নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলজয়ন্তী
২৫ মে সকালে কবি নজরুলের নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেল অন্য রকম দৃশ্য। পুরো ক্যাম্পাস যেন এক অন্য সাজে সেজেছিল জাতীয় কবির ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে। নজরুলজয়ন্তীকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ উৎসবে যোগ দেয় স্থানীয় নামাপাড়া এলাকাবাসী। তিন দিনজুড়ে এখানে চলে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা, চিত্র প্রদর্শনী, নাটক ও নজরুল-বন্দনা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদের নেতৃত্বে ক্যাম্পাসে নজরুল জন্মোৎসব শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক অনুষ্ঠান। এরপর মঙ্গলবার আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল-গবেষক মোহাম্মদ আবদুল কাইউম। ট্রেজারার মো. আইনুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন।বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বাংলা একাডেমী বইমেলার আয়োজন করেছে। এ ছাড়া চারুকলা বিভাগের শিক্ষক মো. সাফিন ওমর, দুলাল চন্দ্র গাইন, মুহাম্মদ এমদাদুর রাশেদ ও তপন কুমার সরকারের চিত্রকর্ম প্রদর্শিত হয়। বিকেল থেকে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দে মেতে ওঠেন। রাতে শিক্ষার্থীরা নাটক কবি নজরুল মঞ্চস্থ করেন।বুধবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানের শুরুতেই নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত শিশু-কিশোরদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেজা আলী। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ৫০ জনকে সনদপত্র ও বই পুরস্কার দেওয়া হয়।তিন দিনের অনুষ্ঠানে প্রতিদিনই নজরুলবিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নজরুল-বিশেষজ্ঞরা।এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়িত হয়। প্রথম দিন অগ্নি গিরি নাটকটি মঞ্চায়িত হয়।শেষ দিনে দুজন গুণী ব্যক্তিত্বকে নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা ২০১০ প্রদান করা হয়। নজরুল-গবেষক ও বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ আবদুল কাইউম ও বিশিষ্ট নজরুলসংগীতের শিল্পী সুধীন দাশকে এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ। ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাউছার আহমেদ জানান, ‘নজরুলজয়ন্তীতে তাঁর আলোচনায় আমরা নজরুলের অনেক অজানা বিষয় জেনেছি।’ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র নাহিদ বলেন, ‘কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আমি গর্বিত।’চারুকলা বিভাগের আয়োজনে চিত্র প্রদর্শনী শিক্ষার্থীদের দৃষ্টিতে খুবই ভালো হয়েছে বলে জানান। চারুকলার শিক্ষক দুলাল চন্দ্র গাইন বলেন, ‘নজরুলের জন্মোৎসব আমাদের প্রাণের উৎসব। তাই আমরা মনের মাধুরী দিয়ে এটিকে প্রাণবন্ত করেছি।’ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান এ এইচ এম কামাল জানান, ‘কবি নজরুলের জীবনী ও প্রতিভা প্রত্যেক শিক্ষার্থীকে জানাতে এই বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বিভাগে নজরুল স্টাডিজ কোর্স চালু রয়েছে।’শেষের দিন শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে নাটক পদ্ম-গোখ্রা মঞ্চায়িত হয়।