নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। এ সপ্তাহের প্রথম দুই দিনে অর্থাৎ ১ ও ২ নভেম্বর অনুপ্রবেশের সময় ৫৬ জন রোহিঙ্গাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে গত ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ১০ দিনে উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে ১৪১ জন মিয়ানমারের নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবি। ঘুমধুম, তুমব্রু, বালুখালী ও পালংখালী এলাকার বিজিবির সদস্যরা টহলদানকালে পৃথকভাবে এদের আটক করে। এদিকে মিয়ানমারে নতুন করে সহিংসতা ও রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের কারণে এলাকার বাসিন্দাদের মনে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সীমান্ত এলাকায় বসবাসরত বাসিন্দা মো. শাহজাহান বলেন, ‘শুক্রবার থেকে আবারও মিয়ানমারে সামপ্রদায়িক দাঙ্গা শুরু হওয়ায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ বেড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এতে গ্রামবাসীর মধ্যে আবারও রোহিঙ্গা আতঙ্ক দেখা দিয়েছে।’ এই আতঙ্কের কথা স্বীকার করে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপক বড়ুয়া বলেন, ‘মিয়ানমারের আরাকান প্রদেশে নতুন করে শুরু হওয়া সংঘাতের কারণে সীমান্ত এলাকার মানুষের মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশের আতঙ্ক সৃষ্টি হয়েছে। গ্রামবাসীর সহায়তায় ইউনিয়ন পরিষদের চৌকিদার-দফাদারদের দিয়ে সীমান্তের বিভিন্ন পয়েন্টে সন্ধ্যা থেকে সতর্ক পাহারা বসানো হয়েছে।’জানা গেছে, কোরবানির ঈদের আগে সীমান্তের বিভিন্ন চোরাই পথ দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়ে যায়। তবে এসব রোহিঙ্গাদের অনেকে ঈদুল আজহাকে সামনে রেখে আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে আসা কিংবা চিকিৎসার জন্য এ দেশে অনুপ্রবেশ করছে দাবি করে। বিজিবির হাতে আটক মিয়ানমারের ঢেঁকিবনিয়া গ্রামের হামিদুর রহমানের স্ত্রী আরেফা বেগম (২৮) বলেন, ‘আমি শিশু জাহেদুল আমিনের (২) চিকিৎসার জন্য এসেছিলাম। চিকিৎসা শেষে বৃহস্পতিবার চলে যাওয়ার সময় বিজিবির হাতে ধরা পড়ি।’ একইভাবে চিকিৎসার জন্য বাংলাদেশে আসার কথা জানান হাসিনা বেগম (৩৮), আব্দুল জাব্বার (৯০), খুইল্যা মিয়াসহ (৪০) আরও অনেকে।রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, ‘কোরবানির ঈদের পূর্বে রোহিঙ্গারা ব্যাপক হারে দেশে ঢুকে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। তাদের কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। অতি সমপ্রতি ঘটে যাওয়া রামু, উখিয়া ও টেকনাফে সহিংস ঘটনায় রোহিঙ্গারা জড়িত থাকার প্রমাণ মিলছে।’ তিনি কূটনৈতিক পর্যায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে আলোচনা চালিয়ে দ্রুত শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ১৭-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান জানান, সীমান্তের এপারে-ওপারে দুটি শক্তিশালী পাচারকারী চক্র রয়েছে। যাদের কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ করা যাচ্ছে না। গত ২৬ অক্টোবর থেকে মিয়ানমারের আরাকান রাজ্যে নতুন করে জাতিগত সংঘাতের ফলে বিস্তীর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন পথ দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। তবে বিজিবি সদস্যরা সতর্ক থাকায় এরা ধরা পড়ছে। তাদের আবার স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে।