নগরের ৩৫ জায়গায় মাদকের বেচাকেনা
নগরের অন্তত ৩৫টি জায়গায় (স্পট) মাদক বেচাকেনা চলে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো মাদক বিক্রেতাদের আস্তানায় অভিযান অব্যাহত রাখলেও পরিস্থিতি উন্নয়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না; বরং নগরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা বস্তি ও ঝুপড়িঘরকে কেন্দ্র করে মাদকের বিস্তার ঘটছে বলে অভিযোগ আছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক খুশী মোহন বিশ্বাস দাবি করেন, গত বছরের তুলনায় এ বছর চট্টগ্রামে মাদক-সংক্রান্ত অপরাধ কমেছে। তিনি মাদকের বিরুদ্ধে অভিযানে পুলিশের অসহযোগিতার কথা উল্লেখ করে বলেন, ‘আমি ২০ জুন সার্কিট হাউসে অনুষ্ঠিত চট্টগ্রাম আঞ্চলিক টাস্কফোর্সের বৈঠকে মাদক অপরাধ দমনে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার কথা উল্লেখ করেছি। বলেছি, মাদক অপরাধবিষয়ক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা আদালত গঠন করতে হবে।’সরেজমিনে অনুসন্ধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, নগরের লালখান বাজার, মতিঝর্ণা কলোনি, মাদারবাড়ী, বরিশাল কলোনি, শেরশাহ কলোনি, রেলস্টেশন এলাকা, পাথরঘাটা, বার্মা কলোনি, বাকলিয়াসহ বিভিন্ন এলাকার বস্তিতে মাদকদ্রব্য বেচাকেনা চলছে আগের মতো। কদমতলী, বরিশাল কলোনি এলাকায় ফোরস্টার সিন্ডিকেট, মাদারবাড়ী ও দারোগারহাট এলাকায় মরিচ্যাপাড়া সিন্ডিকেটসহ অন্তত আট থেকে ১০টি সিন্ডিকেট মাদক সংগ্রহ, পাচার ও বেচাকেনার সঙ্গে জড়িত। জানা গেছে, এরা ব্যবসা নির্বিঘ্ন করতে প্রশাসন, পুলিশ, এমনকি সাংবাদিকদের জন্য ঘাটে ঘাটে টাকা দেয়। সম্প্রতি ডবলমুরিং থানার পুলিশের হাতে গ্রেপ্তার সম্রাট ইউসুফ, তাঁর দুই সহযোগী নয়ন ও বিপ্লব পুলিশকে এ তথ্য দিয়েছেন। গতকাল শনিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে আবদুল কাদের ওরফে ডাইল কাদের নামে আরও এক মাদকসম্রাটকে। পুলিশ ফারুক ও মনির নামে আরও দুই মাদকসম্রাটকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানা যায়।গোয়েন্দা পুলিশ নগরের ৩৫টি স্থানকে (স্পট)মাদক বেচাকেনার কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে। এগুলো হলো: পশ্চিম মাদারবাড়ীর ব্র্যাক ব্যাংক, পাহাড়তলি ডেবা কলোনি, কদমতলী বাসস্ট্যান্ড, পুরাতন রেলওয়ে স্টেশন, স্টেশন রোড চৈতন্যগলি কবরস্থানের পাশে, বরিশাল কলোনি ভাঙা মসজিদ, মতিঝর্ণা কলোনি, আগ্রাবাদ বাস্তুহারা কলোনি, গোসাইলডাঙ্গা ডাইল ব্রিজ, হালিশহরে বিহারি কলোনি, পশ্চিম রামপুর মিয়ারবাড়ী, বার্মাপাড়া কলোনি, পশ্চিম মাদারবাড়ী এসআরবি বস্তি, সিআরবি এলাকার চৌদ্দ জামতলা, বয়লার কলোনি, এনায়েত বাজারের গোয়ালপাড়া, আসকারদীঘির বালুরমাঠ, চৈতন্যগলি, বক্সিরহাট পুরাতন গির্জা ও মহল মার্কেট এলাকা, পাথরঘাটা এয়াকুব নগর, আশরাফ আলী রোডের রফিকের কলোনি, শেরশাহ কলোনি, বাংলাবাজারের বিপরীতে চন্দ্রনগর এলাকা, রিয়াজউদ্দিন বাজার পোস্ট অফিস গলি, স্টেশন রোড পর্যটন মাঠের পার্শ্ববর্তী বস্তি, দারোগারহাট স্টেশন কলোনি, আইস ফ্যাক্টরি রোড, বাকলিয়া তক্তারপুল, খাজা রোডের পাক্কা দোকান এলাকা, নিমতলা বস্তি, আগ্রাবাদ বড় পুল খালের পাড়, টাইগারপাস পিডব্লিউ কলোনি এলাকা, বার্মা কলোনি ও চন্দ্রনগর ইয়াসিন কলোনি। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘নগরের ৩৫ জায়গায় আট থেকে ১০টি শক্তিশালী চক্র মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে আমরা তথ্য পেয়েছি। এদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে।’ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রমতে, ফেনসিডিল ও গাঁজা আসছে কুমিল্লার আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে। ইয়াবা আসে টেকনাফ দিয়ে।