নতুন উদ্যোক্তাদের দেন আইনি সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিতা গাজী রহমান
আনিতা গাজী রহমান

আনিতা গাজী রহমান পেশায় একজন আইনজীবী। পেশাগত কাজের বাইরেও বয়সে তরুণ এই আইনজীবী সহায়তা করেন তরুণ উদ্যোক্তাদের। নতুন উদ্যোগ বা স্টার্ট-আপ ব্যবসায় সহায়তা করতে আনিতা প্রতিষ্ঠা করেছেন দি লিগ্যাল সার্কেল। 
ছোটবেলা থেকেই আনিতা ভাবতেন মানুষকে কীভাবে সাহায্য করা যায়। বললেন, ‘একটা সময়ে মনে হলো আইনই পারে মানুষকে সহযোগিতা করতে।’ আইন পড়লেন, আইনজীবী হলেন, সহযোগিতা করা শুরু করলেন লিগ্যাল সার্কেলের মাধ্যমে। আনিতা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অংশীদার।
আইন পেশায় আনিতা আছেন ১১ বছর ধরে। আর হাইকোর্টে কাজের অভিজ্ঞতা হয়ে নয় বছর। বেশ কিছু স্টার্ট-আপ ব্যবসায় উদ্যোগের উপদেষ্টা (অ্যাডভাইজার) হিসেবেও আছেন তিনি। স্টার্ট-আপ প্রতিষ্ঠান নিয়ে কাজ করার কথা ভাবলেন কেন? আনিতার জবাব, ‘প্রতিবছরই ব্রিটিশ দূতাবাস থেকে ‘ইয়াং লিডারস ফোরাম’ শিরোনামে একটা গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে বেশ কিছু নবীন উদ্যোক্তার সঙ্গে পরিচয় হয় আমার। তাঁদের মুখে তাঁদের সমস্যার কথা শুনি। পরে তাঁদের আমন্ত্রণেই উদ্যোক্তাদের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করছি।’
দি লিগ্যাল সার্কেলের মাধ্যমে তথ্যপ্রযুক্তি, বিশেষ করে ই-কমার্স নিয়ে কাজ করতে ইচ্ছুক এমন উদ্যোক্তাদের বিনা মূল্যে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার ইচ্ছা আনিতা গাজীর। কাজকে যেমন প্রাধান্য দেন তেমনি পরিবারের প্রতি তিনি সমান মনোযোগী। আনিতার স্বামী আরিফুল ইসলাম একজন ব্যবসায়ী। তাঁদের তিন মেয়ে।
আনিতা বললেন, ‘২০০৭ সালে যখন প্রথমবার মা হলাম, তখন থেকেই এমন একটি প্রতিষ্ঠানের কাজ করার স্বপ্ন দেখতাম, যেখানে নিজের পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি আমি আমার কাজটাকেও চালিয়ে যেতে পারব। আর সেই থেকে সমমনা কয়েকজনকে নিয়ে শুরু করি দ্য লিগ্যাল সার্কেলের কাজ।’ দুই বছর চেষ্টার পর লিগ্যাল সার্কেল ল রিপোর্ট (এলসিএলআর) প্রকাশের অনুমতি পেয়েছেন আনিতা। এই প্রকাশনার সম্পাদনার কাজটাও করছেন আনিতা। এই দলে তাঁর সঙ্গে কাজ করছেন ২০ জন আইনজীবী।
চট্টগ্রামের খুলশী এলাকার মেয়ে আনিতা। তাঁর মা সাফিয়া গাজী রহমান সানসাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ। আনিতা গাজী রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে এলএলবির ফাউন্ডেশন কোর্স শেষে ইউনির্ভাসিটি অব লন্ডনে ভর্তি হন এলএলবি কোর্সে। এর সেখানকার কলেজ অব ল থেকে বার-অ্যাট-ল শেষে ২০০৩ আবারও বাংলাদেশে ফিরে আসেন তিনি। আনিতার চাওয়া বাংলাদেশের সব মানুষ কোনোরকম ভোগান্তি ছাড়া যেন প্রয়োজনীয় আইনি সেবা পায়।