শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে বান্দরবানের আলীকদম উপজেলার রেংপুং হেডম্যানপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি অবশেষে পাকা হচ্ছে। তবে ভবন নির্মাণে ঠিকাদার ও দেখভালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কাজে নানাভাবে ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভবনের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ এনে আদিবাসীরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর কাছে একটি চিঠি দিয়েছেন। গত ২৬ জুলাই অভিযোগের তদন্ত করেন এলজিইডির চট্টগ্রাম বিভাগীয় নির্বাহী প্রকৌশলী। তদন্তকালে নির্মাণকাজে ত্রুটি পাওয়া গেছে বলে উপজেলা প্রকৌশলী কার্যালয় থেকে জানা গেছে এবং এটি ভেঙে নতুনভাবে করার নির্দেশ দেওয়া হয়। উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, এলজিইডি উপজেলার তৈনফা মৌজায় রেংপুং হেডম্যানপাড়া রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনের নির্মাণকাজ হাতে নেয়। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি) আওতায় এডিবি অর্থায়ন করছে। ভবন নির্মাণে ২৮ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। নির্মাণকাজটি করছে ফরহাদ কনস্ট্রাকশন। স্থানীয় উপজেলা প্রকৌশল কার্যালয় থেকে নির্মাণকাজ তদারকির দায়িত্বে ছিলেন উপজেলা প্রকৌশলী সজল কৃষ্ণ দেব, উপসহকারী প্রকৌশলী মানস কুমার সাহা ও কার্যসহকারী পরেশ কুমার বিশ্বাস। কিন্তু তাঁরা ঠিকাদারের সঙ্গে আঁতাত করে বিদ্যালয় ভবন নির্মাণে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন বলে অভিযোগ ওঠে। আদিবাসীদের অভিযোগ, রড, সিমেন্ট ও কংক্রিট (আরসিসি) দিয়ে ভিত্তি ঢালাইয়ে ব্যাপক অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে। ভিত্তির ঢালাই কাজে ইটের বদলে স্থানীয় ঝিরি, ছড়া ও খালের নিম্নমানের পাথর ও বালু ব্যবহার করা হয়েছে। ইটের সলিং ছাড়াই ভিত্তি ঢালাই করা হয়েছে। আরসিসির আগে তিন ইঞ্চি সিসি ঢালাই করার কথা তা-ও করা হয়নি। আরসিসির ঢালাই কাজে কংক্রিট মিশ্রণের আনুপাতিক হারেও অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে। ভবনের ভিত্তি ও চারটি বিম ঢালাই করেই অর্ধেক কাজের অগ্রগতি দেখিয়ে ১৩ লাখ ৩০ হাজার ৩৭১ টাকা ব্যয় দেখানো হয়েছে।জানা গেছে, চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী গত ২৬ জুলাই সরেজমিনে তদন্তে আসেন। অভিযোগের সত্যতা পেয়ে তিনি নির্মাণাধীন অবকাঠামো ভেঙে নতুনভাবে করার নির্দেশ দেন। এ নির্দেশ অমান্য করে ২৯ জুলাই ঠিকাদারের শ্রমিকেরা ওই অবকাঠামোর ওপর অসমাপ্ত কাজ শুরু করেন। গত ৩০ জুলাই স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, জেএসএস ও আদিবাসী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা আলীকদম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। তাঁরা বিদ্যালয় ভবন নির্মাণকাজের দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি দাবি করেন। এ ব্যাপারে ঠিকাদার ফরহাদ জানান, নির্মাণাধীন বিদ্যালয় ভবনের ত্রুটিযুক্ত অবকাঠামো নতুনভাবে সংশোধন করা হচ্ছে। রেংপুংপাড়া রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেংপুং ম্রো বলেন, ভবন নির্মাণে অনিয়ম হয়েছে। ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে অভিযোগ দিতে বাধ্য হয়েছি।গত ৩১ জুলাই অভিযোগ ওঠা বিদ্যালয় ভবন সরেজিমন পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম ও মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার। উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, নির্মাণকাজে কিছুটা অনিয়ম হয়েছে। ভিত্তি ঢালাইয়ের ক্ষেত্রে কার্যাদেশ অনুসরণ করা হয়নি। উপজেলা প্রকৌশলী সজল কৃষ্ণ দেব বলেন, চট্টগ্রাম বিভাগীয় নির্বাহী প্রকৌশলী পরিদর্শনকালে ত্রুটি দেখায়, ভেঙে নতুনভাবে করার পরামর্শ দিয়েছেন। বান্দরবান এলজিইডি নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অভিযোগের কপি এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখব।’