ওয়েসিস কফিনসের সাফল্যই বাংলাদেশে কাজ করার ইচ্ছেকে উসকে দেয় জেরি নিকলসনের। আপাতত সপরিবারে বাংলাদেশেই থিতু হয়েছেন এই ব্রিটিশ।
ওয়েসিস কফিনস থেকে পাওয়া শিক্ষাকে কাজে লাগাতেই শুরু করেছেন ওপেন অ্যাকসেলারেটর নামের অভিনব একটি প্রকল্প।
‘ওপেনের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্ভাবনাময় নতুন উদ্যোক্তাদের খুঁজে বের করতে চাই আমরা। আমাদের কাজ হবে তাঁদের ঠিকঠাক ব্যবসায়িক বুদ্ধি-পরামর্শ প্রদান এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে তাঁদের যোগাযোগ করিয়ে দেওয়া।’
এর মধ্যে নতুন উদ্যোক্তাদের কাছ থেকে ব্যবসার প্রস্তাব নিতে শুরু করেছে ওপেন। সহযোগীদের তালিকায় আছে, ইনক্লুভেস্ট, কিলপেট্রিক, দৃক ও চ্যালেঞ্জেস ওয়ার্ল্ড ওয়াইড।
‘ব্যবসা মানে আমাদের কাছে শুধু আর্থিক লাভ নয়। একটি এলাকার সামাজিক ও পরিবেশগত উন্নতিও। সে কারণেই নতুন উদ্যোগ নির্বাচনের বেলায় গ্রামভিত্তিক ব্যবসাকে প্রাধান্য দিচ্ছি আমরা। এরইমধ্যে ভালো সাড়া পেয়েছি। আগামী মে মাসে আমরা নির্বাচিতদের নিয়ে কর্মশালার আয়োজন করব। আশা করছি এখানে দেশি বিদেশি বিনিয়োগকারীদের সাড়া পাব।’ বলছিলেন ওপেনের প্রকল্প পরিচালক জেরি নিকলসন।
ওপেন সম্পর্কে আরও জানতে আগ্রহীরা দেখতে পারেন এই ওয়েবসাইট
www.bdopen.org