‘পরিকল্পিত নগর নিশ্চিত হোক নগর পরিকল্পনাবিদদের যথার্থ অংশগ্রহণে’ স্লোগানে সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ আয়োজন করে দুই দিনব্যাপী অনুষ্ঠান ‘নগর ও অঞ্চল পরিকল্পনা দিবস’। এই স্লোগান কেন বেছে নিলেন? জানতে চাইলে আয়োজক ব্যাচের পক্ষ থেকে হামিদুল হাসান বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য ছিল যেসব ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের জন্য উপযুক্ত জ্ঞান কেবল নগর পরিকল্পনাবিদের আছে, সেখানে নগর পরিকল্পনাবিদের অবস্থান নিশ্চিত করা। আমাদের দেশে স্নাতকোত্তর পর্যায়ে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ অনেক আগে থেকে থাকলেও স্নাতক পর্যায়ে এই বিভাগ বেশ নতুনই বলা যায়। ফলে দেখা গেছে, অনেক জায়গায় নগর পরিকল্পনাবিদের উপস্থিতি অনিবার্য হলেও সেখানে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন একজন স্থপতি অথবা পুরকৌশলী।’অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রাম চালু হয়। এই বিভাগের একাডেমিক সেশন শুরু হয় ১৯৬৮ সালে। পরবর্তী সময়ে ১৯৯৬ সালে ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে এই বিভাগে চালু হয় স্নাতক প্রোগ্রামও। পড়ার বিষয় হিসেবে নগর ও অঞ্চল পরিকল্পনাকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মুসাররাত জামান। ‘ছোটবেলা থেকেই ঢাকায় থাকি। যে যা-ই বলুক, ঢাকা-ই আমার প্রাণের শহর। এই শহরকে মনের মতো করে সাজানোর সুযোগ পাব, সেই স্বপ্ন নিয়েই মূলত নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তি হওয়া। আর এখন আস্তে আস্তে যত পড়াশোনা করছি, ততই বুঝতে পারছি, আমাদের দেশের জন্য এই বিভাগ কতখানি জরুরি।’ভবনের নিচতলায় দেখা মিলল প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর। কেমন লাগছে এই বিভাগে পড়াশোনা করতে? ‘আমরা প্রতি ব্যাচে আছি মাত্র ৩০ জন, যে কারণে খুব অল্প সময়েই আমরা একটা পরিবারের মতো হয়ে উঠি। অন্যান্য বিভাগের তুলনায় আমাদের মধ্যে সৌহার্দ্যটাও হয়তো এ কারণেই বেশি। সিনিয়র, জুনিয়র ও শিক্ষকদের সঙ্গেও আমাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। নবীনবরণ, বিদায় অনুষ্ঠান আর বিভাগের সবচেয়ে বড় অনুষ্ঠান নগর ও অঞ্চল পরিকল্পনা দিবস—এই অনুষ্ঠানগুলো আয়োজন করতে গিয়ে আমরা হয়ে যাই ইউআরপি পরিবারের একটা অংশ।’ বললেন প্রথম বর্ষের শিক্ষার্থী কাশফিয়া নেহরীন।বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা শেষ হলেও এখন তাঁরা ব্যস্ত থিসিস নিয়ে। কথা হলো তাঁদের কয়েকজনের সঙ্গে। আর কয়েক দিন পর তাঁরা হয়ে যাবেন পূর্ণাঙ্গ নগর পরিকল্পনাবিদ। নগর পরিকল্পনার কোন বিষয়টি সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হয়? উত্তরে শেষ বর্ষের শিক্ষার্থী তানজীব আহমেদ বলেন, ‘আসলে নগর পরিকল্পনার প্রধান কাজই হচ্ছে ভবিষ্যৎকে মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া। প্রায় সব ক্ষেত্রেই আমাদের দেশে এখন যেটা দেখা যায়, একটা সমস্যা সমাধানের জন্য এমন একটা পদক্ষেপ নেওয়া হলো, যার কারণে ভবিষ্যতে আরও বড় কোনো সমস্যা তৈরি হলো। একজন নগর পরিকল্পনাবিদ হিসেবে আমাদের চেষ্টা হবে, এ ধরনের সমাধান না দিয়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সীমিত সম্পদের সর্বোচ্চ ও সুষ্ঠু ব্যবহার। সেই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে সমন্বয় আনাও আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ।’ তানজীব আহমেদের বক্তব্যকেই উদাহরণের মাধ্যমে সমর্থন করলেন একই বর্ষের শাহাদাত হোসেন। তিনি বললেন, ‘আমাদের দেশে যেখানে সম্পদ সীমিত এবং অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, সেখানে আমি মনে করি না ফ্লাইওভার কোনো সমাধান। একজন নগর পরিকল্পনার শিক্ষার্থী হিসেবে আমি চাইব, নতুন রাস্তা বানানোর পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্টের সংখ্যা ও মান বাড়াতে অথবা প্রাইভেট কারের ওপর বেশি ট্যাক্স বসাতে।’আড্ডা আর গল্প জমে গেল। কথায় কথায় জানা গেল ইউস্যাবের (ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বুয়েট) পক্ষ থেকেই বর্তমানে বিভাগের বিভিন্ন অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুঝতে অসুবিধা হলো না, এই বিভাগের শিক্ষার্থীরা পড়াশোনায় যেমন উজ্জ্বল, আয়োজক হিসেবেও ঠিক ততখানিই দক্ষ।বিভাগের নিচতলায় এবং তৃতীয় তলায় গিয়ে দেখা গেল বিভিন্ন সময়ে ছাত্রছাত্রীদের তৈরি করা অনেক মডেল ও প্যানেল। কোথাও উপস্থাপিত হয়েছে পরিকল্পিত এক আদর্শ নগর, কোনোটি আবার সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বর্তমান ঢাকার বিভিন্ন সমস্যা।এত মেধাবী নগর পরিকল্পনাবিদ থাকার পরও অপরিকল্পিত উন্নয়ন কিন্তু থেমে নেই আমাদের দেশে। এর কারণ হিসেবে সুষ্ঠু বাস্তবায়নের অভাবকে চিহ্নিত করলেন বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইসলাম, ‘বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা প্রস্তুত করি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, সরকারি নীতিনির্ধারকদের সদিচ্ছার অভাব, বিভিন্ন রাজনৈতিক প্রভাব এবং ক্ষুদ্র এক গোষ্ঠীর স্বার্থরক্ষার প্রচেষ্টার কারণে পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয় না।’কথায় কথায় বিকেল ঘনিয়ে এল। বিদায় নিলাম নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ছাত্রছাত্রীদের কাছ থেকে, যাঁদের চোখে আছে সমালোচনামুক্ত আদর্শ বাংলাদেশ গড়ার স্বপ্ন আর অন্তরে সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার।