নগরের সেরা কলেজিয়েট স্কুল
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার এবারের ফলাফলে নগরের শীর্ষে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। ১৮২ শিক্ষার্থীর সবাই প্রথম বিভাগ অর্জন করেছে। সেরাদের মধ্যে প্রথম থেকে তৃতীয় স্থানও অর্জন করেছে এ স্কুল। স্কুলের এবারের ফলাফল মানের দিক থেকে গতবারের চেয়েও সেরা। সবাই প্রথম বিভাগ। সব মিলিয়ে শুধু শীর্ষস্থানই ধরে রাখেনি, ফলাফলে অগ্রগতিও হয়েছে বলে জানান প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজ উদ্দিন। কয়েক বছর ধরে অব্যাহতভাবে শীর্ষ ফলাফল সম্পর্কে তিনি বলেন, ‘পাঁচ বছর আগে চট্টগ্রামের কয়েকটি বিদ্যালয় ফলাফলে আমাদের চেয়ে এগিয়ে ছিল। ওই সময় থেকে আমরা ছাত্রদের পাঠদান কার্যক্রমে শিক্ষকদের সঙ্গে অভিভাবকদেরও ব্যাপকভাবে সম্পৃক্ত করে আসছি। এতেই গত দুই বছর আমাদের শীর্ষ ফলাফল আর হাতছাড়া হয়নি।’ কলেজিয়েট স্কুলের শীর্ষ ফলাফলে আপ্লুত শিক্ষার্থী ও অভিভাবকেরা। প্রথম বিভাগ পাওয়া অর্পণ কর এক দৌড়ে সবাইকে পেছনে ফেলে সবার পক্ষ নিয়ে বলল, ‘আমাদের স্কুল সেরা। আমার বন্ধুরাও সেরা। সবাই মিলে ভবিষ্যতেও ভালো ফল করব।’ তার মা ঝর্ণা কর বললেন, স্কুলের নিয়মিত পড়াশোনা ও অভিভাবকদের প্রতি নিয়মিত নির্দেশনা থেকেই এমন ভালো ফল এসেছে।