রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকার দেন। এতে তিনি রাশিয়ার অর্থনীতি ও দুর্নীতি পরিস্থিতি থেকে শুরু করে বিশ্বজুড়ে মার্কিন গোয়েন্দা নজরদারি, সিরিয়ার গৃহযুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। সেই সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলো

রয়টার্স: যুক্তরাষ্ট্র ইউরোপে তার মিত্রদেশগুলোর ওপরও নজরদারি করেছে। আপনি কি মনে করেন, নজরদারি নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা স্বাভাবিক হবে? কী করলে ইউরোপীয়রা ওয়াশিংটনকে ক্ষমা করে দেবে?
মেদভেদেভ: নজরদারির শিকার হওয়ার বিষয়টি কেউই পছন্দ করবেন না। ইউরোপীয় নেতাদের ক্ষুব্ধ হওয়ার বিষয়টি সহজেই বোঝা যায়। শুনেছি, আমি রাশিয়ার প্রেসিডেন্ট পদে থাকার সময় কোনো সম্মেলনে যোগ দিলে আমার টেলিফোনে আড়ি পাতার চেষ্টা করা হতো। ইউরোপীয় নেতাদের অনুভূতি বুঝতে পারছি আমি। এটা স্পষ্ট যে নজরদারি করে এখন শুধু সাধারণ আশ্বাসে কাজ হবে না। ‘আমরা দুঃখিত, এমন কাজ আর হবে না’—এ-জাতীয় কথা বলে পরিস্থিতি স্বাভাবিক হবে না। শুধু এই আশ্বাসে কেউ আস্থা পাবে না।
রয়টার্স: সিরিয়া সংকট সমাধানে জেনেভা-২ সম্মেলন কবে হতে পারে বলে মনে করছেন? নভেম্বর, ডিসেম্বর নাকি...
মেদভেদেভ: আমি এ ব্যাপারে আগাম কিছু বলতে চাই না। তবে আশা করছি, চলতি বছরেই হবে। এটা আসলে নির্ভর করছে এই সংকটের সঙ্গে সম্পৃক্ত সিরিয়ার সব পক্ষের ওপর। সিরিয়ার বিরোধীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পদত্যাগ করার যে পূর্বশর্ত দিয়েছে, তা আমার কাছে অবাস্তব বলে মনে হয়। কারণ, তিনি নিশ্চয়ই মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক বা লিবিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির ভাগ্য বরণ করতে চাইবেন না। এটা এড়াতে তিনি গ্যারান্টি চাইতে পারেন। যা-ই হোক, সিরিয়া শান্তি-প্রক্রিয়াটি অত্যন্ত জটিল। শান্তি প্রতিষ্ঠায় সিরিয়ার সরকারবিরোধী গোষ্ঠী ও সরকারপক্ষ—সবাইকে অবশ্যই সমঝোতায় আসতে হবে।
রয়টার্স: রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সরকার ঝিমিয়ে পড়া অর্থনীতি চাঙ্গা করতে কী পদক্ষেপ নিয়েছে?
মেদভেদেভ: রুশ অর্থনীতি হলো রপ্তানিভিত্তিক অর্থনীতি। বর্তমানে বিশ্ব অর্থনীতি ও ইউরোপের অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বিদ্যমান। এটা আমাদের অর্থনীতিতে অপরিহার্যভাবেই প্রভাব ফেলে। তার পরও অর্থনীতি চাঙ্গা করতে ও প্রবৃদ্ধিতে গতি সঞ্চার করতে রাশিয়ার প্রতিষ্ঠানগুলোকে সহজ শর্তে ঋণ দেওয়াসহ নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চলতি বছর প্রাথমিকভাবে আমাদের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৩ শতাংশ বা তার একটু বেশি। অর্জিত হয়েছে ২ শতাংশের সামান্য বেশি। ইউরোপের সাম্প্রতিক অর্থনীতির বিষয়টি বিবেচনায় নিলে এটা খারাপ নয়। তবে এটা যথেষ্ট নয়। আমাদের অর্থনীতিতে আরও গতি আনতে হবে।
রয়টার্স: অভ্যন্তরীণ দুর্নীতির বিরুদ্ধে আপনি লড়াই করছেন। এই লড়াইয়ে কোনো উন্নতি হয়েছে কি?
মেদভেদেভ: যাঁরা আমাদের উন্নয়ন পর্যবেক্ষণ করেন, এর জবাব দেওয়া তাঁদের জন্য সহজ। দেশি-বিদেশি বিনিয়োগকারীরাও ভালো বলতে পারবেন। তবে আমি যদি বলি, বলব্ল—উন্নতি হয়েছে। গত পাঁচ বছরে দুর্নীতির বিরুদ্ধে আমরা আইনি রূপরেখা ও লড়াইয়ের আইনি ভিত্তি তৈরি করেছি। এর আগে দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা হয়েছে, কিন্তু আইনি কোনো রূপরেখা দাঁড় করানো হয়নি। এর পাশাপাশি বড় ধরনের লেনদেন ও আয়-ব্যয়ের ওপর আমরা আংশিকভাবে নজর রাখছি। সব ক্ষেত্রে হয়তো এই নজর রাখা সম্ভব হবে না। কিন্তু দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য আমাদের এ ধরনের কাজগুলো করা জরুরি।
রয়টার্স: আগামী বছর আপনার দেশেই হতে যাচ্ছে অলিম্পিক গেমস। নিরাপত্তা ও প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে বলুন।
মেদভেদেভ: এ ধরনের আয়োজন সব সময়ই চ্যালেঞ্জিং বিষয়; বিশেষ করে নিরাপত্তার দায়িত্বটা পুরোটাই আয়োজক দেশের। তাই আমরা সব ক্ষেত্রেই সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োগ করব। গোয়েন্দা সংস্থাসহ সরকারের সংশ্লিষ্ট সবাই কঠোর পরিশ্রম করছে। নিরাপত্তা নিশ্চিত করাসহ সফল আয়োজন করার সামর্থ্য আমাদের আছে।
ভাষান্তর: মাহফুজার রহমান