নটর ডেমের পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকাশ থেকে সমুদ্রতল পর্যন্ত যে আলোয় আলোকিত, তা নিশ্চয় বিজ্ঞানের আলো? আগামী দিনে যাদের হাত ধরে এই আলোয় আলোকিত হবে বিশ্ব, সেই কান্ডারিরা কোথায়? এই বিজ্ঞানীদের খুঁজতে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও সমকাল আয়োজন করেছিল জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১২। যার চূড়ান্ত আসর বসেছিল ২৭ জানুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মিলনায়তনে। সারা দেশ থেকে জাতীয় পর্যায়ে অংশ নেওয়া ৬০০ প্রতিযোগীর মধ্যে বিজয়ী প্রথম পাঁচজন হলেন ফাইয়াজ খান, আসিফ শাহরিয়ার, রিপন কুমার রায়, প্রীতম ঘোষ এবং এ এন এম তৌফিক এলাহী।গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। একটি তথ্য দিই, হয়তো অবাক হবেন। প্রথম থেকে পঞ্চম হওয়া পাঁচজনই নটর ডেম কলেজের শিক্ষার্থী। খুনসুটির জন্য জিজ্ঞাসা, ‘তোমরা কি সবাই এক জায়গায়ই বসেছিলে?’‘না! শুধু তা-ই নয়, আমরা সবাই সবাইকে চিনিও না!’ অবাক আসিফ শাহরিয়ার এমন অনুযোগে। প্রথম হওয়া ফাইয়াজ খান অবাক করে দিয়েছিল মিলনায়তনের সবাইকে। এই ফাইয়াজ খানই পুরস্কার বিতরণীর আগে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে নিজের উপলব্ধি ব্যক্ত করতে গিয়ে বলেছিল, ‘৬০০ জন শিক্ষার্থীর মধ্য থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে মাত্র ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত না করে আরও বেশি শিক্ষার্থীকে পুরস্কৃত করলে ভালো হতো।’তাই মিলনায়তন থেকে বেরোতেই প্রীতমের প্রশ্ন, ‘কী ফাইয়াজ, নিজের ওপর কি ভরসা করতে পারছিলা না?’ফাইয়াজ বলল, ‘ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমার অবস্থাও তাই। এর আগে ভাষা প্রতিযোগ, গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছি, খেটেছিও অনেক; কিন্তু কখনো পুরস্কার পাইনি তো তাই।’‘আর আমি সব সময় ভালো পরীক্ষা দিই, কিন্তু কখনো প্রথম হতে পারি না। সব সময় তৃতীয় স্থানটি আমার জন্য বরাদ্দ থাকে।’ এমনটাই বলল রিপন কুমার রায়। তবে বাধা দিল তৌফিক এলাহী, ‘না, কথাটা পুরোপুরি সত্য নয়। এবার নির্বাচনী পরীক্ষায় ও কিন্তু প্রথম হয়েছে।’এবার জানতে চাই স্বপ্ন কিংবা ইচ্ছে প্রসঙ্গে। পাঁচের চারজনই প্রকৌশলী হতে চায়। শুধু প্রীতমই চিকিৎসক হতে চায়। আরেক হবু প্রকৌশলী তৌফিক এলাহীর ইচ্ছে একটু ভিন্ন। ‘বিল গেটস এক সাক্ষাৎকারে বলেছিলেন “শিক্ষার্থী থাকা অবস্থায় গোটা কয়েক বিষয়ে ফেল করেছিলাম। আর আমার বন্ধুরা অনেক ভালো ফল করেছিল। তারা এখন আমার মাইক্রোসফটে কাজ করে।” আমি দেশে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি দেব। আর তার চিফ ইঞ্জিনিয়ার হবে আমাদের রিপন।’স্বপ্নের কথাগুলো বলতে বলতে তাঁদের চোখগুলো যেন জ্বলজ্বলে হয়ে উঠল। সবাই যেন তাঁদের নিকটতম ভবিষ্যতে বিচরণ করছে।