নতুন আইফোনে যা থাকছে না
আইফোন এইট, এইট প্লাস ও টেন নিয়ে চলছে তুমুল আলোচনা। ক্রেতাদের আকৃষ্ট করতে নতুন নতুন ফিচার যুক্ত করে নতুন এই সেটগুলো বাজারে ছেড়েছে অ্যাপল। কিন্তু আইফোনের নতুন এই সেটগুলোতে প্রয়োজনীয় অনেক ফিচারই কিন্তু নেই। আইফোন ব্যবহার না করেও ফিচারটি লিখেছেন রাফি আদনান
* অ্যালার্ম শুনে ঘুম ভাঙা মানুষের সংখ্যা কম হলেও, অ্যালার্ম বন্ধ করে ঘুমানো মানুষের সংখ্যা অনেক। আগে ব্যবহার করা সব ফোনের মতোই নতুন আইফোন অ্যালার্মের শব্দে আপনার ঘুম ভাঙাতে ব্যর্থ হবেই হবে।
* পুরোনো আইফোন থেকে মেসেজ দেওয়ার পর আপনার ক্রাশ সেগুলো সিন করেনি তো? আশা হারাবেন না। দুঃখিত, আবার আশাহত হয়ে যান! নতুন আইফোন থেকে মেসেজ দিলেও একই ঘটনা ঘটবে।
* দীর্ঘ ভ্রমণে সঙ্গে পাওয়ার ব্যাংক না থাকলে বিপদ। নতুন আইফোনের তারবিহীন চার্জারের খবর শুনে খুশি হবেন না। শেয়ারইটের মাধ্যমে নতুন আইফোনেও চার্জ শেয়ার করার কোনো ফিচার নেই।
* বন্ধুদের সঙ্গে গ্রুপ সেলফি অথবা প্রেমিক/প্রেমিকার সঙ্গে কাপল সেলফিতে অন্যদের তুলনায় আপনার নিজের ছবি খারাপ আসে? নতুন আইফোনেও একই ঘটনা ঘটবে। আপনার তুলনায় ছবিতে আকর্ষণীয় লাগবে অন্যদের।
* প্রেমিক বা প্রেমিকার ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করছেন? কিন্তু বরাবরই ব্যর্থ? এবারও আশা করে লাভ নেই। আপনি ব্যর্থতার হিমালয়ে উঠে বসেছেন। ব্যর্থতার তুলনা করলে আপনার সামনে আছে কেবল বাংলাদেশ ফুটবল দল!
* নতুন আইফোনের ক্যামেরা দিয়ে বন্ধুর লেকচারশিটের ছবি তুলে যত্ন করে রেখে দিলেই আপনি পাস করবেন না। পাস করতে হলে সেই লেকচারশিট দেখতে হবে, পড়তে হবে, তবেই হবে পাস। যত্ন করে রেখে দিলে খাবেন কাঁচা বাঁশ!
* পুরোনো আইফোন ব্যবহার করে অচেনা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ঝুলে থাকবেন। নতুন আইফোন ব্যবহার করলে ভাগ্যদেবী আপনার সহায় হবে বলে ভাববেন না! নতুন আইফোনে এমন কোনো ফিচার নেই, যা দিয়ে অপরিচিতের কাছে আপনাকে সুপারম্যান হিসেবে উপস্থাপন করবে।
* মোবাইল অপারেটরদের উচ্চগতির থ্রিজি ইন্টারনেট প্যাকেজ কিনলেও আপনাকে ভুগতে হবে। কচ্ছপগতির ইন্টারনেটকে চোখের পলকে খরগোশগতিতে নিয়ে যাওয়া নতুন আইফোনের কম্ম নয়। সুতরাং ভাবিয়া কিনিয়ো আইফোন, কিনিয়া ভাবিয়ো না।
* আরও জেনে অবাক হবেন, নতুন আইফোনগুলো বরাবরের মতোই বাজারে এনেছে অ্যাপল। ঐতিহ্য অব্যাহত রেখে এই সেটগুলোর পেছনে লোগো হিসেবে আপনি কমলা, কাঁঠাল কিংবা মাকাল ফলের ছবি পাবেন না। পাবেন ওই আধখাওয়া আপেলের ছবিটাই।