নতুন আলো ছড়াতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি সদরের বড়াদম প্রাথমিক বিদ্যালয় মাঠে মঞ্চস্থ হয় গণনাটক ন্যূহ পহর  প্রথম আলো
রাঙামাটি সদরের বড়াদম প্রাথমিক বিদ্যালয় মাঠে মঞ্চস্থ হয় গণনাটক ন্যূহ পহর প্রথম আলো

ন্যূহ পহর। চাকমা ভাষার এই দুটি অক্ষরের বাংলা অর্থ নতুন আলো। রাঙামাটির আদিবাসীপাড়ায় এই নতুন আলোর প্রদীপ হাতে অভিযাত্রায় নেমেছে একদল তরুণ। নানা বিষয়ে আদিবাসীদের সচেতন করতে তারা আয়োজন করছে গণনাটক ন্যূহ পহর।
রাঙামাটি পার্বত্য জেলার প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রী ভর্তির হার এখনো সর্বনিম্ন, ঝরে পড়ার হারও বেশি। তার প্রধান কারণ সচেতনতার অভাব।
এ ছাড়া স্বাস্থ্য বিষয়ে রয়েছে অজ্ঞতা। এসব ব্যাপারে সামাজিক সচেতনতা গড়ে তুলতে জাতিসংঘ শিশু তহবিলের অর্থায়নে শিশুবান্ধব স্কুল প্রকল্পের আওতায় গণনাটকের মাধ্যমে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। চাকমা ভাষায় নির্মিত এ নাটক মঞ্চায়ন করছে পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক)।
গত বুধবার রাঙামাটি সদর উপজেলার কাপ্তাই হ্রদ-তীরবর্তী মগবান ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাটক মঞ্চায়নের মাধ্যমে শুরু হয়েছে প্রকল্পের কাজ। কাপ্তাই হ্রদবেষ্টিত বড়াদম সরকারি প্রাথমকি বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, জাক-এর তরুণ নাট্যশিল্পীরা গণনাটক ন্যূহ পহর মঞ্চায়ন করছেন। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় লোকজন তা উপভোগ করছেন।
জাকের নাট্য শাখার প্রধান বীর কুমার চাকমা বলেন, ‘আমরা নাটকের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নতুন আলোর সন্ধান দিতে চাই। সমাজ থেকে স্বাস্থ্যবিষয়ক কুসংস্কার ও মাদক দূর করে সমাজকে শিক্ষার আলোতে আলোকিত হতে অনুপ্রেরণা দেব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কলিমুল্লা বলেন, আমরা যে বিষয়গুলো সব সময় শিক্ষার্থী ও অভিভাবকদের বোঝাই সে বিষয়গুলো নাটকের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। আর নাটকে সহজ উপস্থাপনের কারণে শিশু থেকে বৃদ্ধ সবাই খুব সহজে বুঝতে পারছেন। এটি খুবই ভালো উদ্যোগ।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, ‘আমরা বিভিন্নভাবে শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি। কোথাও সচেতনতার অভাব, আবার কোথাও দুর্গম যোগাযোগব্যবস্থা বাধা হয়ে দাঁড়ায়। শিশুবান্ধব স্কুল প্রকল্পের মাধ্যমে গণনাটক মঞ্চায়ন সচেতনতা সৃষ্টিতে অবদান রাখতে পারবে বলে আমরা আশাবাদী।’
উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় রাঙামাটি সদর, বিলাইছড়ি ও বরকল উপজেলায় আদিবাসী অধ্যুষিত বিভিন্ন দুর্গম এলাকার ২১টি বিদ্যালয়ে নাটকটি মঞ্চস্থ হবে।