নতুন অধ্যায়ে ইরাক

অবশেষে মঞ্চ থেকে বিদায় নিলেন নুরি আল-মালিকি। দীর্ঘ গড়িমসির পর দেশি-বিদেশি চাপে নিতান্ত অনিচ্ছার সঙ্গে ইরাকের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হলেন তিনি। গত এপ্রিল থেকে দেশটিতে যে রাজনৈতিক অচলাবস্থা চলছে, তার অবসানের পথে একটি বড় পদক্ষেপ বলা হচ্ছে এ ঘটনাকে। ইরাকের প্রেসিডেন্ট জ্যেষ্ঠ শিয়া রাজনীতিক হায়দার আল-আবাদিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন; আমন্ত্রণ জানান নতুন সরকার গঠনের জন্য। এমনকি মালিকির নিজের দল ইসলামিক দাওয়া পার্টি পর্যন্ত নতুন সরকার গঠনের ব্যাপারে আবাদির সঙ্গে মিলে কাজ করার জন্য অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
মালিকি যুক্তি দেখিয়েছিলেন, ৬২ বছর বয়সী আল-আবাদির নিয়োগ সাংবিধানিকভাবে বৈধ নয়। সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি। এ দাবিতে যে, গত এপ্রিলের নির্বাচন অনুযায়ী প্রেসিডেন্টের উচিত ছিল সবচেয়ে বড় জোটের নেতা হিসেবে তাঁকেই সরকার গঠনের আমন্ত্রণ জানানো, আবাদিকে নয়। কিন্তু আবাদির প্রতি যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত মালিকির পায়ের তলার মাটি সরিয়ে দেয়। এটা ছিল মালিকির জন্য এক বিরাট আঘাত। কারণ, মার্কিন দখলদারত্বের সময়ই তাঁর উত্থান ঘটে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আবাদির মনোনয়নকে ইরাকের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেছেন। জাতিসংঘও নতুন সরকার গঠনকে স্বাগত জানিয়েছে। ওআইসি ও বিভিন্ন আরব রাষ্ট্রের পাশাপাশি ইরানও আবাদির প্রতি সমর্থন জানিয়েছে। মালিকির পতন কাউকে বিস্মিত করেনি। তাঁর আট বছরের শাসনে কুর্দি ও সুন্নি সংখ্যালঘুরা ইরাকি সমাজ ও রাষ্ট্র থেকে ক্রমে দূরে সরে গেছে। অনেকের মতে, সুন্নিদের প্রতি তাঁর অবহেলাই আইএস জঙ্গিদের উত্থান ও চলমান রক্তপাতের জন্য দায়ী। কেবল সময়ই বলে দেবে আল-আবাদি এই চরম অস্থিতিশীলতা আর নৈরাজ্যের অবসান ঘটিয়ে শান্তি আনতে পারবেন কি না। তবে একটা বিষয় এখনই নিশ্চিত, সেটি হচ্ছে, আট বছর ক্ষমতায় থেকেও দেশে শান্তি আনতে ব্যর্থ হয়েছেন মালিকি।
তবে আবাদির সামনের চ্যালেঞ্জও হবে অতি কঠিন। দুই ট্রিলিয়ন ডলার ব্যয় সাপেক্ষে প্রায় এক দশকের ইরাকি দখলদারত্বের অবসান ২০১১ সালে হলেও দেশটিতে স্থিতিশীলতার কোনো লক্ষণ নেই। মুক্তি এনে দেওয়ার কথা বলে ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে উৎখাত করার পর ইরাকিদের স্থিতিশীলতার আশ্বাস দিয়েছিল বুশ জুনিয়রের যুক্তরাষ্ট্র।
আবাদির একটিই সুবিধা, তা হচ্ছে, তাঁকে একেবারে গোড়া থেকে শুরু করতে হবে না। কারণ, ইরাক সরকারে আগে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। সাদ্দাম হোসেনের উৎখাতের পর গঠিত অন্তর্বর্তী সরকারে যোগাযোগমন্ত্রী ছিলেন তিনি। আল-মালিকির দাওয়া পার্টিরই নেতা আবাদি। আন্তর্জাতিক সমর্থনেরও অভাব নেই। তবে একেবারে নির্ঝঞ্ঝাটও হবে না তাঁর পথচলা। ২০০৬ সালে মালিকি দেশকে যে অবস্থায় পেয়েছিলেন, তার চেয়ে অবস্থা অনেক নাজুক এখন। আইএস জঙ্গিগোষ্ঠীর উত্থানকে মনে করা হচ্ছে এককভাবে ২০০৩ সালের পর থেকে ইরাকের জন্য সবচেয়ে মারাত্মক হুমকি। এই প্রেক্ষাপটে আবাদিকে প্রথমেই নতুন সরকারে ইরাকি সমাজের সব শ্রেণি-সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আর কাজও করতে হবে দ্রুত। দেরি করলেই মুশকিলে পড়বেন তিনি। রণাঙ্গনের লড়াই ছাড়াও বেশ কয়েকটি মৌলিক সমস্যার মুখোমুখি হতে হবে তাঁকে। প্রথমত, তাঁকে ইরাকের ‘আরোপিত’ ঐক্যের সরকারের ভঙ্গুরতার বিষয়টি মোকাবিলা করতে হবে। বিরোধ আর অচলাবস্থার সূত্রপাত হওয়া সময়ের ব্যাপার মাত্র।
দ্বিতীয়ত, তাঁকে সেনাবাহিনীসহ ইরাকের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে দুর্নীতি ও অদক্ষতা দূর করতে হবে। তৃতীয়ত, সরকারে অন্তর্ভুক্ত বিভিন্ন সম্প্রদায়ের আশা-আকাঙ্ক্ষা ও অভাব-অভিযোগের প্রতি নজর দিতে হবে। এদের মধ্যে আছে তেলসমৃদ্ধ, কিন্তু অপেক্ষাকৃত অনুন্নত দক্ষিণাঞ্চলের শিয়া আরব, পশ্চিম ও উত্তরের প্রদেশগুলোর সুন্নি আরব ও স্বশাসিত কুর্দি অঞ্চলের কুর্দি জাতিগোষ্ঠীর মানুষ, যারা এখন স্বাধীনতার স্বপ্ন দেখছে। বেশ কিছু জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুকেও দেশ পরিচালনায় সঙ্গে রাখতে হবে আবাদিকে। এদের রাজনৈতিক প্রভাব তো নেই-ই, বরং অনেকে অস্তিত্ব হারানোর হুমকিতেই রয়েছে।
আবাদির সামনে চ্যালেঞ্জটা তাই সহজ নয় মোটেই। একদিক থেকে তিনি অপরীক্ষিত একজন নেতা। তবে কিছু গুণগত বৈশিষ্ট্য তাঁকে একই সঙ্গে মালিকির চেয়ে নিঃসন্দেহে এগিয়ে রাখবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যুক্তরাজ্যে পিএইচডি করা আবাদি একজন টেকনোক্র্যাট। তিনি ভালো ইংরেজি বলেন, সিদ্ধান্ত গ্রহণে অন্যের সঙ্গে মতবিনিময়ে আগ্রহী। কথিত ‘বন্ধু’ ও উপদেষ্টাদের যে বিরাট চক্র মালিকিকে বিচ্ছিন্ন করে ফেলেছিল, তা নেই আবাদির। তাঁর ওপর ইরান বা অন্য কোনো বিদেশি রাষ্ট্রের অতিরিক্ত প্রভাব নেই। আবার দেশের নানান শ্রেণির রাজনীতিকের মধ্যে তাঁর শত্রু বলে কেউ নেই। মিশুক ও ভালো মানুষ হিসেবে পরিচিতি রয়েছে তাঁর।
তবে জঙ্গিবাদী সহিংসতা আর সাম্প্রদায়িক ঘৃণায় ছারখার হতে থাকা ইরাকে ভালো মানুষ হওয়াটা এখন যথেষ্ট যোগ্যতা নয়। বিদেশি হস্তক্ষেপে আইএস জঙ্গিদের দমাতে সক্ষম হলেও ইরাকি গণতন্ত্রের ভঙ্গুর অবস্থা সবচেয়ে সক্ষম নেতাকেও ব্যর্থতার আবর্তে ডোবাতে পারে। সংকীর্ণ সাম্প্রদায়িকতা আর অভিজাত শ্রেণির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার মতো বিষয়গুলো নতুন নেতার মনে হতাশা সৃষ্টি করতে যথেষ্ট। তবে আশার কথা হচ্ছে, কার্যত ইরাকের সব জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীই আইএস জঙ্গিদের হামলার মুখোমুখি বলে শেষ পর্যন্ত এ অভিন্ন বিপদের বিষয়টিই হয়তো গোটা দেশকে ঐক্যবদ্ধ করবে। প্রধানমন্ত্রী ও অন্য নেতাদের বাধ্য করবে সমস্যা সমাধানের একটা উপায় খুঁজে বের করতে। তবে কথা হচ্ছে, সময় আবাদির পক্ষে না এবং ইরাকের আজকের কঠিন বাস্তবতা গভীর ছায়া ফেলতে শুরু করলে আশাবাদ উবে যেতে বেশি সময় লাগবে না। তাই আবাদিকে সরকারের সঠিক স্থানে সঠিক লোককে অন্তর্ভুক্ত করতে হবে; দলীয় বা সাম্প্রদায়িকতার ভিত্তিতে নয়। ইসলামিক স্টেট জঙ্গিরা দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। সত্যি বলতে, দরজার চৌকাঠে এক পা ঢুকিয়েই দিয়েছে। ইরাকি রাজনীতিকদের আর কোনো ব্যর্থতার অর্থ হবে তাদের ঘরের ভেতর সাদরে আমন্ত্রণ জানানো।