নজর রাখার পাঁচটি বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১সবকিছুকে ছাপিয়ে যায় দেশের অর্থনীতিমার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় একটি বিষয়ের গুরুত্ব সাধারণত সবকিছুকে ছাপিয়ে যায়; তা হচ্ছে, অর্থনীতি। জরিপকারী প্রতিষ্ঠান রাসমুসেন রিপোর্টসের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা যায়, ৮০ শতাংশ পর্যন্ত ভোটার অর্থনীতিকে খুব গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় মনে করেন। প্রতিষ্ঠানটির স্কট রাসমুসেন বলেন, ‘সবচেয়ে বড় ইস্যু হচ্ছে অর্থনীতি। চাকরি তার একটি অংশ—খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ।’দেশের অর্থনীতির বেহাল অবস্থার সময়ই হোয়াইট হাউস ত্যাগ করতে হয়েছে এক মেয়াদের প্রেসিডেন্ট জিমি কার্টার ও জর্জ বুশকে।প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ৪৩ মাস ধরে বেকারত্বের হার ৮ শতাংশের ওপরেই রয়ে যায়। অতিসম্প্রতি কেবল তা কমেছে, যাতে কিছুটা হাঁফ ছেড়েছে ডেমোক্র্যাট শিবির। কেন্দ্রীয় সরকারের ঋণ ১৬ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এর পরও জনমত জরিপে ওবামা কেন এগিয়ে, তা ভেবে অনেক ভাষ্যকার তাই মাথা চুলকাচ্ছেন। তাঁরা প্রশ্ন তুলছেন, তা হলে ভোটাররা যতটা বলেন, অর্থনীতি কি আসলেই তত বড় বিষয় নির্বাচনের ক্ষেত্রে?স্কট রাসমুসেন অবশ্য বলেন, এখন জরিপের ফল বা অর্থনীতির সব সূচকই নৈরাশ্যে ভরা নয়। তিনি বলেন, ‘মার্কিনরা মনে করে না যে তারা চার বছর আগের চেয়ে ভালো আছে। তবে তারা এটাও মনে করে না যে অবস্থা চার বছর আগের চেয়ে খারাপ। এ কারণেই নির্বাচনটা এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।’তা হলে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট বারাক ওবামার জরিপে এগিয়ে থাকার মানে এই নয় যে অর্থনীতি কোনো বড় ইস্যু নয়। তবে ওবামা প্রেসিডেন্ট হিসেবে সাফল্য দেখাননি এ রকম যারা মনে করে, তাদের অনেকেই নিশ্চিত নয় রমনি ওবামার চেয়ে ভালো করবেন। ব্যাপার এটাই। তা ছাড়া যুক্তরাষ্ট্রের বেশ কিছুসংখ্যক মানুষ এখনো মনে করে, দেশের বর্তমান অর্থনৈতিক সমস্যার জন্য সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নীতি দায়ী।২কয়েকটি রাজ্যের ওপরই সবসবকিছু নির্ভর করে মূলত কয়েকটি দোদুল্যমান অঙ্গরাজ্যের (স্যুইং বা ব্যাটলগ্রাউন্ড স্টেট) ওপর। কারণ, যুক্তরাষ্ট্রের বেশির ভাগ অংশের ভোটাররাই প্রায় একচেটিয়াভাবে হয় ডেমোক্রেটিক বা রিপাবলিকান দলকে সমর্থন করে। এ রাজ্যগুলো হাতবদল হয় কমই। যেমন, ওহাইও অঙ্গরাজ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে প্রায় কিংবদন্তির মর্যাদা পেয়ে গেছে। ১৯৬০ সাল থেকে প্রতিটি নির্বাচনে এই অঙ্গরাজ্যে বিজয়ী প্রার্থীই দেশের প্রেসিডেন্ট হয়েছেন। ১৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে এই রাজ্যে। এ কারণে উভয় দলই ওহাইওতে জিততে মরিয়া। এই অঙ্গরাজ্যে প্রচারণায় দুই দলের খরচই এ পর্যন্ত ১০০ মিলিয়ন (১০ কোটি) ডলারে উঠেছে প্রায়। ওহাইওর বাসিন্দারা ছয় মাস ধরে সপ্তাহে দুবার দুই দলের প্রচারকর্মীদের কাছ থেকে রেকর্ড করা স্বয়ংক্রিয় ফোনকল পাচ্ছেন। প্রতি রাতে টিভি চ্যানেলগুলোর প্রাইম টাইমে থাকছে একের পর এক নির্বাচনী বিজ্ঞাপন।ওহাইওর বোলিং গ্রিন বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট শিক্ষার্থী টিম গ্যাডি প্রচারণার এই বহর দেখে বলতে গেলে বিরক্ত। তিনি বলেন, ‘আমি ছয়টি অঙ্গরাজ্যে থেকেছি। কিন্তু এ পর্যন্ত কোনো জায়গায় টিভি-রেডিও ও অন্যান্য মাধ্যমে প্রচারের এ রকম মাতামাতি দেখিনি।’ ৩৭ বছর বয়সী টিম গ্যাডি স্থানীয় ইতিহাসবিষয়ক এক জাদুঘরে কাজ করেন। গত নির্বাচনের সময় তিনি ছিলেন ইন্ডিয়ানায়। সেখানে যে প্রচারণা দেখেছেন, তা ওহাইওর তুলনায় কিছুই না। টিমের মতে, সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে ফোনের অত্যাচার।কাজেই নির্বাচনী প্রচারণার সময় যুক্তরাষ্ট্রে দুটি বিপরীত চিত্র দেখা যাবে। কোনো কোনো স্থানে মানুষ প্রচারণার স্লোগান আর বার্তায় জর্জরিত আর অন্য এলাকায় জীবনযাত্রা প্রায় বাকি সারা বছরের মতোই স্বাভাবিক।৩বদলে যাচ্ছে ভোটারদের চিত্রওপ্রতি মাসে মার্কিন ভোটার তালিকায় যোগ হচ্ছে ৫০ হাজার হিস্পানিক (স্প্যানিশভাষী) মানুষ। যুক্তরাষ্ট্রে লাতিন আমেরিকা থেকে আসা এই জনগোষ্ঠীর সদস্য সংখ্যা ২০১০ সালে পাঁচ কোটি ছাড়িয়েছে। এ সংখ্যা দেশের মোট জনসংখ্যার শতকরা ১৬ দশমিক ৩ ভাগ। হিস্পানিকদের গুরুত্ব সাম্প্রতিক সময়ের কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থীই উপেক্ষা করেননি। তবে এবারের দুই প্রতিদ্বন্দ্বীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তাঁরা স্প্যানিশ ভাষার টিভি অনুষ্ঠানে যোগ দিয়ে অভিবাসন বিষয়ে কথা বলেছেন। এবারই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কোনো প্রার্থী তা করলেন।২০০৮ সালের নির্বাচনে বারাক ওবামা হিস্পানিকদের (যাদের লাতিনোও বলা হয়) দেওয়া ভোটের ৬৮ শতাংশই পেয়েছিলেন। নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাতিনো রাজনীতিবিষয়ক বিশেষজ্ঞ গ্যাব্রিয়েল সানচেজ মনে করেন, এবারও ওবামা মোটামুটি সে রকম সমর্থনই পাবেন।সানচেজের ধারণা, মিট রমনি লাতিনোদের যথেষ্ট ভোট পাবেন কি না, প্রশ্ন সেটা নয়; প্রশ্ন হলো, ওবামার জেতার মতো যথেষ্টসংখ্যক লাতিনো ভোটার কেন্দ্রে যাবেন কি না। অর্থাৎ লাতিনোরা বেশিসংখ্যক ভোট দিতে গেলেই লাভ ওবামার। অভিবাসন নিয়ে মিট রমনির কঠোর অবস্থান লাতিনো ভোটারদের বিমুখ করতে পারে—এ বিষয়টি মাথায় আছে তাঁর দলের নেতাদের। বিষয়টি ভেবেই জেব বুশের মতো প্রভাবশালী রিপাবলিকান নেতারা এ ব্যাপারে কথা বলার সময় সুর নরম করার পরামর্শ দিয়েছেন। জেব বুশ বলেছেন, জনসংখ্যাতত্ত্বের বিষয়টি ‘নিয়তি’ অর্থাৎ কিনা নিয়ন্ত্রণের বাইরে। কাজেই তা উপেক্ষা করা যাবে না।৪নির্বাচন শুধু যুক্তরাষ্ট্র নিয়েই নয়পররাষ্ট্রনীতি এখনো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় সাধারণত দ্বিতীয় সারির বিষয়। তবে সম্প্রতি লিবিয়ায় সন্দেহভাজন জঙ্গি হামলায় মার্কিন রাষ্ট্রদূতের মৃত্যু আন্তর্জাতিক বিষয়কে প্রচারণার লড়াইতে বড় করেই নিয়ে এসেছে। তা ছাড়া ইরান ও ইসরায়েলের বাগ্যুদ্ধ এবং সিরিয়া ও আফগানিস্তান পরিস্থিতি প্রতিনিয়ত রেডিও-টিভিতে জোরালোভাবে উঠে আসছে।রমনি বলেছেন, প্রেসিডেন্ট ওবামা ইরানের বিষয়ে নমনীয়। তিনি ইসরায়েলের সঙ্গে বেইমানি করেছেন। আবার লিবিয়ায় রাষ্ট্রদূতের মৃত্যু নিয়ে ‘রাজনীতি করায়’ তাঁকে সুবিধাবাদিতার দায়ে অভিযুক্ত করেছে ওবামা-শিবির।চীনকে মুদ্রা নিয়ে কারসাজির দায়ে অভিযুক্ত করে দেশটির বিরুদ্ধে কঠোর হওয়ার অঙ্গীকার করেছেন রিপাবলিকান নেতা মিট রমনি। মার্কিনদের বিশ্বাস, চীনা মুদ্রানীতির কারসাজিতে সে দেশের পণ্যের দাম অন্যায্যভাবে কম থাকছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের উৎপাদনকারীরা। রমনির এ হুমকি বাস্তবায়িত হলে চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে।ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া রিভারসাইডের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শ্যন বোওলার এ বিষয়ে বলেন, যুক্তরাষ্ট্রের মতো বড় ও বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠীর দেশে বড় বড় পররাষ্ট্রনীতিবিষয়ক ইস্যু থাকবেই। উদাহরণ দিয়ে তিনি বলেন, ফিলিস্তিন বিষয়ে আলোচনা হলে তা আরব বংশোদ্ভূত মার্কিনদের নাড়া দেবেই। তেমনি কিউবা বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি কী হয়, তা নিয়ে আগ্রহ থাকবে কমিউনিস্ট দেশটিতে শিকড় থাকা নাগরিকদের।সাম্প্রতিক ঘটনাপ্রবাহের আলোকে বলা যায়, নির্বাচনী প্রচারণায় পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা এখনো আছে। এ সময়ের আলোচিত বিষয়গুলোর মধ্যে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি ও তা নিয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া। আছে সিরিয়া। সিরিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ঘটতে পারে বড় ধরনের সন্ত্রাসবাদী হামলা। এ ধরনের ঘটনা পররাষ্ট্রনীতিকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসতেই পারে।হোয়াইট হাউসে প্রবেশের দৌড়ে কে জিতবেন, তা নিয়ে বিশ্বব্যাপী কৌতূহলের শেষ নেই। কারণ, একজন মার্কিন প্রেসিডেন্টের কার্যকলাপের প্রভাব হয় বৈশ্বিক।৫যিনিই জিতুন, রাজনীতিতে অচলাবস্থা কাটবে নাআগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে শুধু প্রেসিডেন্ট নির্বাচনই হবে না; পুরো প্রতিনিধি পরিষদ এবং সিনেটের এক-তৃতীয়াংশ আসনে ভোট হবে। কংগ্রেস আসনের এ ভোট নিয়ে তেমন আলোচনা না হলেও ওবামা বা রমনি যিনিই প্রেসিডেন্ট হন, তাঁর সাফল্য-ব্যর্থতায় ওই ভোটের গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে।রিপাবলিকানরা এখন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এবং ডেমোক্র্যাটরা সিনেট নিয়ন্ত্রণ করছেন। যেকোনোটি হাতবদল না হলে কংগ্রেসের বর্তমান অচলাবস্থা অব্যাহত থাকবে। মতানৈক্যের কারণে ২০১১ সালে এত কম বিল পাস হয়েছে যে, একে বলা হয়েছে ‘অকর্মা কংগ্রেস’। এই স্থবিরতার জন্য ঐতিহাসিকভাবেই আইন পরিষদ কংগ্রেসের প্রতি মার্কিন জনগণের আস্থার জায়গাটা তুলনামূলকভাবে দুর্বল। গত বছর ঋণসীমার ব্যাপারে দীর্ঘ প্রতীক্ষিত একটি দীর্ঘমেয়াদি মতৈক্যে পৌঁছানোর চেষ্টা ব্যর্থ হলে বিষয়টি খুব প্রকট হয়ে চোখে পড়ে। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শ্যন বোওলার বলেন, মার্কিন ‘চেকস অ্যান্ড ব্যালান্সেস’-এর ব্যাপারটা (রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের ক্ষমতার ভারসাম্যের ব্যবস্থা) নীতিগত ক্ষেত্রে এই দীর্ঘসূত্রতার সংস্কৃতির জন্ম দিয়েছে। এমনকি ঐক্যবদ্ধ দলীয় সরকার থাকলেও তা হয়। কাঠামোই এর কারণ। এটা মার্কিন রাজনীতির একটি ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য, যা একে ইউরোপের বেশির ভাগ দেশ থেকে অনেকখানি আলাদা করেছে।মার্কিন কংগ্রেসে দলীয় বিভেদসহ বিভিন্ন কারণে অচলাবস্থার সাম্প্রতিক হার বেশ উঁচু। এমনকি মার্কিন মানের বিবেচনায়ও। তবে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন কিছুটা আশার বাণী শুনিয়েছেন। ক্লিনটন বলেছেন, নির্বাচনের পর কংগ্রেসে সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হবে বলেই তাঁর ধারণা। ইসরাত জাহান, বিবিসি থেকে