নগরের সব বিদ্যালয়ে শিক্ষক ও ল্যাব-সুবিধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি অনুদানের ওপর নির্ভর না করে নিজেদের উদ্যোগে কম্পিউটার ল্যাব স্থাপন করে শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা দেওয়া হচ্ছে নগরের সেন্ট প্লাসিডস উচ্চবিদ্যালয়ে। প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ বলেন, ‘সরকারের অনুদানের কথা এখনো পর্যন্ত আমরা জানি না। তবে সরকারের দেওয়া কম্পিউটারবিষয়ক বই এখানে এসেছে। আসলে অনুদানের কম্পিউটারের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই। কারণ আমাদের ইতিমধ্যে নিজস্ব ল্যাবে ২০টি কম্পিউটার বসিয়েছি।’সেন্ট প্লাসিড উচ্চবিদ্যালয়ে ছাত্র আছে প্রায় দুই হাজার। এর মধ্যে নবম-দশম শ্রেণীর প্রায় ৬৫০ ছাত্রকে কম্পিউটার বিষয়ে হাতে-কলমে শেখানো হয়। এ ব্যাপারে কম্পিউটার শিক্ষক ব্রাদার মন্ত্রজয় ত্রিপুরা বলেন, ‘ছাত্ররা খুব আগ্রহ ভরে কম্পিউটারের খুঁটিনাটি ব্যাপারগুলো জানতে চায়। তাই তাদের শেখাতেও বেশ ভালো লাগে।’ গত বছর অক্টোবরে নির্বাচন উপলক্ষে ছবি তোলাসহ বিভিন্ন আনুষঙ্গিক কাজে ব্যবহারের জন্য সরকারিভাবে দুইটি ল্যাপটপ দেওয়া হয় সেন্ট স্কলাসটিকা বালিকা উচ্চবিদ্যালয়ে। নির্বাচনের কাজ শেষে সেগুলো বিদ্যালয়কে দিয়ে দেওয়া হয়। সেগুলো দিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। এ ছাড়া, আটটি কম্পিউটারসহ নিজস্ব ল্যাবও আছে বিদ্যালয়ের। প্রধান শিক্ষিকা মেরী পালমা বলেন, ‘নির্বাচনের সময় ব্যবহূত দুইটি ল্যাপটপ দিয়ে আমরা শ্রেণীকক্ষে গিয়ে ছাত্রীদের শেখাই। আমাদের নিজস্ব ল্যাবও আছে। তাতে আটটি কম্পিউটার এবং এ বিষয়ে একজন শিক্ষিকা ও সার্বিক ব্যাপারগুলো দেখাশোনার জন্য একজন কম্পিউটার তত্ত্বাবধায়ক আছেন। আসলে আমাদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তাই সরকারি অনুদানের আশায় বসে না থেকে নিজেদের উদ্যোগে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করেছি।’ সেন্ট স্কলাসটিকা উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ-অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় ৬৫০ ছাত্রীকে কম্পিউটার শেখানো হয়। এ ছাড়া, বিদ্যালয়ের যাবতীয় প্রশ্নপত্র, ঘোষণাপত্র ইত্যাদি বিদ্যালয়ের নিজস্ব কম্পিউটার এবং প্রিন্টারের মাধ্যমে করা হয় বলে জানান মেরী পালমা। তবে পর্যাপ্ত কক্ষের অভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও কম্পিউটার ল্যাব বড় করা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। বিদ্যালয়ে মোট দুই হাজার ২০০ ছাত্রী আছে।সরকারি অনুদানে জেএম সেন (বহুমুখী) উচ্চবিদ্যালয়ে শিগগিরই শুরু হচ্ছে নতুন কম্পিউটার ল্যাব। ১১টি কম্পিউটার, পাঁচটি প্রিন্টার এবং ইন্টারনেট সংযোগসহ ল্যাবের নির্মাণকাজ প্রায় শেষ। সরকার ল্যাব নির্মাণের জন্য ২০ হাজার টাকা দিয়েছে। বাকি টাকা বিদ্যালয়ের তহবিল থেকে জোগান দেওয়া হচ্ছে। কিছু দিনের মধ্যে ল্যাবটি চালু করা হবে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘আগে আমাদের চারটা কম্পিউটার ছিল। এখন সরকারি সাহায্যে নতুন ল্যাব শুরু করতে যাচ্ছি।’ জানা যায়, বিদ্যালয়ে ইতিমধ্যে একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নবম-দশম শ্রেণীর প্রায় দেড় শ ছাত্রকে কম্পিউটার শিক্ষা দেওয়া হচ্ছে। কম্পিউটার শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘আপাতত আগের কম্পিউটার দিয়ে ক্লাস করাচ্ছি। শিগগিরই নতুন ল্যাব চালু হলে নতুন কম্পিউটারে কাজ শুরু করব।’ সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ে কম্পিউটার আছে ছয়টি। এগুলো প্রয়োজনের তুলনায় কম।নিজেদের আরও বেশি কম্পিউটার এবং ল্যাব আরও বড় করার ওপর জোর দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জিয়াউল হায়দার। তিনি বলেন, ‘এখন আমাদের ল্যাবে শুধু নবম-দশম শ্রেণীর সর্বোচ্চ ৫০ জন ছাত্র নিয়ে কাজ করতে পারি। অন্য শ্রেণীর ছাত্রদেরও কম্পিউটার শেখাতে গেলে আরও বেশি কম্পিউটার ও বড় ল্যাব দরকার।’ জানা যায়, কম্পিউটারে মাঝেমধ্যে নানা রকম সমস্যা দেখা দেয়। এসব সমস্যা সরকারের কাছ থেকে পাওয়া ভাতা কিংবা বিদ্যালয়ের তহবিল থেকে টাকা দিয়ে সারিয়ে নেওয়া হয়। জামালখানের খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ে এসইএসডি (সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট) প্রকল্পের আওতায় প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সব ছাত্রীই লার্নিং অর্থাৎ কম্পিউটার শিক্ষা পাচ্ছেন। প্রকল্প থেকেই বিদ্যালয়ে ২০টি কম্পিউটার, তিনটি প্রিন্টার, প্রজেক্টর, এসি, আইপিএস দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারের কাছ থেকে পাওয়া গেছে ১২টি কম্পিউটার। ১০ জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের তত্ত্বাবধানে সপ্তম থেকে দশম শ্রেণীর এক হাজার ৫০০ ছাত্রী কম্পিউটার শিখছে। তাদের আলাদা ল্যাবের ব্যবস্থাও রয়েছে। অন্যদিকে পাহাড়িকা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা জিন্নাতুন্নেসা জানান, ‘বিদ্যালয়ে কোনো কম্পিউটার এবং শেখানোর মতো শিক্ষকও নেই।’ চট্টগ্রাম সরকারি বালক উচ্চবিদ্যালয়ে কম্পিউটার আছে তিনটি। নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার প্রায় ১০০ ছাত্রের কম্পিউটার শিক্ষা বিষয়টি আছে। ল্যাবের জন্য নির্দিষ্ট কোনো ল্যাব কক্ষ নেই। প্রাত বিভাগের কম্পিউটার শিক্ষক সুকুমার দাশ বলেন, ‘শিক্ষকদের কমনরুম ভাগ করে ল্যাব বানিয়েছি। সরকার আলাদা ল্যাব করে দিলে ভালো হবে।’ হাজি মুহম্মদ মহসিন সরকারি বালক উচ্চবিদ্যালয়ে কম্পিউটার আছে চারটি। তার মধ্যে তিনটি নষ্ট। কম্পিউটার শিক্ষার আট-দশজন ছাত্র মাত্র একটি কম্পিউটার নিয়ে কাজ করছে। প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল লতিফ জানান, যথাসম্ভব তাড়াতাড়ি ল্যাব সুবিধা তৈরি করা হবে। শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটের শিক্ষকেরা নিজেরাই কম্পিউটার ল্যাব করেছিলেন। এখন সরকার ল্যাবের জন্য ২০ হাজার টাকা ও ১১টি কম্পিউটার দেওয়ার কথা বলছে। প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, ‘নবম-দশম শ্রেণীর ৩৮ শিক্ষার্থীর জন্য আটটি কম্পিউটার আছে। সরকারের প্রতিশ্রুতি মতো টাকা ও কম্পিউটার পেলে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো হবে।’ কুসুমকুমারী বালিকা উচ্চবিদ্যালয়ে ৩০ জন ছাত্রী কম্পিউটার শিক্ষা বিষয়টি নিয়েছে। তাদের জন্য কম্পিউটার আছে ২২টি। প্রধান শিক্ষিকা লিলি বড়ুয়া জানান, ‘সরকার ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করেছিল। বইও দিয়েছিল। কিন্তু পরে ফেরত নিয়ে গেছে। বর্তমানে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটার শিক্ষা চালু রয়েছে।’ বাকলিয়ার বাকলিয়ার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীর তুলনায় কম্পিউটারের সংখ্যা খুবই অপ্রতুল। রয়েছে প্রশিক্ষিত শিক্ষকের সংকটও।বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এর আওতায় বাকলিয়ার কয়েকটি উচ্চবিদ্যালয় গত মাসে ১১টি করে কম্পিউটার পেয়েছে। বাকলিয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে ১১টি কম্পিউটার দেওয়া হয় গত ৩০ জুন। বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী উম্মে সায়রা ওরফে মণি ও অতসী সাহা জানায়, ‘নতুন কম্পিউটার আসায় আমরা খুব খুশি।’ উম্মে সায়রা বলল, ‘আগে তিনটা কম্পিউটারে সবাই মিলে সপ্তাহে এক ঘণ্টা ব্যবহারিক ক্লাস করেছি। এখন বেশি সময় পাব। সেটা ভেবেই ভালো লাগছে।’ কম্পিউটার শিক্ষক আফসানা আনজুম বলেন, ‘আগে শুধু নবম-দশম শ্রেণীতে কম্পিউটার থাকলেও এখন ষষ্ঠ থেকে সব শ্রেণীর ছাত্রীরা কম্পিউটার শিখতে পারবে। ইন্টারনেট সংযোগ থাকায় শিক্ষার্থীরা বৈশ্বিক ধ্যান-ধারণা, তথ্য-উপাত্ত জানতে ও দেখতে পারবে।’ প্রধান শিক্ষক এম এ ছফা চৌধুরী বললেন, ‘আমার বিদ্যালয়ের আগের ছয়টা কম্পিউটার থেকে তিনটাসহ মোট ১৪টা ল্যাবে বসাচ্ছি। তবু বিদ্যালয়ের ৮৫০ জন ছাত্রীর মধ্যে ৩৫০ জনের বেশি কম্পিউটার বিষয় নেওয়ার বা শেখার সুযোগ পাবে না।’ দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ গোফরান হাসান বলেন, ‘আমার বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক নেই। তবে অন্য বিষয়ের একজন শিক্ষককে প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে। ১১টা কম্পিউটারে আমার বিদ্যালয়ের ৭০০ শিক্ষার্থীর অর্ধেকও কম্পিউটার শেখার সুযোগ পাবে না।’ এ এল (আবদুল লতিফ) খান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুচ ছালাম চৌধুরী বলেন, ‘আমাদের এখানে তৃতীয় শ্রেণী থেকে কম্পিউটার শেখানোর পরিকল্পনা আছে। তবে মাত্র ১১টা কম্পিউটার দিয়ে বিদ্যালয়ের দুই হাজার ১০০ জন শিক্ষার্থীর মধ্যে কতজনকে সুযোগ দেওয়া যাবে—সেটাই ভাবছি।’ নুরুল ইসলাম বালিকা উচ্চবিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক না থাকায় অন্য বিষয়ের দুজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জানালেন প্রধান শিক্ষক লিয়াকত উল্লাহ।