নতুন উচ্ছ্বাসে জাগছে সীমানাপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময় আট কিলোমিটার হেঁটে বিদ্যালয় যেতে হতো এই শিশুদের। এখন বাড়ির পাশেই স্কুল। নতুন বই পাওয়ার উচ্ছ্বাসের সঙ্গে তাই যোগ হয়েছে নতুন স্কুল পাওয়ার আনন্দ। ৪ জানুয়ারি দীঘিনালার সীমানাপাড়ার নবনির্মিত হোসনেয়ারা মনজুর বিদ্যানিকেতন থেকে তোলা l প্রথম আলো
একসময় আট কিলোমিটার হেঁটে বিদ্যালয় যেতে হতো এই শিশুদের। এখন বাড়ির পাশেই স্কুল। নতুন বই পাওয়ার উচ্ছ্বাসের সঙ্গে তাই যোগ হয়েছে নতুন স্কুল পাওয়ার আনন্দ। ৪ জানুয়ারি দীঘিনালার সীমানাপাড়ার নবনির্মিত হোসনেয়ারা মনজুর বিদ্যানিকেতন থেকে তোলা l প্রথম আলো

হালকা কুয়াশা মোড়ানো শীতের সকাল। কিছুদিন আগেও নির্জন সীমানাপাড়া গ্রামে এমন ভোরে কেবল পাখির ডাক শোনা যেত। কিন্তু এখন দুর্গম গ্রামটি জাগছে বিদ্যালয়ের ঘণ্টাধ্বনি আর কোমলমতি শিক্ষার্থীদের কোলাহলে। গত ১৯ ডিসেম্বর এই গ্রামে বিদ্যালয় চালু হওয়ার পর নতুন বই ও পোশাক পেয়েছে শিক্ষার্থীরা। এখন পুরোদমে চলছে পাঠদান।
একটি বিদ্যালয় যে একটি গ্রামের নতুন আশা-ভরসার প্রতীক হয়ে উঠতে পারে, তা বোঝা যায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সীমানাপাড়া গ্রামে গেলে। দল বেঁধে শিশুরা যাচ্ছে বিদ্যালয়ে, এ দৃশ্য গ্রামের বাসিন্দাদের জন্য নতুন। কেবল তা-ই নয়, বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি শহীদ মিনারে স্বাধীনতার ৪৫ বছর পর প্রথমবারের মতো ফুল দিয়ে শহীদদের স্মরণ করলেন তাঁরা।
প্রথম আলোর ক্রোড়পত্র ‘আমার চট্টগ্রামে’ গত বছরের ৮ অক্টোবর ছাপা হয়েছিল ‘ভোর পাঁচটায় বিদ্যালয়ে যাত্রা, সন্ধ্যা সাতটায় ফেরা’ শিরোনামে প্রতিবেদন। ওই প্রতিবেদন প্রকাশের পর চট্টগ্রামের মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন সীমানাপাড়া গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ১৯ ডিসেম্বর গ্রামে উদ্বোধন হয় হোসনেয়ারা মনজুর বিদ্যানিকেতন। সেখানে এখন ১০৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে নতুন পোশাক, জুতা, সোয়েটার ও একটি করে কম্বল। এ ছাড়া বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা পেয়েছে নতুন বই।
৪ জানুয়ারি সরেজমিনে সীমানাপাড়ায় গিয়ে দেখা গেছে, নতুন প্রতিষ্ঠিত হোসনেয়ারা মনজুর বিদ্যানিকেতনে পুরোদমে চলছে শিক্ষা কার্যক্রম। সেখানে দেখা হয় তৈদুছড়া এলাকা থেকে লয়মতি ত্রিপুরার (৩৫) সঙ্গে। তিনি তাঁর মেয়ে লিলিকা ত্রিপুরাকে বিদ্যালয়ে ভর্তি করতে এনেছেন। লয়মতি বলেন, ‘আমাদের গ্রামে বিদ্যালয় নির্মাণ হবে তা আমরা কল্পনাও করিনি। আমাদের গ্রামের ছেলেমেয়েদের আগে কয়েক মাইল দূরে বিদ্যালয়ে যেতে হতো।
আর এখন বাড়ির পাশে বিদ্যালয়।’
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধিমেল ত্রিপুরা বলে, আগে ছয় কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে যেতাম আর এখন বাড়ির পাশেই বিদ্যালয় হয়েছে। বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে নতুন পোশাক, নতুন বইও পেয়েছি। আমার খুব আনন্দ হচ্ছে।’
পাকা বিদ্যালয় ভবনের প্রাঙ্গণেই তৈরি হয়েছে দৃষ্টিনন্দন শহীদ মিনার। সেই শহীদ মিনার এখন ফুলে ফুলে ভরা। স্বাধীনতার দীর্ঘ ৪৫ বছর পর গ্রামবাসী নিজেদের গ্রামের শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানালেন।
সীমানাপাড়া গ্রামের কারবারি (গ্রামপ্রধান) চয়ন ত্রিপুরা ও গ্রামবাসী ননী গোপাল ত্রিপুরা বলেন, ‘আমাদের গ্রামে একটি বিদ্যালয় হবে তা আমরা কল্পনাও করিনি। এখন এখানকার মানুষজন তাদের সন্তানদের নিয়ে নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীনা ত্রিপুরা বলেন, বিদ্যালয়টিতে বর্তমানে প্রাক্–প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছয়টি শ্রেণিতে ১০৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। পাঁচজন শিক্ষক ও একজন কার্যালয় সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষকদের বেতন ভাতা দিচ্ছে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বিদ্যালয়ের পাশাপাশি সীমানাপাড়াবাসী শহীদ মিনারও পেয়েছে। এটাও অনেক বড় পাওয়া।