প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত ডিজিটাল সেন্টারের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এই উপলক্ষে গতকাল শনিবার শোভাযাত্রা ও অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করা হয়। সকালে নগরের আন্দরকিল্লার নগর ভবন থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগর ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।
নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সচিব রশিদ আহমদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উদ্যোক্তা জামশেদ হাসান, কাউছার আকতার প্রমুখ। সভার শুরুতে ডিজিটাল প্রযুক্তির ই-সেবা কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র বড় পর্দায় উপস্থাপন করা হয়।
আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরের ৪১টি ওয়ার্ডে ডিজিটাল সেন্টারের কার্যক্রম চালু করা হবে। এতে ওয়ার্ড কার্যালয় থেকে নগরবাসী স্বল্প খরচে ও কম সময়ে বিভিন্ন সেবা পাবেন। এই ব্যাপারে উদ্যোক্তাদের আন্তরিক ভূমিকা পালন করতে হবে। নাগরিক সেবার স্বার্থে প্রতিটি ডিজিটাল সেন্টারে একজন নারী ও পুরুষ উদ্যোক্তা দায়িত্ব পালন করবেন। সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন জানান, ২০১০ সালের ১১ নভেম্বর ইউনিয়নের তথ্য ও সেবাকেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন পর্যন্ত ৪ হাজার ৫৪৭টি ইউনিয়ন ও ৩২১টি পৌরসভায় তথ্য ও সেবাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। ২০১৪ সালে এসব কেন্দ্রের নাম ডিজিটাল সেন্টার করা হয়।