নটর ডেমের তিন তার্কিক
৩ সেপ্টেম্বর। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে বিকেল সাড়ে পাঁচটা। ফল প্রকাশের আর বেশি দেরি নেই। অপেক্ষার প্রহরের অবসান ঘটবে এবার। আর এই অপেক্ষা হলো ‘প্রথম আলো-আইডিসি সপ্তম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১০’ ফল প্রকাশের। এরই মধ্যে কলেজ পর্যায়ের বিতর্কের শ্রেষ্ঠ বক্তা তানজীম মাহমুদের নাম ঘোষণা করা হলো। চারদিকে উচ্ছ্বাস আর করতালি। এরপর কলেজ পর্যায়ে বিজয়ী দল হিসেবে নটর ডেম গোল্ডের নাম ঘোষণা করা হলো। খুশিতে মাতোয়ারা ওরা। আর এই খুশির রোল কমতে না-কমতে কথা শুরু করি বিজয়ী দলের সঙ্গে। বিজয়ী দলের তিন সদস্য—তানজীম মাহমুদ, ফারাবি মাহ্মুদ ও ইনজামাম-উল আলম—তিনজনই নটর ডেম কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ের বিজ্ঞানের শিক্ষার্থী। বিজ্ঞানের শিক্ষার্থী আবার বিতার্কিক হয় নাকি? উত্তরটা ওদের একই, বিজ্ঞান যুক্তিনির্ভর আর বিতর্ক তো যুক্তির বাইরের কিছু নয়। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ওরা বিতর্ক করছে। বিতর্কের প্রতি ওদের ভালোবাসা হয়েছে প্রগাঢ়। জানতে চাই ওরা কীভাবে এল বিতর্ক করতে।তানজীম মাহমুদ উত্তরটা আগেভাগেই দিল, ‘আসলে স্কুল পর্যায় থেকেই বিতর্কের ঝোঁকটা পেয়ে বসে। তারপর মায়ের উৎসাহের কারণে কখনো ভাটা লাগেনি।’ অন্যদিকে ইনজামাম-উল আলম নিলয় উত্তরটা দেয় রসিকতার সুরে। ‘ক্লাস সিক্সে যখন পড়ি তখন ভাবলাম পড়াশোনার বাইরে অন্য কিছু করা দরকার। ক্রিকেট তো খেলছি, হয়তো ইনজামাম-উল হক হতে পারব না, তাতে কি, ভালো বক্তা বনে তো যাওয়া যায়। সেই থেকে শুরু।’ স্কুল পেরিয়ে খানিকটা পরে বাবার উৎসাহে বিতর্ক করতে আসা ফারাবি মাহ্মুদও কিন্তু কোনো অংশে কম পারদর্শী নয়। তনয় আর নিলয়ের নামে অন্ত্যমিল বেশ স্পষ্ট, বন্ধুত্বটাও ওদের স্কুল থেকেই। নটর ডেম কলেজের গোল্ডেন টিমের সদস্য ওরা তিনজন এর আগে জাতীয় পর্যায়ে বেশ কিছু বিতর্ক প্রতিযোগিতাসহ টিভি বিতর্কেও অংশ নিয়েছে।প্রশ্ন করি, পড়াশোনা আর বিতর্কের পাশাপাশি আর কী করতে ভালো লাগে? উত্তরটা এবারও আগে দেয় তনয়, ‘আমি দেশি-বিদেশি শিল্পীদের গান শুনি।’ একই সুরে সুর মেলায় ফারাবিও। তবে নিলয়ের ঝোঁক কবিতার দিকে, ‘ভালো লাগে নজরুলের কবিতা।’ তবে সবকিছুর আগে বিতর্ক থাকবে এমন প্রত্যয়ই যেন এই তিনজনের। তিনজনেরই আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক করার ইচ্ছে আছে। বাংলাদেশের বিতর্কের প্রেক্ষাপট আরও প্রসারিত হওয়া দরকার বলে মনে করেন তিনজনই। ফারাবির মতে, ‘আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিতার্কিকদের জন্য নেই আলাদা কোনো কোটা, যেটা খেলোয়াড়দের জন্য আছে।’ বিতর্কের ইতিবাচক দিক নিয়ে তারা তিনজনই ছিল সোচ্চার। তাদের মতে, ‘বিতর্ক একটা মানুষকে যুক্তিবাদী আর সচেতন করে তোলে।’ সংসদীয় বিতর্ক ওদের তিনজনেরই ভালো লাগে। তনয় বলে, ‘আমার তো মনে হয় সংসদীয় বিতর্কের ওই সময়টা আমি সংসদের আবেশ পাই। যেখানে আমি আমার গণতান্ত্রিক অধিকার নিজস্ব মতামত দিতে পারি।’তিন দিনের এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় আলোচনার বিষয় ছিল সমসাময়িক অর্থনীতি আর সংস্কৃতির বহুবিধ বিষয়। একজন ভালো বিতার্কিকের কী কী গুণ দরকার? এ প্রশ্নের উত্তরে একমত পোষণ করে তিন বিতার্কিক। তাদের মতে, ‘সমকালীন জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে ধারণা রাখা আর প্রচুর পড়াশোনা করা দরকার। তবে এই পড়াশোনা কেবল পাঠ্যবইয়ের মধ্যে মুখ গুঁজে থাকা নয়, বরং জ্ঞানের দ্বার উন্মোচন করা।’ ওরা একজন অন্যজনের সহযোগী, কখনো বা প্রতিযোগী। তার পরও ওরা একজন অন্যজনের বন্ধু। ওরা সবাই সবল অর্থনীতি এবং জাদুঘরের দারিদ্র্যের স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে এক নতুন দেশ নির্মাণের। বিতর্ক সেই লক্ষ্যে পৌঁছে দেবে—এমন আশা ওদের।