহমদ চৌধুরী সড়কের বিধ্বস্ত দুইটি সেতু পুনর্নির্মাণ না হওয়ায় পটিয়া ও বোয়ালখালী উপজেলার সাতটি ইউনিয়নের সঙ্গে শহরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে নারী ও শিশুসহ এলাকার প্রায় তিন লাখ মানুষেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর একটি মালবাহী বার্জের ধাক্কায় এই সড়কের কালারপুল বেইলি সেতুটি ভেঙে যায়। দুই বছর আগে ধলঘাট এলাকার চানখালী খালের ওপর চন্দকলারপুলটি (বেইলি সেতু) অতিবর্ষণে ধসে পড়ে। এ ছাড়া প্রায় পাঁচ বছর আগে হাবিলাসদ্বীপ সফর আলী মুন্সিরহাট এলাকার সেতুটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্থানীয় একটি শিল্পপ্রতিষ্ঠান লোহার পাত দিয়ে এ সেতুতে যান চলাচলের ব্যবস্থা করলেও অন্য দুই সেতু দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, আগে এ সড়ক দিয়ে পটিয়ার কেলিশহর, দক্ষিণভূর্ষি, হাবিলাসদ্বীপ, কোলাগাঁও, কুসুমপুরা এবং বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ও করলডেঙ্গাসহ আশপাশের চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ হাজারো মানুষ বিভিন্ন যানবাহনে চট্টগ্রাম শহরসহ কর্ণফুলীর তীর এলাকায় অবস্থিত শিল্পকারখানায় যাতায়াত করতেন। কিন্তু সেতু দুটি ভেঙে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকার সঙ্গে চট্টগ্রাম শহরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে কালারপুল এলাকার আশপাশের কিছু মানুষ নৌকায় করে খাল পার হয়ে যাতায়াত করলেও নারী ও শিশুসহ অধিকাংশ মানুষকে প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরে পিএবি সড়ক হয়ে চট্টগ্রাম শহরে যাতায়াত করতে হচ্ছে। এতে চরম দুর্ভোগের শিকার হওয়া ছাড়াও অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করতে হচ্ছে সবাইকে। ধলঘাট বীর কন্যা প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী ও সফর আলী মুন্সিরহাট এলাকার ব্যবসায়ী এনামুল হক বলেন, সেতু না থাকায় দিনের বেলায় কোনো রকমে নৌকা করে খাল পার হওয়া গেলেও রাতে নৌ-চলাচল বন্ধ থাকে। ফলে ওই সময় কোনো জরুরি কাজে যাতায়াতে মানুষকে বিপাকে পড়তে হয়। ধলঘাট ইউনিয়নের চেয়ারম্যান ছালামত উল্লাহ মল্ল জানান, সেতু দুটি নির্মাণ হলে এ সড়কটি এলাকাবাসীর জন্য আরকান সড়কের বিকল্প সড়কে পরিণত হবে। রাঙ্গুনীয়া উপজেলার সঙ্গেও যোগাযোগ সহজ হবে। এতে এলাকার মানুষের সময় ও অর্থ বাঁচবে। বদলে যাবে এলাকার সার্বিক চিত্র।যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পটিয়া উপবিভাগীয় প্রকৌশলী মোসলেম উদ্দিন আহম্মদ চৌধুরী প্রথম আলোকে জানান, কোনো রকমে যোগাযোগব্যবস্থা চালু রাখার জন্য কালারপুলের ওপর তিন কোটি নয় লাখ টাকা ব্যয়ে একটি বেইলি সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র মূল্যায়ন শেষে আগামী জানুয়ারি মাসে সেতুর কাজ শুরু হতে পারে। পটিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডির) আনিসুর রহমান জানান, চন্দকলার সেতুটি নির্মাণের জন্য পাঁচ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তিনি জানান, সড়কটি সওজের নাকি এলজিইডির এ নিয়ে দুই বিভাগের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্ব নিরসনের জন্য জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।