সকাল থেকে আকাশটা বেশ চকচকে। সাদা সাদা মেঘ। রোদও ঝলমল করছে। ঘড়ির কাঁটা তখনো নয়টা ছুঁতে পারেনি। ত্রিশাল বাজারে নামতেই এক ঝাপটা বৃষ্টি। গা ঢাকতে দৌড়ে গিয়ে দাঁড়ালাম রাস্তার পাশে একটি বিলবোর্ডের কাছে। কোন দিকে যেতে হবে বুঝে ওঠার আগেই বোর্ডে দেখলাম একটি তীর চিহ্ন। তাতে লেখা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।গ্রামটিতে আলাদা একটি পরিবেশ; সবুজ ও শান্ত। একটু আলাদা। এখানে বাল্যকালে পড়তে এসেছিলেন নজরুল। অথবা নজরুল এখানে এসেছিলেন বলেই হয়তো পরিবেশ একটু আলাদা। কথাগুলো ভাবতে ভাবতেই দুই চাকায় (মোটর বাইকে) চেপে বসলাম বিশ্ববিদ্যালয়ের পথে। এগিয়ে যেতেই বাঁয়ে চোখে পড়ে সেই দরিরামপুর হাইস্কুল। বর্তমানে যা নজরুল একাডেমি নামে পরিচিত। ‘এই স্কুলের এই ভবনেই পড়তেন দুখু মিয়া। এখনো তাঁর স্মৃতি মানসে ধরে রেখেছি আমরা। কবি বেঁচে থাকতেই ১৯৭৩ সালে শিক্ষক হিসেবে এখানে যোগ দিই।’ বলছিলেন স্কুলের প্রধান শিক্ষক আবদুল খালেক।সামনে আসতেই চোখে পড়ে ছোট নদী। আঁকাবাঁকা পথ বেয়ে আসতে থাকি সামনে। ঘরবাড়ি ছেড়ে ছোট একটি বিল। শুকনো বিল এটা। এই বিল পাড়ি দিয়ে কবি পড়তে আসতেন স্কুলে। কয়েক মিনিট যেতেই বিলের ওপারে চোখে পড়ে বড় কয়েকটি ভবন। এটাই বিশ্ববিদ্যালয়—গেটের সামনে লেখা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। গেটের ডান দিকে চোখে পড়ল একটি বটগাছ। বেশ কজন ছেলেমেয়ে আড্ডায় মেতে আছেন। বাঁ পাশে ছোট্ট একটি পুকুরের মধ্যে নকশা করা টংঘর। সেখানে বসেই কথার তুবড়ি ছড়াচ্ছেন অর্থনীতির ছাত্র তৈমুর, বিলাসি ও আশারা। সবুজ ঘাসে ঢাকা পুরো ক্যাম্পাস। সঙ্গে আছে বাহারি সব ফুল। কবির বিভিন্ন গ্রন্থে, গানে যে বেলি, বকুল, হাসনাহেনা, শিউলি বারবার উঠে এসেছে, সেসব ফুলই বেশি আছে এখানে। ক্যাম্পাসের চারদিকের সোনালি ধান নবান্নের কথা মনে করিয়ে দেবে।২০ একর জমির ওপর ২৫ মে ২০০৫ সালে ত্রিশালের নামাপাড়ায় প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি দেশের একমাত্র সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে ২০০৬ সালের ৩ জুন।‘শুরুতে চারটি বিষয় থাকলেও বর্তমানে আটটি বিষয় পড়ানো হয়। এ বছর আমরা আশা করছি আরও কয়েকটি বিভাগ যোগ করা সম্ভব হবে।’ জানালেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আইনুল ইসলাম।বিশ্ববিদ্যালয়টি নতুন হলেও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়মিত চলে। ছাত্ররাজনীতি বা সেশনজট না থাকায় বাংলার ছাত্রী মৌটুসির মতো সবাই খুশি। লাইব্রেরিতে ঢুকতেই বোঝা যায়, অন্যান্য বইয়ের সঙ্গে নজরুলের বইয়ের বিশাল ভান্ডার। বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্রী ফিত্রাতুন নাহার তাক থেকে নজরুলের মানুষ ধর্ম বইটি নামাতে নামাতে বলেন, ‘আমরা যে বিভাগেই পড়ি, এখানে নজরুল পাঠ বাধ্যতামূলক। কারণ কম্পিউটারে পড়লেও নজরুল বিষয়ে তিন ক্রেডিটের একটি কোর্স নির্ধারিত।’ ‘তাই আমরা নজরুলকে একটু বেশিই জানি’ বলে এগিয়ে এলেন সংগীতের ছাত্রী ঝরা রানি দাস। তাঁরা যে নজরুলকে বেশিই জানেন, এর প্রমাণ মিলল হিসাববিজ্ঞানের ছাত্র ইমন আহমেদের কাছ থেকে। তিনি বললেন, ‘নজরুল যখন দরিরামপুর স্কুলে পড়তেন, তখন যাতায়াতে কষ্ট হওয়ায় দারোগা রফিজউল্লাহ তাঁকে এই নামাপাড়ায় বিচুতিয়া বেপারির বাড়িতে জায়গির হিসেবে রেখে যান। এখানে থেকেই নজরুল পড়াশোনা করতেন। দুষ্টুমি করে বেড়াতেন দলবেঁধে। চষে বেড়াতেন এর গাছের আম, ওর গাছের কামরাঙা। এই শুকনির বিলেই নজরুল ওই বটগাছে বসে বাঁশিতে সুর তুলতেন। তা শুনতে ছুটে আসতেন কৃষকেরাও।’ দ্বিতীয় বর্ষের ছাত্র রওশন এলাহি বলেন, ‘নজরুল এই বটগাছে বাঁশি বাজাতেন। আমরাও সময় করে তাই আড্ডা দিই গাছের নিচে। আমার বন্ধু সুমনের বাঁশি শুনি।’চুরুলিয়া মঞ্চে বসে আড্ডা দিচ্ছিলেন সংগীত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র হুমায়ন কবির। মঞ্চটি দেখিয়ে বলেন, ‘এটা আমাদের চুরুলিয়া মঞ্চ। আরও আছে নন্দন চত্বর, নজরুল মঞ্চ, গাহি সাম্যের গান মঞ্চ—সবকিছুতে আসলে নজরুলের পরশ পাই আমরা।’বিশ্ববিদ্যালয়টি ঘুরে সত্যিই লোভ সামলানো দায়। ওদিকে দেখি, নৌকা ভাসিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। সব মিলে সত্যিই নজরুলকে ভোলা দায়।সংগীত বিভাগের পুষ্পিতা রানি দাস বলেন, ‘নজরুলকে নিয়ে আগে যতটা আগ্রহ ছিল, এখানে পড়তে এসে আরও বেশি আগ্রহ তৈরি হয়েছে। রাস্তায় ঝাঁকড়া চুলের কাউকে দেখলে মনে হয়, এই আমাদের ক্ষ্যাপা (নজরুলের ডাকনাম) যাচ্ছে।বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল দুটিও নজরুলের সৃষ্টি অগ্নিবীণা ও দোলনচাঁপা নামে। কচি ঘাস মাড়িয়ে গোল করে শণের ছাউনি দেওয়া ঘরে এসে দেখা মিলল একদল ছাত্রছাত্রীর। তাঁরা গরম চায়ে চুমুক দিতে দিতে ঝড় তুলছেন বর্তমান রাজনীতি, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বাংলা সাহিত্য এবং ধীরে ধীরে বাংলার নজরুলকে নিয়ে। আলোচনার কি আর সীমারেখা আছে? কথা আর তর্কে বেরিয়ে আসে ১২ ভাদ্র অর্থাৎ ২৭ আগস্ট নজরুলের মৃত্যুবার্ষিকীর কথা। এ দিনটি নজরুলের ৩৪তম মৃত্যুবার্ষিকী। অন্যান্য বছরের মতো এ বছরও কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করবে আলোচনা অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, মিলাদ মাহফিলের।চা-চক্রের আলোচনা শেষে একে একে উঠতে থাকেন সবাই। চোখে পড়ে সেখানের লেখাটি। কাজী নজরুলের একটি উক্তি, ‘চালাক যদি হতে চাও, লাখ পেয়ালা চা খাও’। ভাবতে ভাবতেই শুকনির বিল ধরে আবার ফিরে আসার পালা।