নতুন আলোর খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই লিটার পেট বোতলে ৫৫ ওয়াটের বৈদ্যুতিক বাল্বের সমান আলো জ্বালানোর অভিনব পদ্ধতি নিয়ে কাজ করছেন একদল শিক্ষার্থী। আর এই কাজের স্বীকৃতিস্বরূপ ফিলিপাইনের ‘লিটার অব লাইট’ সংস্থাটির ‘গ্লোবাল পার্টনারশিপ’ অর্জন করেছেন তাঁরা। বলছিলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবক দল ‘চেঞ্জ’-এর কথা। কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবদান রাখার মতো বোতলবাতি স্থাপনের কাজ করছেন তাঁরা।কীভাবেই বা করেছেন তাঁদের কাজ? এই গল্প শুনতে আমরা গিয়েছিলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাজিদ ইকবাল, আহমেদ শোভন, আনিকা তাবাসসুমদের কাছে। গল্পটা তাঁদের কাছ থেকেই শোনা। টিনের চাল কেটে বসানো হবে পেট বোতল। আর এতে সূর্যের আলো পড়লেই প্রতিসরণের মাধ্যমে প্রায় ৫৫ ওয়াট সমপরিমাণ বৈদ্যুতিক বাল্বের আলো পাওয়া যাবে। আর এ আলোয় আলোকিত ঘিঞ্জি এলাকা হিসেবে পরিচিত মিরপুরের মুসলিম ক্যাম্প বস্তি।কিন্তু কে শুরু করবে কথা? এ ওর মুখের দিকে তাকিয়ে যেন ‘বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা’র দায়িত্ব নিজেই নিলেন দলনেতা সাজিদ ইকবাল। ‘২০১২ সালের প্রথম দিকে ইউটিউবে “লিটার অব লাইট” প্রতিষ্ঠানটির একাটি ভিডিও ফুটেজ দেখলাম। ফুটেজে দেখানো হলো, টিনের চাল কেটে কীভাবে প্লাস্টিক পেট বোতলে সূর্যালোকের মাধ্যমে খুপরি ঘরে আলোর ব্যবস্থা করা যায়। সেই থেকেই মাথার মধ্যে বিষয়টা ঘুরপাক খাচ্ছিল, এ বিষয় নিয়ে কীভাবে কাজ করা যায়।....’ পাশ থেকে হাত উঁচিয়ে ‘ফ্লোর’ চাইলেন আনিকা তাবাসসুম। যোগ করলেন, ‘পুরো বিষয়টা নিয়ে আমাদের সঙ্গে অলোচনা করে সাজিদ। এরপর থেকে আমরা খুঁজতে শুরু করি বস্তির খুপরি ঘর, যেখানে দিনের আলো পৌঁছায় না। আর খুঁজতে খুঁজতে চলে যাই মিরপুরের মুসলিম ক্যাম্প বস্তি।’ এর মধ্যেই আমাদের আলোচনায় যুক্ত হয়েছেন হাসিব-আল-ফারাবি, আহমেদ শোভন, আশরাফুল ইসলাম, প্রিন্স গুলশান জোবায়েদ, আহনাফ তাহমিদ, শাফি হক। এঁরা সবাই ‘বোতলবাতি’ প্রকল্পের কারিগর। আহমেদ শোভন শোনালেন কাজ করতে গিয়ে মুখোমুখি হওয়া নানা বাধাবিপত্তির কথা। ‘প্রকল্পটি যে খুব সহজে আমরা বাস্তবায়ন করতে পেরেছি তা নয়। এলাকার লোকজন প্রথমে আমাদের কথা বিশ্বাস করতে চাইল না, উটকো ঝামেলা মনে করল। দ্রুতই আমরা আরেকটি নতুন জায়গা খুঁজে বের করলাম। এটিও মিরপুরে। বাউনিয়া বস্তি।’শোভনের কথার পিঠে কথা জুড়ে দিলেন আহনাফ তাহমিদ। ‘আমরা সাত দিন ধরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে, কাজ করে প্রথম বোতলবাতি জ্বালাই। কী যে ভালো লেগেছিল সেদিন! মনে হচ্ছিল, আমরা যেন সত্যিই জীবনের আলো জ্বালাতে সক্ষম হলাম।’শুরুর গল্পটা এমনই। তারপর কেবলই এগিয়ে যাওয়ার পালা। নারায়ণগঞ্জের সোনারগাঁ আর সাতক্ষীরা জেলায় শিগগিরই কার্যক্রম শুরু করবেন তাঁরা। এই দলটি গত বছর মার্চ মাসে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইয়ুথ লিডারশিপ সামিটে অংশ নিয়ে ‘সামাজিক ব্যবসায়’র জন্য পান রানার আপ পুরস্কার।ফিলিপাইনের ‘লিটার অব লাইট’-এর গ্লোবাল পার্টনার হওয়ায় বাংলাদেশি তরুণদের এই দলটিও বোতলবাতির প্রচার ও প্রসারে কাজ করার সুযোগ পাবে ১১টি দেশে।