পাহাড়তলীনগরের পাহাড়তলী এলাকায় একটি স্বনামধন্য বিদ্যালয়ে নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ে আবু সুফিয়ান। ঐচ্ছিক বিষয় হিসেবে নিয়েছে কম্পিউটার শিক্ষা। অন্য বিষয় বাদ দিয়ে কম্পিউটার শিক্ষা কেন? এ প্রশ্নের জবাবে বলল, ‘বর্তমান পৃথিবী কম্পিউটারনির্ভর। ভবিষ্যতে চাকরি ক্ষেত্রেও কম্পিউটারের ব্যবহারিক জ্ঞান অপরিহার্য হয়ে পড়ছে। তাই ঐচ্ছিক বিষয় হিসেবে কম্পিউটার শিক্ষা নিয়েছি।’ পাহাড়তলী রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হুদা বলেন, ‘বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ছাত্রদের কম্পিউটার শেখার কোনো বিকল্প নেই। এমনকি আমাদের দাপ্তরিক কাজেও কম্পিউটার অনেক গতিশীলতা এনে দিয়েছে।’ বিদ্যালয়ের ছাত্রসংখ্যার অনুপাতে কম্পিউটারের সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘শুরু করাটাই মূল ব্যাপার। নিয়মিত চালু রাখতে পারলে পরবর্তীকালে কম্পিউটারের সংখ্যা বাড়ানো যাবে।’ কম্পিউটারে পাঠদানের ব্যাপারে বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক গাজী মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, ‘আমরা প্রত্যেক শ্রেণীর রুটিনে কম্পিউটার বিষয় রাখি। ওই সময়ে ছাত্ররা ল্যাবে গিয়ে ক্লাস করে।’ শিক্ষা বোর্ডের মাধ্যমে সরবরাহ করা এসব কম্পিউটার সম্পর্কে নানান অভিযোগও রয়েছে। পাহাড়তলী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষা বোর্ডের মাধ্যমে ফ্লোরা ইলেকট্রনিকস আমাদের দুইটি কম্পিউটার সরবরাহ করে। কিন্তু এর একটির মনিটর সম্পূর্ণ নষ্ট। পরে ফ্লোরায় যোগাযোগ করলেও কোনো কাজ হয়নি।’ এ ছাড়া এসব কম্পিউটারসামগ্রী অত্যন্ত নিম্নমানের বলেও অভিযোগ পাওয়া গেছে। ফলে কিছু দিন পর পর এগুলো নষ্ট হয়ে যায়। মেরামতের জন্যও বেশ খরচ করতে হয়, যা বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে দিতে হয়। এসব কারণে ভোগান্তিতে পড়তে হয় বিদ্যালয় কর্তৃপক্ষকে। পাহাড়তলী বালিকা উচ্চবিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. নূর নবী বলেন, ‘আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত কম্পিউটার থাকলেও শিক্ষকসংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া গেলে পাঠদান আরও ভালো হতো।’ দক্ষিণ কাট্টলী বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আশুতোষ চক্রবর্তী জানান, ‘সরবরাহ করা কম্পিউটার ছাত্রসংখ্যার তুলনায় অপ্রতুল। তা ছাড়া এসব কম্পিউটারের কোনো সমস্যা দেখা দিলে তা মেরামত করতে ঝামেলায় পড়তে হয়। সরকারের পক্ষ থেকে নিয়োজিত কোনো প্রতিষ্ঠান যদি কিছুদিন পর পর এসব কম্পিউটার পরীক্ষা করে যায় তাহলে নিরবচ্ছিন্ন পাঠদান সম্ভব হয়।’ সরকারের দেওয়া এসব কম্পিউটার শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সহায়ক হবে সন্দেহ নেই। তবে এগুলোর রক্ষণাবেক্ষণ ও ইন্টারনেট বিলের খরচ যদি ছাত্রদের ওপর তুলে দেওয়া হয় তবে অভিভাবকদের ওপর আর্থিক চাপ বাড়বে বলে মনে করেন অভিভাবকেরা। প্রতিবেদন তৈরি করেছেন লিমা চৌধুরী, মহিউদ্দিন কাদের, অনুপম শীল ও পিংকী চৌধুরী