বন্দর আধুনিকায়নে ১৭০ কোটি টাকার দুটি প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে দুটি প্রকল্পের উদ্বোধন করবেন। একটি কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি (সিটিএমএস)। আরেকটি ‘ইউএস মেগাপোর্ট ইনিশিয়েটিভ’-এর আওতায় পারমাণবিক তেজস্ক্রিয়া শনাক্তকরণ পদ্ধতি (আরডিএস)। প্রকল্প দুটি নিয়ে আজকের আয়োজন। লিখেছেন মাসুদ মিলাদগত ১০ অক্টোবর আংশিকভাবে বন্দরে কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হয়। এশীয় উন্নয়ন ব্যাংক এবং বন্দরের যৌথ অর্থায়নে এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় ৭০ কোটি টাকা। এই পদ্ধতির আওতায় বন্দরের আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার (বছরে প্রায় সাড়ে ১৪ লাখ ইউনিট) ব্যবস্থাপনা ও সংরক্ষণের যাবতীয় দালিলিক কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হবে।প্রকল্প সূত্র জানায়, জাহাজ আসার ঘোষণা এবং জেটি বরাদ্দ দেওয়ার আবেদন অনলাইনে দেওয়ার পর থেকে এই পদ্ধতির কাজ শুরু হয়। সনাতন পদ্ধতিতে পণ্য খালাসে বন্দরের অংশে ২৪টি সই নিতে হতো। স্বয়ংক্রিয় পদ্ধতিতে সই নেওয়ার দরকার হবে না। অর্থাৎ পণ্য খালাসের জন্য কারও সঙ্গে সরাসরি যোগাযোগেরও দরকার হচ্ছে না। প্রকল্পের নথিপত্র অনুযায়ী, এই পদ্ধতিতে কনটেইনারের অবস্থান এবং কনটেইনার কোন জাহাজে করে আসছে বা রপ্তানি হয়েছে, এসব তথ্য জানা যাবে অনলাইনে। এই ব্যবস্থায় বন্দর জেটির অপারেশনাল কাজে কোন দিন কতজন শ্রমিক নিয়োগ এবং কয়টা যন্ত্রপাতি কোথায় বসানো হবে, সেটার তথ্য অনলাইনে দেওয়া থাকবে। পাশাপাশি কনটেইনার ও জাহাজভাড়া, শ্রমিক নিয়োগ ইত্যাদি কাজে কত খরচ হচ্ছে, তা-ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে হিসাব করে অনলাইনে ব্যাংকে বিল পরিশোধের ব্যবস্থা থাকবে। সিটিএমএসের প্রকল্প পরিচালক প্রকৌশলী খায়রুল মোস্তফা প্রথম আলোকে বলেন, এই প্রকল্প চালু হওয়ার পর বন্দরের সক্ষমতা অনেক বাড়বে। জাহাজের গড় অবস্থানের সময় কমবে। এতে বন্দর ব্যবহারকারীরা বেশি সুফল পাবেন বলে তিনি জানান।