
তাঁর ভাস্কর্যে হেনরি মুর কিংবা বারবারা হেপওয়ার্থের শিল্পশৈলীর ছাপ রয়েছে। তিনি অভিমানী, রহস্যময় আর একসময় শিল্পচর্চা ছেড়ে সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন—বাংলাদেশের প্রথম ভাস্কর নভেরা আহমেদ সম্পর্কে প্রচলিত এসব তথ্যের কোনোটাই পুরোপুরি সত্য নয়। অনেক ক্ষেত্রে সত্যটা এর সম্পূর্ণ বিপরীত।
নভেরাকে নিয়ে বলছিলেন গবেষক রেজাউল করিম সুমন। তাঁর আলোচনা ও মাল্টিমিডিয়ার উপস্থাপনায় আরও একবার আলো পড়ল বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের এই পথিকৃতের ওপর। উপলক্ষটা ছিল নভেরার ভাস্কর্যের আলোকচিত্র প্রদর্শনী। ১৯৯৮ সাল থেকে নানা প্রদর্শনীতে স্থান পাওয়া নভেরার ভাস্কর্যের ছবি তুলছেন চারুশিল্পী ও আলোকচিত্রী জাবের আহমেদ চৌধুরী। সেসব থেকে বাছাই করা কিছু ছবি নিয়ে চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেস আয়োজন করেছিল ‘অন্তর্দৃষ্টি’ শিরোনামের প্রদর্শনীর। ৭ মে উদ্বোধনীর দিন সন্ধ্যা ছয়টায় নভেরাকে নিয়ে ছিল সুমনের এই উপস্থাপনা। ঘণ্টা খানেকের আলোচনায় উঠে এসেছে নভেরার বেড়ে ওঠা, শিল্পকর্মের মূল্যায়ন এবং জাবের আহমেদ চৌধুরীর তোলা নভেরার ভাস্কর্যের ছবির বিশ্লেষণ।
১৯৬০ সালে ৭৫টি ভাস্কর্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চত্বরে আয়োজিত হয় নভেরার প্রথম একক প্রদর্শনী। এরপর দীর্ঘ তিন যুগ ধরে নভেরার বেশির ভাগ ভাস্কর্য ওই চত্বরে অনাদরে অবহেলায় পড়ে থেকে নষ্ট হয়েছে। নব্বইয়ের দশকে হাসনাত আবদুল হাইয়ের উপন্যাসের কল্যাণে নভেরা আহমেদ এ দেশে আবারও আলোচিত হতে শুরু করেন। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় জাদুঘর নভেরার ৪০টির মতো ভাস্কর্য ওই চত্বর থেকে সংগ্রহ করে ১৯৯৮ সালে প্রদর্শনীর আয়োজন করে। জাবের আহমেদ নভেরার ভাস্কর্যের ছবি তোলা শুরু করেন সেই প্রদর্শনী থেকেই। নভেরার মৃত্যুর পর ২০১৫ সালে তাঁর ওই ভাস্কর্যগুলোই রেস্টোরেশন করে আবারও প্রদর্শনীর আয়োজন করে জাতীয় জাদুঘর। এবারও যথারীতি ক্যামেরায় কাজগুলো ধরে রেখেছেন জাবের। চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেসে ‘অন্তর্দৃষ্টি’ প্রদর্শনীতে স্থান পাওয়া ১৮টি আলোকচিত্রই ২০১৫ সালের প্রদর্শনীর সময় তুলেছেন তিনি। বাকি দুটি আলোকচিত্র ব্যক্তিগত সংগ্রহে থাকা ভাস্কর্যের।
জাদুঘরের প্রদর্শনীতে ছবি তোলার উপযুক্ত পরিসর না পেলেও তিনি চেষ্টা করেছেন ত্রিমাত্রিক অনুভূতিটুকু দর্শকের মাঝে সঞ্চারণ করতে। ভাস্কর্যের আলোকচিত্রও যে স্বতন্ত্র শিল্পমূল্য বহন করে, এই প্রদর্শনী তারই উদাহরণ। ষাটের দশকে এ দেশে বসেই ভাস্কর্যগুলো নির্মাণ করেছেন নভেরা। ‘পরিবার’, ‘গরু’, ‘বসে থাকা নারী’ বা ‘বুদ্ধ’ শিরোনামের ভাস্কর্যগুলোর ছবি মূল কাজ দেখার অভিজ্ঞতার কাছাকাছি নিয়ে গেছে দর্শককে।
স্বদেশের অধ্যায় চুকিয়ে ইউরোপে পাড়ি জমালেও নভেরা থামেননি। ১৯৭০ সালে ব্যাংককে ও ১৯৭৩ সালে প্যারিসে তাঁর দুটি বড় আকারের এবং পরবর্তীকালে আরও কয়েকটি প্রদর্শনীর ক্যাটালগ ও ছবি দর্শকের সামনে হাজির করেন সুমন। এতে নভেরার অজানা ভাবনা-বিশ্বের কিছু অংশ দৃশ্যমানও হলো। বোঝা গেল, পাশ্চাত্যের সমকালীন ভাস্কর্যের পাশাপাশি বাংলার লোকশিল্প ও আদিম যুগের ভাস্কর্য থেকে প্রেরণা নিয়ে সৃষ্টি করেছিলেন নতুন এক শিল্পভাষা।
গত বছর ৬ মে নভেরার মৃত্যুসংবাদ আসে প্যারিস থেকে। ৮৫ বছরের জীবনের শেষ কটা বছরও শিল্পচর্চার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জীবনের শেষ ৪৫ বছর টানা বসবাস করেছেন ফ্রান্সে। কিন্তু আমৃত্যু বহন করেছেন বাংলাদেশের পাসপোর্ট। দেশে না এলেও তাঁর ছবি ও ভাস্কর্যে এসেছে এ দেশের জল হাওয়ার গন্ধ ছিল। না হয় জীবনসায়াহ্নে এসে কেন ‘কক্সবাজার’ শিরোনামে ছবি অাঁকবেন তিনি? মাল্টিমিডিয়ার পর্দায় দেখা যায়, গোধূলিলগ্নে সৈকতের আলো-আঁধারিতে দাঁড়ানো কয়েকটি ছায়ামূর্তি—খুব সাধারণ এই দৃশ্যকল্পও নভেরার তুলির টানে যেন ছবির কবিতা হয়ে উঠেছে। ছয় দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী অলক রায়। উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেসের পরিচালক রাফায়েল ইয়েগার ও উপপরিচালক গুরুপদ চক্রবর্তী।