সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জয়ন্তী উদ্যাপিত হয়েছে নানা আয়োজনে। কবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজনে ছিল শোভাযাত্রা, সেমিনার, আবৃত্তি অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা।
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মে সকাল ১০টায় বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় কর্মসূচি। শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে শুরু হয় নজরুলের গান, নাচ ও আবৃত্তি প্রতিযোগিতা। বিকেলে ছিল নজরুলবিষয়ক সেমিনার। জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। এতে মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম মোস্তফা। আলোচক হিসেবে ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিরিন আক্তার, চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ ও অধ্যক্ষ রীতা দত্ত। এরপর শুরু হয় সাংসৃ্কতিক পরিবেশনা। শুরুতেই ছিল আর্য্য সংগীত সমিতির দলীয় পরিবেশনা দিয়ে। এরপর নজরুল সংগীতশিল্পী সংস্থা ও জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীরা পর পর দুটি দলীয় সংগীত পরিবেশনা নিয়ে আসে মঞ্চে। নৃত্য পরিবেশন করে চট্টগ্রাম শিশু একাডেমীর খুদে শিক্ষার্থীরা। নৃত্য শেষে সুরের ভেলায় ভেসে যাওয়ার পালা। একে একে গান করেন মালবিকা দাশ, মৃণালিনী চক্রবর্তী, দীপেন চৌধুরী, লোকমান চৌধুরী ও হেলাল উদ্দিন। এর পর মঞ্চে আসেন আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। তিনি নজরুলের আটটি কবিতা আবৃত্তি করেন। আবৃত্তির পর আবারও গান। শিল্পী সুজিত মোস্তফা ও সাথী শারমিন। সব শেষে সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের চার আবৃত্তিশিল্পীর পরিবেশনার মাধ্যমে শেষ হয় আয়োজন।
তারুণ্যের উচ্ছ্বাস: কবি কাজী নজরুল ইসলামের কবিতার উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় তারুণ্যের উচ্ছ্বাসের নিয়মিত গান, আড্ডা ও কবিতার আয়োজন ‘শুদ্ধ হও, আপন আলোয়’-এর এবারের পর্ব। ২৩ মে শিল্পকলা একাডেমী মিলনায়তনে বসেছিল নিয়মিত এ আয়োজনের চতুর্থ আসর। এবারের পর্বে অংশ নেন তারুণ্যের উচ্ছ্বাসের নির্বাচিত আট শিল্পী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ ও এনএসি গ্রুপের কর্ণধার প্রকৌশলী মো. জাবেদ আবছার চৌধুরী।
আলোচনা শেষে গান করেন শাওন সরকার, রুবেল চৌধুর, বৈশাখী নাথ ও আল তুষি। আবৃত্তি করেন মুজাহিদুল ইসলাম, শামীমা ইয়াসমিন, শ্রাবণী দাশগুপ্তা ও সাইদুর রহমান।