সুন্দর কথামালা, অনবদ্য গান-নাচ আর শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে কাজী নজরুল ইসলামকে স্মরণ করা হলো চট্টগ্রামে। সম্প্রতি নজরুল একাডেমি জেলা শাখার উদ্বোধন উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আয়োজন করা হয় বর্ণাঢ্য উৎসবের। নজরুল একাডেমির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিন্টু রহমান উৎসবের উদ্বোধন করেন। প্রকৌশলী মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. শরীফুজ্জামান। আবৃত্তিকার আয়েশা হকের সঞ্চালনে শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির সহসভাপতি লিয়াকত হোসেন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফাহমিদা রহমান।বক্তারা কবি নজরুলের কর্ম-কীর্তির মূল্যায়ন করে বলেন, ‘তিনি যা দিয়ে গেছেন তা বিস্ময়কর। তিনি ছিলেন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। বর্তমান তরুণ প্রজন্মের উচিত আকাশ-সংস্কৃতির জোয়ারে না ভেসে নজরুলচর্চায় মনোনিবেশ করা।’ শুদ্ধ নজরুলসংগীতের চর্চা ও প্রচারে নজরুল একাডেমি অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। আলোচনা শেষে শুরু হয় সংগীতানুষ্ঠান। শুরুতেই ছিল একাডেমির শিল্পীদের কণ্ঠে ‘সুন্দর অতিথি এসো এসো’ ও ‘প্রথম প্রদীপ জ্বালো’ গান দুটি। গানের পর নূপুরের নিক্বণে দর্শকদের মুগ্ধ করলেন সুস্ময় আচার্য ও অনিন্দিতা কর। নজরুলের গানের সঙ্গে এ নৃত্য পরিচালনায় ছিলেন সঞ্চিতা দত্ত।এরপর একক পরিবেশনার পালা। কণ্ঠের অসাধারণ কারুকাজ দিয়ে পরিবেশিত আয়েশা হকের আবৃত্তি দর্শকমনে ছড়ায় উষ্ণতা। ‘খোদার প্রেমে শরাব পিয়ে’ গজলটি মাহবুবুল আলমের কণ্ঠে দারুণ লেগেছে। শারমিনা চৌধুরী ‘ও কে উদাসী বেণু বাজায়’, খাদিজা খাতুন ‘এ আঁখিজল মোছ প্রিয়া’, আইয়ুবুল আলম ‘অরুণ কান্তি কে গো যোগী’, তাসমিনা চৌধুরী ‘আমার আছে একখানি’, আকলিমা আক্তার ‘বন বিহঙ্গ যাওরে উড়ে’, এ এস এম রেজওয়ানুর রহমান ‘এই আমাদের বাংলাদেশ’ এবং ফাহমিদা রহমান ‘খেলিছে জলদেবী সুনীল সাগর জলে’ ভালোই গেয়েছেন। আরও গান করেন রুম্পা চৌধুরী, মিতালী রায় প্রমুখ।যন্ত্রানুষঙ্গে ছিলেন দি সাউন্ড ভাইব্রেশান মিউজিশিয়ান টিমের সদস্যরা।সংগীত পরিষদের চারুকলা প্রদর্শনীসংগীত পরিষদের দুদিনব্যাপী ১৩তম বার্ষিক চারুকলা প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল সম্প্রতি। ৬ জানুয়ারি প্রতিযোগিতার উদ্বোধন করেন চিত্রশিল্পী মউদুদুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত। প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ গুরুপদ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন আইনজীবী ফারুক আহমদ। পূরবী চক্রবর্তীর সঞ্চালনে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক তাপস হোড়।বক্তারা বলেন, ‘নতুন প্রজন্মকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই।’অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সংগীত পরিষদের শিল্পীদের পরিবেশনায় ‘তোরা সব জয়ধ্বনি কর’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী, সুজিত কুমার সেন, জয়শ্রী চক্রবর্তী প্রমুখ।