নতুন ও পুরোনোদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলা ভেঙে গেছে। বাজছে বিদায়ের সুর। তিন দিন যেন টাইম মেশিনে করে অতীতের উচ্ছল-জীবনে ফিরে গিয়েছিলেন তিনি। এখন প্রিয়বন্ধু-সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়ে কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার পালা। শূন্য হাতে নয় একগাদা সুখকর স্মৃতি নিয়ে যাবেন তাঁরা। আগামী বছর ফের মিলবার প্রতিশ্রুতিটাও তো থাকছে।গতকাল ঘটা করেই শেষ হলো চারুকলার ৪০ বছর পূর্তি উৎসব। তিন দিনের এ উৎসব শুরু হয় গত বৃহস্পতিবার। আয়োজন করেছিল—চারুকলার ৪০ বছর উদ্যাপন পরিষদ।পরিষদের আহ্বায়ক শিল্পী আহমেদ নেওয়াজ বললেন, ‘চারুকলা ইনস্টিটিউটের নতুন-পুরোনো সব শিক্ষার্থীর মধ্যে মেলবন্ধন তৈরি করা আমাদের মূল লক্ষ্য ছিল।’বিশিষ্ট শিল্পী ও চারুকলা ইনস্টিটিউটের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী চন্দ্রশেখর সাহা বলেন, ‘৪০ বছর পূর্তির এ উৎসব আর তো কখনো ফিরে পাওয়া সম্ভব হবে না। তাই এর গুরুত্ব ছিল অন্য রকম।’গত বৃহস্পতিবার সকালে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন শিল্পী মুর্তজা বশীর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সবিহ্-উল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রফিকুন্নবী (রনবী), আবদুল্লাহ খালিদ, আবুল মনসুর। উৎসবের দ্বিতীয় দিনে ছিল শোভাযাত্রা, ‘চট্টগ্রামে চারুকলা চর্চার চার দশক: আধুনিকতা স্বাতন্ত্র্য ও নান্দনিকতা’ শীর্ষক সেমিনার, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের মঞ্চ সজ্জায় ছিল অপূর্ব শিল্পের ছোঁয়া। রং-বেরঙের বড় বড় পেন্সিল উঁকি দিচ্ছিল মঞ্চের পেছন থেকে। এ বিষয়ে ভাস্কর অলক রায় জানালেন, ‘আমাদের প্রথম ছবি আঁকা শেখার কাজটা শুরু হয় পেন্সিল দিয়ে। এ বিষয়টিকে তুলে ধরা হয়েছে।’বৃহস্পতিবার সকালে অনুষ্ঠান শুরু করতে সময় লেগে যায়। প্রায় ঘণ্টা দেড়েক দেরিতে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। দেরি দেখেই হয়তো পুরোনো শিক্ষার্থীরা নড়ে চড়ে বসলেন। চেয়ার ছেড়ে উঠে প্রথমে দু-চারজন নাচ ধরলেন। পেছনে দাঁড়ানো ঢোল বাদকেরা তাতে তাল মেলালেন। এরপর ক্রমেই নাচিয়েদের সংখ্যা বাড়তে থাকল। চারুকলার চত্বরে উদ্বোধনের আগেই এভাবে জমে উঠে আসর। পুরোনোদের খুনসুটি: চারুকলার শিল্পী রশিদ চৌধুরীর গ্যালরির সামনে জমে উঠেছিল আড্ডা। এ সময় শিল্পী সাফায়াত খান সহপাঠীদের একজনকে বলছিলেন, ‘তোমার চেহারা আরও সুন্দর ছিল তখন। এখন একটু পরিবর্তন হয়েছে।’ এ নিয়ে শুরু হয় খুনসুটি। উচ্ছল আড্ডায় ভেসে যান সবাই।প্রবাসী দুজন: নিউইয়র্ক থেকে এসেছেন তাজুল ইমাম। চারুকলার দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। সোলসের লিড ভোকাল ছিলেন। মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছেন। অনুষ্ঠানে আসার অনুভূতি জানিয়ে বলেন, ‘অনেকের সঙ্গে দেখা হয়েছে বহু বছর পর। আসলে এটা অনেক বড় পাওয়া।’ মোস্তফা আরশাদ ১৯৮১ সালে চারুকলা থেকে পাস করে চলে যান যুক্তরাষ্ট্রে। উৎসবে এসে দেখা হয়েছে পুরোনো বন্ধুদের সঙ্গে। বললেন, ‘এখানে অনেকের সঙ্গে দেখা হয়েছে। আমাকে কেউ চিনতে পারলেও আমি তাঁদের দেখেই চিনতে পারিনি। পরে পরিচয় জেনে অসম্ভব ভালো লেগেছে।’শিল্পী পরিবার: উৎসবে এসেছেন অনেকেই পরিবার-পরিজন নিয়ে। কিন্তু পুরোনো বন্ধুদের পেয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েন নিজেদের মধ্যে। তখন পরিবারের সদস্যরা সময় পার করছিলেন আশপাশে ঘুরে। দর্শক আসনে বসে অনুষ্ঠান উপভোগ করে। উদ্বোধনী দিনে এভাবেই দর্শকসারিতে বসে পরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলছিলেন উত্তম গুহের স্ত্রী নাট্যকর্মী ও কণ্ঠশিল্পী চিত্রলেখা গুহ। বললেন, ‘আমি খুব উৎসবপ্রিয়। তাই এখানে এসে ভীষণ ভালো লাগছে।’