“পরপর দুবার এসএসসি পরীক্ষায় ফেল করলাম। হতাশ হয়ে পড়েছিলাম। শেষে এক প্রতিবেশীর কাছে জানতে পারলাম বাউবির কথা। এক বছরে পাঁচ-ছয়টা বই পড়ে পরীক্ষা। এবার ভালোভাবে পাস করলাম ‘এ মাইনাস’ গ্রেডে। এখন আমি এইচএসসি পরীক্ষার্থী। ইচ্ছা আছে অনার্সে ভর্তি হব।” বলছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত লোহাগড়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিক্ষার্থী রাশিদা ইসলাম।দশম শ্রেণীতে পড়াকালীন বিয়ে হয়ে যায় রিতা মজুমদারের। কিন্তু অদম্য রিতার পড়ার প্রতি প্রবল টান থাকায় বড় ভাইয়ের পরামর্শে তিনি এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যেকোনো বয়সের নারী-পুরুষ ভর্তি হতে পারবেন। তবে শিক্ষার্থীকে কমপক্ষে ১৪ বছর বয়সী হতে হয়। প্রচলিত এসএসসি পরীক্ষায় কেউ খারাপ করলেও ক্ষতি নেই, যে কেউ ভর্তি হতে পারেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। সপ্তাহে শুধু শুক্রবার ক্লাস থাকায় চাকরিজীবীরাও ভর্তি হতে পারেন বাউবির এসএসসি প্রোগ্রামে। চাকরিজীবী, বিবাহিত, অকৃতকার্য হওয়া এবং বিভিন্ন কারণে অনিয়মিত হওয়া ছেলেমেয়েরা এখানে বেশি পড়তে আসেন। বলছিলেন সরকারি বাংলা কলেজের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস।ভর্তির যোগ্যতাএখানে ভর্তি হতে হলে প্রথমে আপনাকে যেতে হবে বাউবির অনুমোদিত স্কুলে। দেশের সব জায়গায়ই বাউবির স্কুল/কলেজ/কেন্দ্র রয়েছে। সেখান থেকে রসিদ সংগ্রহ করে বাউবির (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) অনুমোদিত ব্যাংকে ৫০ টাকাসহ জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ফরম পূরণ করে এক কপি সত্যায়িত ছবি, নাগরিকত্বের সনদ ও অষ্টম শ্রেণী পাসের সনদ সংযুক্ত করে স্কুলে জমা দিতে হবে। ২০১০ সালের ভর্তির জন্য ইতিমধ্যে ফরম বিতরণ শুরু হয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ফরম বিতরণ চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। ফরম জমাদান শেষ হলে ২৮ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সময়ে ফরম যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং ১৩ মে থেকে ভর্তি শুরু হবে।খরচ কতএখানে পড়া যায় স্বল্প খরচে। বারবার পরীক্ষা না থাকায় তেমন কোনো খরচ নেই বললেই চলে। ১৯০০-২০০০ টাকায় এখানে ভর্তি হতে হয়।পড়াশোনা ও পরীক্ষাপদ্ধতিএখানে ভর্তির পর শিক্ষার্থীদের বই বিনা মূল্যে দেওয়া হয়। এখানে পাঠদান হয় সেমিস্টার-পদ্ধতিতে। প্রতি সেমিস্টারে (এসএসসিতে নবম ও দশম) পাঁচ-ছয়টা বই পড়ে বছর শেষে চূড়ান্ত পরীক্ষা দিতে হয়। এবং নবম ও দশম শ্রেণীর পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় গ্রেডে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুরে অবস্থিত হলেও সারা দেশের ১২টি বড় শহরে এর ১২টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। ইচ্ছে করলে আপনি এখান থেকে জেনে নিতে পারেন বিস্তারিত তথ্য। যোগাযোগঢাকা আঞ্চলিক কেন্দ্র: ৪/ক গভ. ল্যাবরেটরি স্কুল রোড, ধানমন্ডি, ঢাকা, ফোন: ৯৬৭৩৬৬৯। চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র: সিআরবি রোড, স্টেডিয়াম-সংলগ্ন, চট্টগ্রাম, ফোন: ০৩১/৬১৯৬৩৩। সিলেট আঞ্চলিক কেন্দ্র: পিরিজপুর, দক্ষিণ সুরমা, সিলেট, ফোন: ০৮২১/৭১৯৫২৩। বরিশাল আঞ্চলিক কেন্দ্র: হাউজিং এস্টেট, রূপাতলী, বরিশাল, ফোন: ০৪৩১/২১৭৬২৮২। খুলনা আঞ্চলিক কেন্দ্র: রৌশনীবাগ (খুলনা বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে), খুলনা, ফোন: ০৪১/৭৩১৭৯৫। রংপুর আঞ্চলিক কেন্দ্র: আর কে রোড, রংপুর, ফোন: ০৫২১/৬৩৫৯৩। রাজশাহী আঞ্চলিক কেন্দ্র: নওহাটা, পবা, রাজশাহী, ফোন: ০৭২১/৮০০০০৮। যশোর আঞ্চলিক কেন্দ্র: উপশহর, (বিআরটিসি বাসস্ট্যান্ডের কাছে), যশোর, ফোন: ০৪২১/৬৮৫২৬। ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র: মাসকান্দা, ময়মনসিংহ, ফোন: ০৯১/৬৫২৯৮। বগুড়া আঞ্চলিক কেন্দ্র: বিশ্বরোড, বনানী, বগুড়া, ফোন: ০৫১/৬২৭৯৪। ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র: হাড়োকান্দি (নদী গবেষণার বিপরীতে), ফরিদপুর, ফোন: ০৬৩১/৬২০৮১। কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র: ঢাকা-চট্টগ্রাম ট্রাংক রোড, নোয়াপাড়া, দুর্গাপুর, কুমিল্লা। ফোন: ০৮১/৭৭৫৫৭।২০১০ সালের ভর্তির জন্য ইতিমধ্যে ফরম বিতরণ শুরু হয়েছে; চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। ২৮ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সময়ে ফরম যাচাই-বাছাই শেষে ১৩ মে থেকে ভর্তি শুরু হবে।