নটর ডেমের ত্রিরত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় খুব শখ ছিল স্কাউট দলে যোগ দেওয়ার। তখন মাত্র মতিঝিল আইডিয়াল স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ছে আবীর। স্কাউটদের গলার ওই নীল কাপড়ের প্রতি ছিল ছেলেটির ভীষণ আকর্ষণ। কিন্তু মা-বাবার কড়া নিষেধ, পড়াশোনার ক্ষতি করে স্কাউট দলে যোগ দেওয়া যাবে না। স্কুলেও আবীরের এই অস্থিরতার শেষ নেই। অতঃপর আবীরের অস্থিরতাকে কাটিয়ে তোলার জন্য হাত বাড়িয়ে দেয় তুরাগ। তুরাগ আর আবীর তখনো সহপাঠী এবং স্কুলের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় একসঙ্গে অংশ নিত। তুরাগই আবীরকে তখন তর্ক-বিতর্কের এই নতুন জগতে নিয়ে আসে। এখানে এসে আবীরের মানসিকতার পরিবর্তন ঘটে এবং সেই সঙ্গে বাবারও প্রবল ইচ্ছা থাকায় স্কুলের ডিবেটিং ক্লাবে অংশ নেয় আবীর। সেই থেকে যাত্রা শুরু একসঙ্গে। অতঃপর স্কুল পেরিয়ে কলেজজীবনেও একসঙ্গে। এই অঙ্গনে ফাহমির অনুপ্রবেশও সেই স্কুলজীবন থেকে। তবে একই স্কুলে থেকেও ফাহমি সব সময় অন্য দলের সদস্য হয়ে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিত। কথাগুলো বলছিলেন ‘প্রথম আলো এমজিবিএসডিসি দ্বিতীয় আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০১১-এ বিজয়ী ঢাকার নটর ডেম কলেজের তিন বিতার্কিক আবীর, ফাহমি ও তুরাগ।মজার বিষয় হচ্ছে, নটর ডেম কলেজের এই দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ অব ডিবেটরসের যে সদস্যদের পরাজিত করে জয়ী হন তাঁরাও ছিলেন নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী। স্কুলজীবন শেষ করে কলেজজীবনের এক নতুন পরিবেশে তিনজনের আবার এক হওয়া কীভাবে জানতে চাইলে হাসিমুখে বলা শুরু করেন তুরাগ। নটর ডেম কলেজের ডিবেটিং দলের সদস্যদের বাছাই করা হয় একটি বিশেষ পদ্ধতিতে। প্রথমে লিখিত পরীক্ষার মাধ্যমে ২৫ জনকে নির্বাচিত করা হয়। তারপর ২৫ জনের মধ্যে থেকে বারোয়ারি বিতর্কের মাধ্যমে বাছাই করা হয় ১২ জনকে এবং এই ১২ জনের মধ্য থেকে নয়জনকে বাছাই করা হয়। এই নয়জনকে আবার তিনজন করে আলফা, বিটা ও গামা নামক গ্রুপে বিভক্ত করা হয়। আলফা গ্রুপ সব থেকে ভালো গ্রুপ হিসেবে বিবেচিত হয়। আলফা ও বিটা গ্রুপ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। আবীর, ফাহমি ও তুরাগ তিনজনই ছিলেন আলফা গ্রুপের সদস্য। পড়াশোনার এত চাপের পাশাপাশি ডিবেটের জন্য আলাদা পড়াশোনা করাটা অনেকটা কঠিন হলেও বিষয়টিকে তারা তিনজনই অনেক সহজভাবে গ্রহণ করেছেন। অর্থাৎ ডিবেটের কোনো বিষয় নির্ধারিত হওয়ার পর তারা নিজেদের মধ্যে কাজগুলো ভাগ করে নেন, কে কোন বিষয়ের কতটুকু তথ্য সংগ্রহ করবেন। আর এ ক্ষেত্রে তাঁরা উইকিপিডিয়াকে বেশি অনুসরণ করেন।নটর ডেমের এই ত্রিরত্ন যে শুধু ভালো বক্তা তা নয়, আবীরের রয়েছে পল্লিগীতি ও নজরুল সংগীতের ওপর দক্ষতা। এ জন্য তিনি ২০০৬ সালে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হন। থেমে নেই তুরাগ আর ফাহমিও। দুজনই নাটকের স্ক্রিপ্ট লেখার কাজ করেন একসঙ্গে। তাঁদের লেখা নাটক স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানেও মঞ্চস্থ হয়েছে।বিজ্ঞান বিভাগের এই তিন শিক্ষার্থীর মধ্যে আবীরের ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়ার, তুরাগের ইচ্ছা বুয়েট অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট এবং ফাহমি স্বপ্ন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ভর্তি হওয়ার। খুব শিগগির শুরু হবে নটর ডেম কলেজে আন্তক্লাব প্রতিযোগিতা। সেখানেও তাঁরা নিজেদের বিজয়ী বেশে দেখতে চান। ডিবেট থেকে জ্ঞান এবং নৈতিকতার যে প্রাপ্তি তা অসীম এবং এই প্রাপ্তিকেই জীবনের যে কর্মস্থলেই থাকেন না কেন সেখানে ছড়িয়ে দিতে চান তুরাগ। দেশকে নিয়ে একটু ভিন্নভাবে চিন্তা করেন আবীর। আবীরের মতে, ‘আমাদের এখন আর শুধু স্বপ্ন দেখলে চলবে না, তা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। আর এ জন্য প্রয়োজন সবার মধ্যে প্রবল দেশপ্রেম।