নটর ডেমের প্রকৃতি উৎসবে

গেল ৯ ও ১০ অক্টোবর নটর ডেম কলেজের প্রাঙ্গণ মেতেছিল প্রকৃতি উৎসবে। দেশের ৫০টি প্রতিষ্ঠানের চার শতাধিক প্রকৃতিপ্রেমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যোগ দিয়েছিলেন এ উৎসবে। কীভাবে পরিবেশ সংরক্ষণ বিষয়ে মানুষকে সচেতন করা যায় সে বিষয়ে তাঁরা চিত্র প্রদর্শনী ও ভিডিওচিত্র প্রদর্শনের আয়োজন করেছিলেন।
প্রথম দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন ভ্যাটিকান দূতাবাসের দূত আর্চবিশপ জর্জ কোচেরি। তিনি তরুণ প্রজন্মকে তাঁদের এই প্রকৃতিপ্রেমী মনোভাবের জন্য প্রশংসা করেন। এরপর ক্রমান্বয়ে অন্য অতিথিদের বক্তৃতার মাধ্যমে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান। তারপর পরিদর্শকেরা একে একে প্রজেক্ট, দেয়ালিকা ও অন্য ইভেন্টগুলো পরিদর্শন করেন।
দ্বিতীয় দিনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকাল নয়টায় কলেজ ক্যাম্পাসে এসে পৌঁছান। তিনি প্রথমেই ছাত্রদের চিত্র প্রদর্শনী এবং প্রজেক্ট প্রদর্শনী ঘুরে দেখেন। চিত্র প্রদর্শনী দেখার সময় তিনি শিক্ষার্থীদের নিজের অভিজ্ঞতা থেকে ফটোগ্রাফি সম্পর্কে জ্ঞান বিতরণ করেন। প্রশংসা করেন শিক্ষার্থীদের এমন উদ্যোগের। পাশাপাশি সবাইকে আহ্বান জানান প্রকৃতি রক্ষার বিষয়ে সচেতন হতে।
দুই দিনব্যাপী এ উৎসবে আয়োজন ছিল মোট পাঁচটি—নেচার অলিম্পিয়া, দেয়াল পত্রিকা প্রদর্শনী, পরিবেশবান্ধব প্রজেক্ট প্রদর্শনী, ছবি প্রদর্শনী ও পরিবেশ-বিষয়ক সেমিনার।