নজরুলজয়ন্তীর নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মজয়ন্তী উপলক্ষে ১১ জ্যৈষ্ঠ নগরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে ছিল কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা, গান, নাচ, আবৃত্তি, শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদি। এতে বক্তারা বলেছেন, ‘নজরুল আমাদের চেতনা ও জাগরণের কবি। তিনি মানবতার জয়গান গেয়েছেন কবিতা আর গানে। সাম্য, মৈত্রী, সংগ্রাম আর বিপ্লব একীভূত হয়েছে তাঁর সৃষ্টিতে। তাঁর অমর সব সৃষ্টি সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে।’ সম্মিলিত নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদের আয়োজনে ডিসি হিলে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। আর্য্য সংগীত সমিতির সমবেত গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর সম্মেলক গান করেন নজরুলসংগীত শিল্পী সংস্থা, সংগীত পরিষদ, মোহরা সংগীত বিদ্যাপীঠ, কুসুম ললিতকলা একাডেমি, অদিতি সংগীত নিকেতন ও মিউজিক কেয়ার একাডেমির শিল্পীরা। একক পরিবেশনায় অংশ নেন মালবিকা দাশ, জয়ন্তী লালা, মো. হেলাল উদ্দীন, মৃণাল ভট্টাচার্য, মিতালী রায় ও গায়ত্রী চৌধুরী। চমৎকার নৃত্য পরিবেশন করেন স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, দি পোক ডান্স গ্রুপ ও সঞ্চারী নৃত্যকলাকেন্দ্র। অনুষ্ঠানে নজরুলের কবিতা পাঠ করেন নাট্যজন মাহবুব হাসান। জাতীয় কবি নজরুল স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ কামালউদ্দিন। আলোচনা করেন এমএ গোফরান, নাহিদা সুলতানা, আবেদীন রেজা, মির্জা জুয়েল, আরিফুর রহমান ও মফিজ উদ্দিন। তাঁরা বলেন, নজরুল সাম্য প্রতিষ্ঠায় যেমন কাজ করেছেন তেমনি তাঁর সাহিত্য-গান বাঙালি জাতির জন্য প্রেরণা হয়ে আছে। বিকেলে মুক্তিযোদ্ধা যুব কমান্ড জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আশীষ নন্দী। আলোচনা করেন এহছানুল আজিম, হাসান রাজু, রানা দাস, জসিম উদ্দিন, মাহবুব আলম, শামিমা আক্তার প্রমুখ। অনুষ্ঠান শেষ হয় কিশোর শিল্পীদের নজরুলসংগীতের মধ্য দিয়ে। চট্টগ্রাম ইতিহাস চর্চাকেন্দ্রের উদ্যোগে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মো. আবুল কাসেম। আলোচনা করেন মো. আবু বক্কর, আবদুর রহিম, আসিফ ইকবাল, আবু তালেব প্রমুখ।মো. আবুল কাসেম বলেন, ‘আমাদের মুক্তিসংগ্রামে নজরুলের বিপ্লবী কবিতা ও গান বিশেষ ভূমিকা রেখেছে।’ পরে কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন রেহানা বেগম, নুরুল ইসলাম, আক্তারি বেগম, জমির আহমদ, কামাল আহমদ, ফারুক তাহের, শিউলি খাতুন প্রমুখ। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেদারুল আলম চৌধুরী। আলোচনা করেন নুরে আলম সিদ্দিকী, আলী আকবর, কামাল উদ্দিন, মিজানুর রহমান, রিপন সেন, কফিল উদ্দিন, সুজন দাশ প্রমুখ। বক্তারা বলেন, কাজী নজরুল বাঙালির জাতীয় জাগরণের কবি। তিনি লেখার মাধ্যমে একদিকে প্রেম, ভালোবাসা আর মানবিক মূল্যবোধের স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটিয়েছেন, অন্যদিকে সংগ্রাম আর চিরবিদ্রোহের বাণীকে তাঁর কাব্যে ধারণ করেছেন। এ ছাড়া, নজরুলজয়ন্তী উপলক্ষে পশ্চিম মাদারবাড়ি বয়েজ ক্লাব, আলোকিত প্রজন্ম নগর শাখা, জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস), মানবাধিকার কাউন্সিল, ছাত্রদল নগর শাখাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) অনুষ্ঠিত হবে নজরুলসংগীত শিল্পী সংস্থার অনুষ্ঠান।